ইরানের নতুন শীর্ষ সামরিক কমান্ডারকে হত্যার দাবি ইসরায়েলের
গত সপ্তাহে ইরানের খাতাম আল-আনবিয়া সদরদপ্তরের কমান্ডার গোলাম আলি রশিদ ইসরায়েলের হামলায় নিহত হওয়ার পর আলি শামদানিকে এপদে নিয়োগ করা হয়েছিল।
ইরানের যুদ্ধকালীন চিফ অব স্টাফ এবং সবচেয়ে ঊর্ধ্বতন সামরিক কমান্ডার মেজর জেনারেল আলি শাদমানিকে হত্যার দাবি করেছে ইসরায়েলি সেনাবাহিনী।
গত সপ্তাহে ইরানের খাতাম আল-আনবিয়া সদরদপ্তরের কমান্ডার মেজর জেনারেল গোলাম আলি রশিদ ইসরায়েলের হামলায় নিহত হওয়ার পর আলি শামদানিকে এই পদে নিয়োগ করা হয়েছিল।
খাতাম আল–আনবিয়া ইরানের রেভল্যুশনারি গার্ডের নির্মাণ ও প্রকৌশল শাখা। এর অধীনে রেভল্যুশনারি গার্ড এবং নিয়মিত ইরানি সেনাবাহিনী উভয়ই যৌথভাবে সামরিক অভিযান পরিকল্পনা করে থাকে।
খাতাম আল–আনবিয়া সদরদপ্তরের দায়িত্ব নেওয়ার মাত্র চারদিনের মাথায় ইসরায়েলের বিমান হামলায় শামদানি নিহত হওয়ার খবর এল।
মঙ্গলবার সকালে শামদানি নিহত হওয়ার খবর জানিয়েছে ইসরায়েলের প্রতিরক্ষাবাহিনী আইডিএফ। তবে এ বিষয়ে এখন পর্যন্ত ইরানের পক্ষ থেকে কোনও বিবৃতি দেওয়া হয়নি।
আইডিএফ-এর দাবি, ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খামেনির অত্যন্ত ঘনিষ্ঠ ছিলেন শাদমানি।
ইসরায়েলের সেনাবাহিনীর বিবৃতিতে বলা হয়েছে, ‘‘সোমবার গভীর রাতে তেহরানে ইরানের সামরিক বাহিনীর সদরদপ্তরে হামলা চালিয়েছিল ইসরায়েলের বিমান বাহিনী। তাতেই মৃত্যু হয় ইরানের নবনিযুক্ত ওই যুদ্ধকালীন চিফ অব স্টাফ শাদমানির।’’
