লেবাননের বালবেকে ইসরায়েলি হামলায় নিহত ৪
হিজবুল্লাহ ইসরায়েল লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন ছোড়ার পর থেকে লেবানন-ইসরায়েল সীমান্তে লড়াই তীব্র হয়ে উঠেছে।
লেবাননের পূর্বাঞ্চলীয় শহর বালবেকের চারতলা একটি আবাসিক ভবনে ইসরায়েলি বিমান হামলায় অন্তত চারজন নিহত এবং ছয়জন আহত হয়েছেন।
উদ্ধারকারী দলগুলো ধ্বংসস্তূপের মধ্যে আটকা পড়া পরিবারগুলোকে বের করে আনতে কাজ করছে বলে স্থানীয় সংবাদ সংস্থা এনএনএ বুধবার জানিয়েছে।
সোমবার লেবাননের ইরান সমর্থিত শিয়া সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ ইসরায়েল লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন ছোড়ার পর থেকে লেবানন-ইসরায়েল সীমান্তে লড়াই তীব্র হয়ে উঠেছে। তারপর থেকে হিজবুল্লাহ আরও রকেট ছুড়েছে আর ইসরায়েল লেবাননজুড়ে একাধিক বিমান হামলা চালিয়েছে এবং দেশটির দক্ষিণাঞ্চলে সেনা মোতায়েন করেছে, জানিয়েছে রয়টার্স।
ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি) ১৯৮২ সালে হিজবুল্লাহ প্রতিষ্ঠা করে। শনিবার যুক্তরাষ্ট্র, ইসরায়েলের যৌথ হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি নিহত হওয়ার পর এর প্রতিশোধ নিতে ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা চালায় হিজবুল্লাহ।
বুধবার হিজবুল্লাহ জানিয়েছে, তাদের যোদ্ধারা লেবাননের সীমান্তবর্তী ইসরায়েলি শহর মেটুলার কাছে ইসরায়েলি বাহিনীকে লক্ষ্য করে এক দফা রকেট হামলা চালিয়েছে। তাদের দাবি, লেবাননের বিভিন্ন শহর, বিশেষ করে বৈরুতের দক্ষিণ শহরতলীতে আক্রমণের প্রতিক্রিয়ায় এ হামলা চালানো হয়েছে।
বুধবার ইসরায়েলের সামরিক বাহিনী লেবাননের ১৬টি গ্রামের বাসিন্দাদের ঘরবাড়ি ছেড়ে সরে যেতে বলেছে আর হিজবুল্লাহর যোদ্ধা, স্থাপনা অথবা সমরাস্ত্রের কাছাকাছি থাকা লোকজনকে ‘তারা তাদের জীবনকে ঝুঁকির মুখে ফেলছে’ বলে সতর্ক করেছে। হিজবুল্লাহর কার্যকলাপ গোষ্ঠীটির বিরুদ্ধে তাদের পদক্ষেপ নিতে বাধ্য করছে বলে দাবি ইসরায়েলি বাহিনীর।
এনএনএ জানিয়েছে, বুধবার ভোররাতে লেবাননের পূর্বাঞ্চলে একটি হোটেল ও একটি অ্যাপার্টমেন্টসহ বেশ কয়েকটি স্থানে হামলা চালিয়েছে ইসরায়েল।
লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় মঙ্গলবার জানিয়েছিল, সর্বশেষ সংঘাত শুরু হওয়ার পর থেকে অন্তত ৫০ জন নিহত এবং ৩৩৫ জন আহত হয়েছেন।
