২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইসরায়েলের স্পর্শকাতর পারমাণবিক তথ্য পাওয়ার দাবি ইরানের

এসব নথির মধ্যে কিছু তেহরানের প্রধান শত্রু ইসরায়েলের পারমাণবিক পরিকল্পনা ও স্থাপনা সংক্রান্ত বলে জানিয়েছে ইরানি গণমাধ্যম।

ইসরায়েলের স্পর্শকাতর পারমাণবিক তথ্য পাওয়ার দাবি ইরানের
গত বছর ইসরায়েলের পারমাণবিক গবেষণা কেন্দ্রে একটি হ্যাকিংয়ের ঘটনা ঘটেছিল। ছবি: জেরুজালেম পোস্ট

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jun 2025, 03:39 PM

Updated : 26 Aug 2026, 01:09 PM

ইরানি গোয়েন্দা সংস্থাগুলো ইসরায়েলের স্পর্শকাতর তথ্যের একটি বড় ধরনের ভাণ্ডার পেয়েছে বলে ইরানের রাষ্ট্রায়ত্ত গণমাধ্যম জানিয়েছে। 

এসব নথির মধ্যে কিছু ইরানের প্রধান শত্রু ইসরায়েলের পারমাণবিক পরিকল্পনা ও স্থাপনা সংক্রান্ত বলে জানিয়েছে তারা।

শনিবার ইরানের রাষ্ট্রায়ত্ত প্রেসটিভি অনামা সূত্রের উদ্ধৃতি দিয়ে বলেছে, “এসব নথি হস্তগত করার অভিযানটি কিছুদিন আগে চালানো হলেও বিশাল পরিমাণের ওই উপকরণগুলো ইরানে নিরাপদে নিয়ে যাওয়া জন্য আর সেগুলো সুরক্ষিত স্থানে পৌঁছানো নিশ্চিত করার জন্য খবরটি গোপন রাখতে হয়েছে।” 

এই নথিগুলোর পরিমাণ এতো বেশি যে ছবি ও ভিডিওসহ এগুলো পর্যালোচনা করতে উল্লেখযোগ্য সময় লেগে গেছে বলে প্রেসটিভির প্রতিবেদনে বলা হয়েছে। তবে প্রতিবেদনে নথিগুলোর বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি। 

রয়টার্স জানায়, ইরানের রাষ্ট্রায়ত্ত গণমাধ্যমের এ খবরের বিষয়ে ইসরায়েল তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া জানায়নি। গত বছর ইসরায়েলের পারমাণবিক গবেষণা কেন্দ্রে একটি হ্যাকিংয়ের ঘটনা ঘটেছিল বলে খবর হয়েছিল, ওই ঘটনার সঙ্গে ইরানের এ দাবির কোনো সম্পর্ক আছে কি না আর পারমাণবিক কর্মসূচী নিয়ে তীব্র উত্তেজনার মধ্যে এখন তেহরান তা প্রকাশ করার সিদ্ধান্ত নিচ্ছে কি না তা পরিষ্কার হয়নি।  

২০১৮ সালে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ঘোষণা করেছিলেন যে ইসরায়েলি গোয়েন্দারা ইরানের নথির একটি বিপুল ‘আর্কাইভ’ জব্দ করেছে আর সেগুলোতে দেখা গেছে আগে যা জানা ছিল তার চেয়ে অনেক বেশি পারমাণবিক কাজ তেহরান সেরে রেখেছে। 

তেহরান তাদের পারমাণবিক কর্মসূচী নিয়ে ওয়াশিংটনের সঙ্গে একটি সমঝোতায় না এলে বোমাবর্ষণ করা হবে বলে ইরানকে হুমকি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। কিন্তু ইরানের পারমাণবিক স্থাপনায় ইসরায়েলের আঘাত হানার এক পরিকল্পনা এপ্রিলে ট্রাম্প আটকে দেন বলে খবর হয়। জানা গেছে, আলোচনার মাধ্যমে তেহরানের সঙ্গে একটি চুক্তিতে আসতে তিনি ওই হস্তক্ষেপ করেছিলেন।  

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি বুধবার বলেছেন, ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বাদ দেওয়া দেশটির স্বার্থের ‘শতাভাগ’ বিরুদ্ধে। এমন মন্তব্য করে তিনি ইরানের সঙ্গে চলমান পারমাণবিক শান্তি আলোচনায় যুক্তরাষ্ট্রের মূল একটি দাবি প্রত্যাখ্যান করেছেন। 

তেহরানের পারমাণবিক উচ্চাকাঙ্ক্ষা নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের কয়েক দশকব্যাপী চলা উত্তেজনা নিরসনের লক্ষ্যে ওমানের মধ্যস্থতায় বেশ কয়েক সপ্তাহ ধরে দুই পক্ষের মধ্যে পরোক্ষ আলোচনা চলছে।