২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বিশ্বজুড়ে ইরানের বিরুদ্ধে বিক্ষোভে যোগ দিয়েছে শত-সহস্র মানুষ

ইরানের প্রবাসী বিরোধীদলীয় নেতা রেজা পাহলভির ডাকে জার্মানির মিউনিখ, যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেস এবং কানাডার টরেন্টোতে সবচেয়ে বড় বিক্ষোভ হয়েছে।

বিশ্বজুড়ে ইরানের বিরুদ্ধে বিক্ষোভে যোগ দিয়েছে শত-সহস্র মানুষ
রেজা পাহলভি। ছবি:রয়টার্স

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Feb 2026, 09:48 PM

Updated : 26 Aug 2026, 02:57 PM

বিশ্ব জুড়ে ইরান সরকারের বিরুদ্ধে অংশ নিয়েছে শত-সহস্র মানুষ। শনিবার ইরানের প্রবাসী বিরোধীদলীয় নেতা রেজা পাহলভির ডাকে মানুষ এই বিক্ষোভে নামে।

জার্মানির মিউনিখে আনুমানিক ২ লাখ ৫০ হাজার মানুষের সামনে বক্তব্যে ইরান সরকারকে ক্ষমতাচ্যুত করার আহ্বান জানানো পাহলভি দেশের সাম্প্রতিক বিক্ষোভ দমনাভিযানের নিন্দা জানান।

তার ‘গ্লোবাল ডে অব অ্যাকশন’ এর ডাকে জার্মানির মিউনিখ, যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেস এবং কানাডার টরেন্টোতে সবচেয়ে বড় বিক্ষোভ হয়েছে। 

এছাড়া, ইসরায়েলের তেল আবিব, পর্তুগালের লিসবন, অস্ট্রেলিয়ার সিডনি এবং যুক্তরাজ্যের লন্ডনে ছোট ছোট বিক্ষোভ হয়েছে।

টরেন্টোর বিক্ষোভে অংশ নেয় আনুমানিক ৩ লাখ ৫০ হাজার মানুষ। বিক্ষোভে অংশগ্রহণকারীরা বিবিসি পারসিয়ানকে বলেন, তারা ইরানের ভেতরে তাদের পরিবার ও বন্ধু-বান্ধবের পক্ষ থেকে আওয়াজ তুলতে বিক্ষোভে যোগ দিয়েছেন।

লস অ্যাঞ্জেলেসের বিক্ষোভ-সমাবেশে সমবেত মানুষের উদ্দেশে ভাষণ দেন পাহলভির মেয়ে নূর পাহলভি। তিনি বলেন, “ইরানিরা কখনওই তাদেরকে ইসলামিক শাসকগোষ্ঠী থেকে নিজেদের মুক্ত করতে এতটা কাছে আসেনি।”

গত ২৮ ডিসেম্বর, রাজধানী তেহরানের কয়েকটি বাজারে অর্থনৈতিক সঙ্কটের জেরে ছোট ছোট বিক্ষোভ থেকেই ইরানে বিক্ষোভের শুরু। পরে তা ছড়িয়ে পড়ে। মূল্যবৃদ্ধি, তীব্র মুদ্রাস্ফীতি, রিয়ালের দরপতন- সব মিলিয়ে ক্ষুব্ধ তরুণ জনগোষ্ঠী ও সাধারণ মানুষ রাস্তায় নামতে থাকে লাগাতার।

গত বৃহস্পতিবার থেকে পরিস্থিতির আরও অবনতি হয়। ইরানের নির্বাসিত শেষ শাহ এর ছেলে রেজা পাহলভির সরকারের বিরুদ্ধে আরও জোরালো প্রতিবাদের ডাকের পরই রাস্তা জনসমুদ্রে পরিণত হয়। 

আন্তর্জাতিক সংবাদমাধ্যমে বহু মানুষের মৃত্যুর খবরও আসে। ইরানের বিক্ষোভে যোগ দেওয়ার পর দমনপীড়নে ৬ হাজারের বেশি মানুষ মারা গেছে বলে ধারণা করা হয়।

ইরানের ক্ষমতাচ্যুত শেষ শাহের ছেলে রেজা পাহলভি শনিবার রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, ইরানের সরকার পতনের দ্বারপ্রান্তে আছে আর এ সময় হামলা চালালে তারা আরও দুর্বল হয়ে পড়বে অথবা তাদের পতন ত্বরান্বিত হবে।

মিউনিখ নিরাপত্তা সম্মেলনের ফাঁকে তিনি এ সাক্ষাৎকার দেন। যুক্তরাষ্ট্রে প্রবাসী রেজা বলেন, “এটি সময়ের ব্যাপার। আমরা আশা করছি যে এই আক্রমণ প্রক্রিয়াটিকে তরান্বিত করবে এবং জনগণ অবশেষে রাস্তায় ফিরে আসতে পারবে আর এটি শাসনের চূড়ান্ত পতনের পথে নিয়ে যাবে।”

১৯৭৯ সালে ইসলামিক বিপ্লবে তার বাবার পতন হওয়ার আগে থেকে রেজা ইরানের বাইরে বসবাস করে আসছেন।

তিনি বলেন, “জনগণ আশা করছে, এক পর্যায়ে সিদ্ধান্ত নেওয়া হবে যে কোনো লাভ নেই, কোনো অর্থ নেই, (ইরানের সঙ্গে) আলোচনা করে আমরা কোথাও পৌঁছতে পারবো না। এর ফলে, তখন যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপের সময় হবে আর জনগণের পাশে থাকার জন্য প্রেসিডেন্ট ট্রাম্প যা করার প্রতিশ্রুতি দিয়েছিলেন তা করবেন। হস্তক্ষেপ জীবন বাঁচানোর একটি পথ।”