২৭ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

শীর্ষ কমান্ডারের হত্যার বদলা নিতে ইসরায়েলে ব্যাপক রকেট হামলা হিজবুল্লাহর

হিজবুল্লাহ জানায়, তারা ইসরায়েলের ১১টি সামরিক ঘাঁটি ও ব্যারাক লক্ষ্য করে ৩২০টিরও বেশি কাতিউশা রকেট ছুড়েছে।

শীর্ষ কমান্ডারের হত্যার বদলা নিতে ইসরায়েলে ব্যাপক রকেট হামলা হিজবুল্লাহর
ছবি: রয়টার্স

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Aug 2024, 01:13 PM

Updated : 10 Sep 2026, 12:15 PM

লেবাননের রাজধানী বৈরুতে গত মাসে ইসরায়েলি হামলায় শীর্ষ কমান্ডার নিহত হওয়ার প্রতিশোধ নিতে ইসরায়েলে তিনশরও বেশি রকেট ও ড্রোন যোগে হামলা চালিয়েছে হিজবুল্লাহ। 

ইসরায়েলে রকেট ও ক্ষেপণাস্ত্র ছোড়ার প্রস্তুতি নিচ্ছে হিজবুল্লাহ, ইসরায়েলি সামরিক বাহিনীর এমন মূল্যায়নের ভিত্তিতে এর আগে দক্ষিণ লেবাননে হিজবুল্লাহর অবস্থানগুলো লক্ষ্য করে ব্যাপক বিমান হামলা চালায় ইসরায়েল। 

রোববার হিজবুল্লাহ জানায়, তারা ইসরায়েলের ১১টি সামরিক ঘাঁটি ও ব্যারাক লক্ষ্য করে ৩২০টিরও বেশি কাতিউশা রকেট ছুড়েছে, এর পাশাপাশি অনেকগুলো ড্রোন যোগেও হামলা চালিয়েছে। 

এর মাধ্যমে জুলাইয়ে বৈরুতে হিজবুল্লাহর জ্যেষ্ঠ কমান্ডার ফুয়াদ শুকর হত্যার প্রতিশোধমূলক হামলার ‘প্রথম পর্যায়’ সম্পন্ন হয়েছে বলে ইরান সমর্থিত গোষ্ঠীটি জানিয়েছে। ফুয়াদ হত্যার পূর্ণ জবাব দিতে ‘আরও কিছু সময়’ লাগতে পারে বলে জানিয়েছে তারা।  

রয়টার্স জানায়, ইসরায়েলের উত্তরাঞ্চলের বেশ কয়েকটি এলাকায় সতর্কতামূলক সাইরেন বেজে ওঠে ও এরপর অনেকগুলো বিস্ফোরণের শব্দ শোনা যায়। দক্ষিণ লেবানন থেকে ছুটে আসা রকেট ও ড্রোনগুলো ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম গুলি করে ভূপাতিত করে। 

ইসরায়েলের মেগান ডেভিড অ্যাডম অ্যাম্বুলেন্স পরিষেবা জানিয়েছে, পুরো দেশজুড়ে তারা অত্যন্ত সতর্কাবস্থায় আছেন।   

ইসরায়েলি গণমাধ্যম জানিয়েছে, হিজবুল্লাহর হামলার মধ্যে ধ্বংস হওয়া রকেটের ছিটকে পড়া টুকরার আঘাতে অন্তত এক ইসরায়েলি নারী আহত হয়েছেন।  

লেবাননের বার্তা সংস্থা এনএনএ জানিয়েছে, লেবাননের কাসিমিয়া শহরে ইসরায়েলি ড্রোন হামলায় এক ব্যক্তি গুরুতর আহত হয়েছেন আর পরে ইসরায়েলের বিমান হামলায় খিয়াম শহরে একজন নিহত হয়েছেন।  

রয়টার্স জানিয়েছে, জুলাইতে ইসরায়েল অধিকৃত গোলান মালভূমির এক ফুটবল মাঠে ক্ষেপণাস্ত্রের আঘাতে ১২ শিশু-কিশোর নিহত হয়। এর প্রতিক্রিয়ায় বৈরুতে হিজবুল্লাহর জ্যেষ্ঠ কমান্ডার ফুয়াদকে হত্যা করে ইসরায়েল। এরপর থেকেই দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি হামলা আরও বড় আকার ধারণ করবে বলে ধারণা করা হচ্ছিল।  

ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী ইসরায়েল কাটজ জানিয়েছেন, যে পরিস্থিতি উদ্ভব হবে ইসরায়েল তাতে প্রতিক্রিয়া জানাবে কিন্তু পুরো মাত্রার যুদ্ধে জড়াতে চায় না। দেশটির প্রতিরক্ষামন্ত্রী ইওভ গ্যালান্ট বলেছেন, নিজেকে রক্ষা করতে যা করা দরকার ইসরায়েল তার সবই করবে।  

ইসরায়েলের সামরিক বাহিনীর এক মুখপাত্র বলেছেন, ইসরায়েলের বিমান হামলা মূলত লেবাননের দক্ষিণাঞ্চলের লক্ষ্যস্থলগুলোতে সীমাবদ্ধ ছিল কিন্তু যেখান থেকেই হুমকি দেখা দেবে সেখানে আঘাত হানার জন্য সামরিক বাহিনী প্রস্তুত আছে। 

গ্যালান্ট ইসরায়েলজুড়ে ৪৮ ঘণ্টার জরুরি অবস্থা জারি করেছেন। ইসরায়েলের হামলা ও হিজবুল্লাহর পাল্টা হামলা চলাকালে তেল আবিবের বেন গুরিয়ন বিমানবন্দরের কার্যক্রম প্রায় ৯০ মিনিটের জন্য বন্ধ রাখা হয়। বিমানবন্দরটির কর্তৃপক্ষ বলেছে, রোববার স্থানীয় সময় সকাল ৭টা থেকে তাদের স্বাভাবিক কার্যক্রমণ শুরু হবে বলে আশা করছেন তারা।  

ইসরায়েলের সামরিক বাহিনী মধ্য ইসরায়েল থেকে শুরু করে উত্তরাঞ্চল পর্যন্ত বসবাসকারী বেসামরিকদের উদ্দেশে বিভিন্ন নির্দেশনা জারি করেছে। বাড়ি থেকে বের হলে দ্রুত বিমান হামলার আশ্রয়কেন্দ্রগুলো পৌঁছতে পারবে এমন পরিকল্পনা করে বের হতে বলা হয়েছে। 

আরও পড়ুন: 

লেবাননে হামলা চালাচ্ছে ইসরায়েলি জঙ্গি বিমান