২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ভারতে মোদীর বিজেপি’কে টেক্কা দিতে ২৬ দলের জোট, শুরুতেই নামে চমক

ভারতে আগামী বছরের নির্বাচনে ভারতীয় জনতা পার্টিকে টেক্কা দিতে বিরোধীদলগুলোর এই জোটের নাম দেওয়া হয়েছে ‘ইন্ডিয়া’।

ভারতে মোদীর বিজেপি’কে টেক্কা দিতে ২৬ দলের জোট, শুরুতেই নামে চমক

ছবি: রয়টার্স।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jul 2023, 09:03 PM

Updated : 19 Jul 2023, 01:02 AM

ভারতে আগামী বছরের জাতীয় নির্বাচনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দল ভারতীয় জনতা পার্টিকে (বিজেপি) টেক্কা দিতে এবার দেশটির ২৬টি বিরোধীদলের নেতারা মিলে একটি জোট গঠন করেছেন।

বিরোধী জোট ক্রমশই জমাট বাঁধছিল। অবশেষে মঙ্গলবার বেঙ্গালুরুতে ২৬টি দল একজোট হয়। এর মধ্যে ছিল প্রধান বিরোধীদল কংগ্রেসও। সেখানেই বিজেপি-বিরোধী এ জোটের নাম নির্ধারণ করা হয়। নাম দেওয়া হয় আইএনডিআইএ। একসঙ্গে করলে দাঁড়ায় ‘ইন্ডিয়া’। 

তবে এই ইন্ডিয়া দেশের নামে নয়। এটি হচ্ছে, ইন্ডিয়ান ন্যাশনাল ডেভেলপমেন্টাল ইনক্লুসিভ অ্যালায়েন্স- আইএনডিআইএ। যাকে সংক্ষেপে বলা হচ্ছে ইন্ডিয়া। ইউনাইটেড প্রগ্রেসিভ অ্যালায়েন্স (ইউপিএ) বদলে গিয়ে হল এই নতুন নাম।

ভারতে কেন্দ্রের শাসক দল বিজেপি’র নেতৃত্বাধীন জোটকে বলা হয় এনডিএ। আর বিরোধী শক্তিগুলির জোটের নাম ছিল ইউপিএ। নতুন জোটকে আর ইউপিএ বলা হবে না।

বিবিসি জানায়, আইএনডিআইএ-র পরবর্তী বৈঠক হবে ভারতের বাণিজ্য নগরী মুম্বাইয়ে। সেটি হবে তাদের তৃতীয় সভা।

দক্ষিণের কর্ণাটক রাজ্যের ব্যাঙ্গালুরুতে মঙ্গলবারের সভায় বিরোধীদলের শীর্ষ নেতাদের মধ্যে ভারতের প্রধান বিরোধীদল কংগ্রেসের নেতা সোনিয়া গান্ধী উপস্থিত ছিলেন।

দুই দিনের ওই সভায় আসন বণ্টন, কোন দল কতগুলো আসনে প্রতিদ্বন্দ্বিতা করবে তা-সহ নির্বাচনের সাধারণ কিন্তু গুরুত্বপূর্ণ কিছু বিষয় নিয়ে আলোচনা হয়।

সভা শেষে এক সংবাদ সম্মেলনে কংগ্রেস প্রধান মল্লিকার্জুন খাড়গে বলেন, ‘‘গণতন্ত্রকে বাঁচাতে আমরা আমাদের রাজনৈতিক মতভেদগুলোকে একপাশে সরিয়ে রেখেছি।”

ভারতের প্রধান বিরোধীদলগুলোর প্রায় সবাই এই জোটের অংশীদার হয়েছে। তারপরও নির্বাচনে মোদীর ভারতীয় জনতা পার্টিকে (বিজেপি) হারানো এক কথায় বলতে গেলে ভয়ঙ্কর এক চ্যালেঞ্জ।

কারণ, ২০১৯ সালে ভারতের সর্বশেষ জাতীয় নির্বাচনে লোক সভার ৫৪৩ আসনের মধ্যে ৩০০’র বেশি আসনে জয়লাভ করেছে বিজেপি।

