২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

গাজায় গ্রিক অর্থোডক্স গির্জায় ইসরায়েলি বিমান হামলা, নিহত ১৮

ফিলিস্তিনি কর্মকর্তারা বলেছেন, অন্তত ৫শ’ মুসলিম এবং খ্রিস্টান ইসরায়েলের বোমা হামলা থেকে বাঁচতে গির্জাটিতে আশ্রয় নিয়েছিল।

গাজায় গ্রিক অর্থোডক্স গির্জায় ইসরায়েলি বিমান হামলা, নিহত ১৮

ছবি: রয়টার্স।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Oct 2023, 06:50 PM

Updated : 20 Oct 2023, 06:50 PM

গাজায় শত শত বাস্তুচ্যুত ফিলিস্তিনি আশ্রয় নেওয়া একটি গ্রিক অর্থোডক্স গির্জায় গতরাতে ইসরায়েলি বিমান হামলা হওয়ার কথা জানিয়েছেন দ্য অর্থোডক্স প্যাট্রিয়ার্কেট অব জেরুজালেম কর্তৃপক্ষ ও ফিলিস্তিনি স্বাস্থ্য কর্মকর্তারা।

গাজার হামাস পরিচালিত সরকারি গণমাধ্যম জানায়, বিমান হামলায় ১৮ জন খ্রিস্টান ফিলিস্তিনি নিহত হয়েছে। তবে গির্জা থেকে মৃতের সংখ্যা সম্পর্কে কোনওকিছু জানানো হয়নি।

ইসরায়েলের সেনাবাহিনী বলেছে, গেরিলা কমান্ড সেন্টারে বিমান হামলায় গির্জার একটি অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে।

ফিলিস্তিনি কর্মকর্তারা বলেছেন, অন্তত ৫শ’ মুসলিম এবং খ্রিস্টান ইসরায়েলের বোমা হামলা থেকে বাঁচতে গির্জাটিতে আশ্রয় নিয়েছিল।

অর্থোডস্ক গির্জা এক বিবৃতিতে বলেছে, “দ্য অর্থোডক্স প্যাট্রিয়ার্কেট অব জেরুজালেম কর্তৃপক্ষ গাজায় গির্জা চত্বরে হামলার ঘটনার কঠোর নিন্দা জানিয়েছে।”

গির্জায় হামলাস্থলের ভিডিওতে দেখা গেছে, রাতে আহত একটি বালককে ধ্বংসস্তুপ থেকে বের করে নিয়ে আসা হচ্ছে। উদ্ধার কর্মীরা জানায়, উপরের তলায় ২ জন বেঁচে গেছে। আর নিচের তলায় যারা ছিল তারা মারা গেছে, নয়ত এখনও ধ্বংসস্তুপে চাপা পড়ে আছে।

গাজার ২৩ লাখ অধিবাসীর আনুমানিক ১ হাজার জনই খ্রিস্টান। তাদের বেশির ভাগই গ্রিক অর্থোডক্স। ইসরায়েলের সেনাবাহিনী বলছে, তারা গির্জার কাছের একটি কমান্ড ও কন্ট্রোল সেন্টারে বিমান হামলা চালিয়েছে। ওই সেন্টার থেকে ইসরায়েলে হামলা চালানো হত।

“কমান্ড সেন্টারটিতে আইডিএফ এর হামলার ফলে ওই এলাকায় অবস্থিত গির্জাটির একটি দেয়াল ক্ষতিগ্রস্ত হয়েছে। সেখানে হতাহতের ঘটনা সম্পর্কে আমরা অবগত। ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে,” বলেছে ইসরায়েলের সেনাবাহিনী।