২০ সেপ্টেম্বর ২০২৬, ০৫ আশ্বিন ১৪৩৩

গুরুদুয়ারায় পবিত্র গ্রন্থের অবমাননার অভিযোগে পিটিয়ে হত্যা

নিহত বখশীশের বাবা লখবিন্দের সিং দাবি করেছেন, তার ছেলে বুদ্ধি প্রতিবন্ধী ছিলেন আর ২ বছরে ধরে তার চিকিৎসা চলছিল।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Feb 2025, 07:52 PM

Updated : 26 Aug 2026, 09:32 AM

ভারতের পাঞ্জাবে শিখদের পবিত্র গ্রন্থ ‘গুরু গ্রন্থ সাহেব’ অবমাননার অভিযোগে এক তরুণকে পিটিয়ে মেরে ফেলা হয়েছে। 

ঘটনাটি ঘটেছে শনিবার রাজ্যটির ফিরোজপুরের একটি গুরুদুয়ারায়।

ফিরোজপুরের ডিএসপি সুখবিন্দর সিং জানিয়েছেন, বান্দালা গ্রামের বাবা বীর সিং গুরুদুয়ারায় কথিত ওই অবমাননার ঘটনাটি ঘটেছে। বখশীশ সিং (১৯) নামের এক তরুণ এই গুরুদুয়ারায় গুরু গ্রন্থ সাহেবের কিছু পাতা ছিঁড়ে ফেলে বলে অভিযোগ। এরপর একদল বিক্ষুব্ধ জনতা তাকে ধরে মারধর করে।

জানা গেছে, পাতা ছেঁড়ার পর বখশীশ দৌঁড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করেছিলেন, কিন্তু স্থানীয়রা তাকে ধরে ফেলে। গ্রন্থ সাহেবের পাতা ছেঁড়ার কথা ছড়িয়ে পড়ার পর গ্রামবাসীরা ওই গুরুদুয়ারায় হাজির হয়ে বখশীশকে পিটুনি দেয়।

এনডিটিভি ঘটনাস্থল থেকে পাওয়া একটি ভিডিওর বরাত দিয়ে জানিয়েছে, তাতে দেখা গেছে একদল লোক রক্তাক্ত অবস্থায় বসে থাকা বখশীশকে ঘিরে আছে আর তার হাত বাঁধা।

পরে পুলিশ তাকে উদ্ধার করে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যায়, কিন্তু তার মধ্যেই বখশীশের মৃত্যু হয়।

কথিত অবমাননার ঘটনায় পুলিশ একটি মামলা দায়ের করেছে। ডিএসপি সিং জানিয়েছেন, পরিস্থিতি এখন তাদের নিয়ন্ত্রণে আছে।

নিহত বখশীশের বাবা লখবিন্দের সিং দাবি করেছেন, তার ছেলে বুদ্ধি প্রতিবন্ধী ছিলেন আর দুই বছরে ধরে তার চিকিৎসা চলছিল, যারা তার ছেলেকে হত্যা করেছে তাদের বিরুদ্ধে মামলা করার জন্য পুলিশের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।

স্থানীয়রা জানিয়েছেন, এ দিনের আগে বখশীশ আরও কখনও ওই গুরুদুয়ারায় যায়নি।