এমনকী সম্প্রতি হওয়া কয়েকটি রাজ্যের বিধানসভা নির্বাচনেও বিজেপি’র ফল একেবারে খারাপ নয়। ভারতের ২৮টি রাজ্য এবং আটটি কেন্দ্রশাসিত অঞ্চলের মধ্যে প্রায় ১৫টিতে এখনো বিজেপি একাই বা জোট গঠন করে ক্ষমতায় রয়েছে।

শুধু তাই নয়, বরং বিজেপি ভারতের সবচেয়ে ধনী রাজনৈতিক দল। ২০২১-২২ অর্থ বছরে দলটির ঘোষিত আয় ১৯ দশমিক ১৭ বিলিয়ন রুপি।

জাতীয় নির্বাচনে বিজেপির সবচেয়ে বড় শক্তি দেশজুড়ে প্রধানমন্ত্রী মোদীর ব্যাপক জনপ্রিয়তা।

এমনকী রাজ্য নির্বচানে অন্য দলকে ভোট দেওয়া ব্যক্তিরা জাতীয় নির্বাচনে শুধুমাত্র মোদীকে পছন্দ করেন বলে বিজেপিতে ভোট দেন। অন্যদিকে, নির্বাচনের আগের বছরে বিরোধীদলগুলোকে নিজ নিজ সংকট সামলাতেই হিমশিম খেতে হচ্ছে।

কংগ্রেস পার্টির নেতা রাহুল গান্ধী গত মার্চে এমপি হিসেবে আদালতে অযোগ্য ঘোষিত হয়েছেন। মানহানির একটি মামলায় আদালত তাকে দোষীসাব্যস্ত করে কারাদণ্ড দিয়েছে।

২০১৯ সালের নির্বাচনী প্রচারের সময় নামের শেষে মোদী পদবি নিয়ে অবমাননাকর মন্তব্য করায় তার বিরুদ্ধে মামলা হয়।

কারাদণ্ডের সাজার উপর স্থগিতাদেশ চেয়ে রাহুল ভারতের সুপ্রিম কোর্টের দ্বারস্ত হয়েছেন। আগামী শুক্রবার তার ওই আবেদনের উপর সুপ্রিম কোর্টে শুনানি হওয়ার কথা রয়েছে।

সুপ্রিম কোর্টে সাজা বহাল থাকলে সংবিধান অনুযায়ী আগামী নির্বাচনে অংশ নিতে পারবেন না এই কংগ্রেস নেতা। রাজনৈতিক মতভেদের কারণে জোটের অংশীদার অনেক দলের মধ্যে রাজ্য পর্যায়ের রাজনীতিতে বিরোধ রয়েছে।

তবে বিশ্লেষকরা বলছেন, নিজেদের মধ্যে বিরোধ থাকলেও মূলত বিজেপি বিরোধী দৃঢ় মনোভাব এইসব দলকে এক ছাতার নিচে নিয়ে এসেছে।

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সংবাদ সম্মেলনে বলেন, তাদের সভা ‘গঠনমূলক’ এবং ‘ফলপ্রসূ’ ছিলো। তিনি প্রশ্ন ছুড়ে দিয়ে বলেন, ‘‘বিজেপি, আপনারা কী আইএনডিআইএ (ইন্ডিয়া) কে চ্যালেঞ্জ জানাতে পারবেন?”

স্থানীয় কয়েকটি সংবাদমাধ্যম সোনিয়া গান্ধী বিরোধী এ জোটের সভাপতি হতে পারেন বলে ধারণা প্রকাশ করেছে। কিন্তু এ বিষয়ে নিশ্চিত করে এখনও কিছু জানানো হয়নি।

ওদিকে, বিজেপি নেতৃত্বাধীন ৩৮ দলের জোট ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স-এনডিএ এর সভাও মঙ্গলবার রাজধানী দিল্লিতে হওয়ার কথা রয়েছে।

বিজেপি প্রেসিডেন্ট জেপি নাড্ডা সোমবার বিরোধীজোটের সভা নিয়ে সমালোচনা করে বলেছিলেন, তারা ‘স্বার্থপরতার রাজনীতির ভিত্তির উপর’ প্রতিষ্ঠিত।