২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মামদানির জয়ে ‘আমেরিকা খানিকটা সার্বভৌমত্ব হারিয়েছে’, বললেন ট্রাম্প

‘কমিউনিস্ট’ মামদানির কারণে নিউ ইয়র্কবাসীরা ফ্লোরিডায় পালাতে বাধ্য হবে, বলেছেন তিনি।

মামদানির জয়ে ‘আমেরিকা খানিকটা সার্বভৌমত্ব হারিয়েছে’, বললেন ট্রাম্প
মেয়র নির্বাচনের দিন নিউ ইয়র্কের এক সড়কে জোহরান মামদানির পক্ষে বার্তা। ফাইল ছবি। ছবি: রয়টার্স

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Nov 2025, 05:07 PM

Updated : 26 Aug 2026, 02:36 PM

নিউ ইয়র্কের মেয়র নির্বাচনে গণতান্ত্রিক সমাজতন্ত্রী জোহরান মামদানির জয়ের পর মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প বলেছেন, আমেরিকা ‘তার সার্বভৌমত্বের খানিকটা হারিয়েছে’।

‘কমিউনিস্ট’ মামদানির জয় নিউ ইয়র্ককে কমিউনিস্ট দেশ কিউবা কিংবা সোশালিস্ট দেশ ভেনেজুয়েলার মতো অবস্থায় ফেলবে, তেমন ক্ষেত্রে নিউ ইয়র্কবাসীরা ফ্লোরিডায় পালাতে বাধ্য হবে বলেও তার মত। 

“২০২৪ সালের ৫ নভেম্বর আমেরিকার জনগণ তাদের সরকার পেয়েছিল। আমরা সার্বভৌমত্ব পুনঃপ্রতিষ্ঠা করেছিলাম। সেই সার্বভৌমত্বের কিছুটা আমরা গত রাতে নিউ ইয়র্কে হারিয়েছি, কিন্তু আমরা সামলে নেব,” মিয়ামিতে আমেরিকা বিজনেস ফোরামে দেওয়া বক্তৃতায় মার্কিন প্রেসিডেন্ট এ কথা বলেন বলে জানিয়েছে এনডিটিভি।

ধনীদের ওপর কর বাড়িয়ে সরকার-পরিচালিত কর্মসূচিতে বরাদ্দ বৃদ্ধির অঙ্গীকার করে নিউ ইয়র্কের মেয়রের সরকারি বাসভবন গ্রেসি ম্যানশনের বাসিন্দা হওয়ার দৌড়ে জিতেছেন ৩৪ বছর বয়সী মামদানি। 

নিউ ইয়র্কের জন্য মামদানির যে স্বপ্ন তা মূলত তার দল ডেমোক্র্যাট পার্টির যুক্তরাষ্ট্রকেন্দ্রিক স্বপ্নেরই প্রতিফলন, বলেছেন ট্রাম্প।  

“কংগ্রেসের ডেমোক্র্যাটরা আমেরিকাকে কী বানাতে চায়, তা যদি দেখতে চান, তাহলে গত রাতে নিউ ইয়র্কে নির্বাচনের ফল দেখুন, যেখানে তাদের পার্টি দেশের সবচেয়ে বড় শহরের মেয়র হিসেবে একজন কমিউনিস্টকে বসিয়েছে।

“যেমনটা আমি বহু বছর ধরে সতর্ক করছি, আমাদের বিরোধীরা আমেরিকাকে কমিউনিস্ট কিউবা, বা সোশালিস্ট ভেনেজুয়েলা বানাতে উঠেপড়ে লেগেছে। ওই দেশগুলোর কী অবস্থা আপনারা তো দেখছেনই,” বলেন এ রিপাবলিকান। 

তিনি হুঁশিয়ার করে বলেন, যখন মামদানির শাসনে নিউ ইয়র্ক ‘কমিউনিস্ট’ শহরে পরিণত হবে, নিউ ইয়র্কবাসীরা তখন ফ্লোরিডায় পালাতে বাধ্য হবে।  

“এখন ডেমোক্র্যাটরা এতটাই উগ্র যে মিয়ামি খুব দ্রুতই নিউ ইয়র্ক সিটির কমিউনিজম থেকে পালানোদের আশ্রয়স্থলে পরিণত হবে। তারা পালাবে। আপনি কোথায় থাকেন? নিউ ইয়র্ক সিটি, কিন্তু আমি সেখান থেকে বের হতে চাই কারণ আমি কমিউনিস্ট শাসনে বাস করতে চাই না,” বলেন মার্কিন প্রেসিডেন্ট।

বক্তৃতায় নিউ ইয়র্কের দীর্ঘকালের বাসিন্দা ট্রাম্প শহরটির সাবেক ডেমোক্র্যাট মেয়র বিল দে ব্লাসিওকেও একহাত নিয়েছেন।  

“যখন আমি হোয়াইট হাউসের জন্য নিউ ইয়র্ক ছাড়ি, সব ঠিকঠাকই ছিল, কিন্তু সমস্যার সূত্রপাত দেখা যাচ্ছিল। কারণ তখন আমাদের ছিল একজন, যার নাম দে ব্লাসিও। তিনি সম্ভবত সবচেয়ে বাজে মেয়র হিসেবে ইতিহাসে নাম লেখাবেন,” বলেছেন তিনি। 

পরে ফক্স নিউজকে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প নির্বাচনের রাতে মামদানির বিজয় ভাষণকে ‘খুবই ক্রুদ্ধ ভাষণ’ অভিহিত করেছেন। বলেছেন, তার (মামদানি) শুরুটা খুবই খারাপ হল এবং তিনি যদি ওয়াশিংটনের প্রতি শ্রদ্ধাশীল না হন, তাহলে তার সফল হওয়ার কোনো সম্ভাবনাই থাকবে না। 

“হ্যাঁ, আমার মনে হয় এটি ছিল খুবই ক্রুদ্ধ বক্তৃতা, অবশ্যই আমার প্রতি রাগ থেকে দেওয়া হয়েছে। কিন্তু আমার মনে হয় তার আমার প্রতি সদয় হওয়া উচিত। আপনারা জানেন, তার দিকে যাওয়া অনেক কিছুতে মূলত আমাকেই অনুমোদন দিতে হবে। সে হিসাবে এটা বেশ বাজে শুরু হল তার জন্য,” বলেছেন তিনি।