২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘ইরানে সম্ভাব্য নতুন হামলার বিষয়ে’ ট্রাম্পকে অবহিত করার পরিকল্পনা নেতানিয়াহুর

ইরান তাদের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচীর উৎপাদন সম্প্রসারণ করছে আর এ নিয়ে উদ্বিগ্ন হয়ে উঠছে ইসরায়েল সরকার।

‘ইরানে সম্ভাব্য নতুন হামলার বিষয়ে’ ট্রাম্পকে অবহিত করার পরিকল্পনা নেতানিয়াহুর
ইসরায়েলের পার্লামেন্টে প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প ও ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি: মন্ডোওয়াইস

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Dec 2025, 11:33 PM

Updated : 26 Aug 2026, 05:22 PM

ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচীর যে কোনো সম্প্রসারণ একটি হুমকি আর সে বিষয়ে দ্রুত ব্যবস্থা নিতে হতে পারে বলে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পকে অবহিত করতে যাচ্ছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।  

শনিবার এক প্রতিবেদনে এ খবর দিয়েছে মার্কিন গণমাধ্যম এনবিসি নিউজ, জানিয়েছে রয়টার্স। 

এনবিসির প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলি কর্মকর্তারা ক্রমবর্ধমানভাবে উদ্বিগ্ন হয়ে উঠছেন যে ইরান তাদের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচীর উৎপাদন সম্প্রসারণ করছে, যা চলতি বছরের মাঝামাঝি ইসরায়েলি সামরিক হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছিল। 

উদ্বিগ্ন ইসরায়েলি কর্মকর্তারা ইরানের এই ক্ষেপণাস্ত্র কর্মসূচীতে আবার আঘাত হানার জন্য বিকল্পগুলো নিয়ে প্রেসিডেন্ট ট্রাম্পকে অবহিত করার প্রস্তুতি নিচ্ছেন; এ পরিকল্পনার বিষয়ে সরাসরি জ্ঞাত এক ব্যক্তি এবং অবহিত চার সাবেক মার্কিন কর্মকর্তা এনবিসিকে এমনটি জানিয়েছেন।

এই কর্মকর্তারা জানিয়েছেন, ইরান তাদের পারমাণবিক সমৃদ্ধকরণ কেন্দ্রগুলো পুনর্গঠন করছে, এই নিয়েও ইসরায়েলি কর্মকর্তারা উদ্বিগ্ন হয়ে আছেন। জুনে এই পারমাণবিক কেন্দ্রগুলোতে বাঙ্কার ব্লাস্টার বোমা ফেলেছিল যুক্তরাষ্ট্র।

কিন্তু তারা জানান, ইরান যেখানে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎপাদন করে সেই স্থাপনাগুলো পুনর্নির্মাণের প্রচেষ্টা এবং তাদের পঙ্গু হয়ে যাওয়া আকাশ প্রতিরক্ষা পদ্ধতি মেরামতের বিষয়ে ইসরায়েল সরকারের দৃষ্টিভঙ্গী হচ্ছে, এটিই আসন্ন উদ্বেগ।  

ট্রাম্প আর নেতানিয়াহু ২৯ ডিসেম্বর ফ্লোরিডায় মার্কিন প্রেসিডেন্টের মার এ লাগো এস্টেটে সাক্ষাৎ করবেন বলে ধারণা করা হচ্ছে। সূত্রগুলো এবিসিকে জানিয়েছে, ওই বৈঠকে নেতানিয়াহু ট্রাম্পকে তাদের উদ্বেগের বিষয়গুলো তুলে ধরবেন। জানাবেন যে, ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচীর সম্প্রসারণ একটি হুমকি এবং এ নিয়ে দ্রুত ব্যবস্থা নিতে হতে পারে।  

ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচীর এ সম্প্রসারণ শুধু ইসরায়েলের জন্য না, মধ্যপ্রাচ্য অঞ্চলে থাকা মার্কিন স্বার্থের জন্যও ঝুঁকিপূর্ণ হয়ে উঠতে পারে বলে ট্রাম্পকে বোঝাবেন নেতানিয়াহু। আর সেক্ষেত্রে নতুন কোনো সামরিক অভিযান চালানো হলে যুক্তরাষ্ট্র তাতে অংশ নিতে পারে অথবা সহযোগিতা দিতে পারে, এমন প্রস্তাব তুলে ধরতে পারেন বলে সূত্রগুলো জানিয়েছে।

রয়টার্স জানিয়েছে, তার এই প্রতিবেদনের তথ্যগুলো যাচাই করতে পারেনি।