২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইসরায়েলে সিনাগগে হামলার ঘটনায় গ্রেপ্তার ৪২

সিনাগগে হামলার পরদিন পৃথক আরেকটি হামলার ঘটনায় ১৩ বছরের এক ফিলিস্তিনি কিশোরকে আটক করা হয়েছে।

ইসরায়েলে সিনাগগে হামলার ঘটনায় গ্রেপ্তার ৪২

পরপর দুইদিন হামলার পর অধিকৃত পশ্চিম তীরে সেনা মোতায়েন বাড়িয়ে নিরাপত্তা জোরদার করেছে ইসরায়েল।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jan 2023, 07:57 PM

Updated : 28 Jan 2023, 07:56 PM

পূর্ব জেরুজালেমে ইহুদীদের এক সিনাগগে বন্দুক হামলার ঘটনায় জড়িত সন্দেহে ৪২ জন গ্রেপ্তার করেছে ইসরায়েল পুলিশ।

শুক্রবারের ওই হামলায় সাতজন নিহত এবং আরো অন্তত তিনজন আহত হয়েছেন। গত কয়েক বছরের মধ্যে দেশটিতে এটি সবচেয়ে প্রাণঘাতী হামলার ঘটনা। এটিকে ‘সন্ত্রাসী হামলা’ বলে বর্ণনা করেছে পুলিশ।

এদিকে, শনিবার ওল্ড সিটির উপকণ্ঠে সিলওয়ানে অন্য একটি ‘সন্ত্রাসী হামলায়’ দুই ব্যক্তি গুরুতর আহত হয়েছেন বলে ইসরায়েলি পুলিশের বরাত দিয়ে জানায় বিবিসি।

শনিবারের ওই হামলায় জড়িত সন্দেহে ১৩ বছরের এক ফিলিস্তিনি কিশোরকে আটক করা হয়েছে।

পাঁচজন ইহুদি ধর্মানুরাগী প্রার্থনার জন্য সিনাগগ যাওয়ার পথে ওই কিশোর তাদের লক্ষ্য করে গুলি চালালে এক বাবা ও তার ছেলে গুরুতর আহত হন। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এদিকে, শুক্রবার সিনাগগে যিনি হামলা চালিয়েছেন স্থানীয় সংবাদমাধ্যমে তার পরিচয় প্রকাশ করা হয়েছে।

শুক্রবার ছিল আন্তর্জাতিক হলোকাস্ট স্মরণ দিবস। এদিন সাবাথের প্রার্থনায় যোগ দেওয়ার জন্য ইহুদি ধর্মানুরাগীরা সিনাগগটিতে উপস্থিত হয়েছিলেন। রাত প্রায় সোয়া ৮টার দিকে ধর্মানুরাগীরা যখন সিনাগগটি থেকে বেরিয়ে আসছিলেন তখন এক বন্দুকধারী সেখানে উপস্থিত হয়ে গুলিবর্ষণ শুরু করে। পরে পুলিশ ওই ব্যক্তিকে গুলি করে।

সাদা রঙের একটি গাড়ি পরীক্ষা করে দেখছেন তদন্ত কর্মকর্তারা। বন্দুকধারী ওই গাড়ি চালিয়ে সেখানে গিয়েছিলেন।

এ হামলার দায় এখনো কেউ স্বীকার করেনি। ফিলিস্তিনের অস্ত্রধারী দলগুলো হামলার প্রশংসা করলেও দায় স্বীকার করেনি।

পশ্চিম তীর ও গাজা উপত্যকার ফিলিস্তিনিরা আনন্দ মিছিল এবং মিষ্টি বিতরণ করে ওই হামলার ঘটনা উদযাপন করেছেন।

পূর্ব জেরুজালেমে হামলার পর অধিকৃত পশ্চিম তীরে সেনা মোতায়েন বাড়ানোর কথা জানিয়েছেন ইসরায়েলি সেনাবাহিনীর এক মুখপাত্র।

গত বৃহস্পতিবার অধিকৃত পশ্চিম তীরের জেনিনে ইসরায়েলের সেনাবাহিনীর অভিযানে নয় ফিলিস্তিনি নিহত হওয়ার পর থেকে ওই অঞ্চলে পুনরায় উত্তেজনা দেখা দিয়েছে।

তার আগে গাজা থেকে ইসরায়েলে রকেট নিক্ষেপ করা হয়। বিমান হামলা চালিয়ে যার জবাব দেয় ইসলায়েল।

ইসরায়েল ও অধিকৃত ফিলিস্তিনের ভূখণ্ডের বর্তমান উত্তেজক পরিস্থিতি নিয়ে জাতিসংঘের মহাসচিব অ্যান্টনিও গুতেরেস ‘গভীর উদ্বেগ’ প্রকাশ করেছেন।

১৯৬৭  সালে মধ্যপ্রাচ্য যুদ্ধের সময় ইসরায়েল পূর্ব জেরুজালেম দখল করে এবং পুরো জেরুজালেমকে তারা নিজেদের রাজধানী বলে বিবেচনা করে।

যদিও আন্তর্জাতিক সম্প্রদায়ের বেশিরভাগই ইসরায়েলের ওই দাবিতে স্বীকৃতি দেয়নি।

ফিলিস্তিনিরা পূর্ব জেরুজালেমকে তাদের ভবিষ্যৎ রাষ্ট্রের রাজধানী দাবি করে।

পুরনো খবর:

জেরুজালেমে সিনাগগে বন্দুক হামলায় নিহত ৭