২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

উন্মুক্ত, ফের অবরুদ্ধ: ২৪ ঘণ্টায় হরমুজ প্রণালিকে ঘিরে যা যা ঘটল

বিশ্বের সবচেয়ে ব্যস্ত নৌপথগুলোর একটি খুলছে—ক্ষণস্থায়ী এই আশা নিরাশায় পরিণত হওয়ার পর যুক্তরাষ্ট্র-ইরান আর একবার বৈঠকে বসার সম্ভাবনা ছাড়া হয়তো আর তেমন কিছুতেই একমত হতে পারেনি বলেই মনে হচ্ছে।

উন্মুক্ত, ফের অবরুদ্ধ: ২৪ ঘণ্টায় হরমুজ প্রণালিকে ঘিরে যা যা ঘটল
হরমুজে আটকে থাকা একাধিক নৌযান। ছবি: রয়টার্স

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Apr 2026, 01:51 PM

Updated : 26 Aug 2026, 03:26 PM

একদিনে কত কিছুই না বদলে যায়। একদিন আগেও কেউ যদি ভেবে থাকে যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধবিরতির মেয়াদ শেষ হওয়ার আগেই হরমুজ প্রণালি দিয়ে আরও নৌযান যাওয়ার সুযোগ পাবে, তাকে দোষারোপ করা যেত না। কিন্তু একদিনের ব্যবধানেই ওই আশার বেলুন ফুটো হয়ে গেছে। 

শুক্রবার মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প উচ্ছ্বসিত কণ্ঠে তেহরানের হরমুজ খুলে দেওয়ার ঘোষণাকে স্বাগত জানিয়ে বলেছিলেন, “প্রণালিটি পুরোপুরি খোলা এবং পার হওয়ার জন্য পুরোদমে প্রস্তুত। ধন্যবাদ।” 

এক্সে দেওয়া পোস্টে ইরানি পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি প্রণালিটি পুরোদমে খুলে দেওয়ার ইঙ্গিত দিয়ে বলেছিলেন, কোন পথে নৌযানগুলো পার হবে তেহরান তা সমন্বয় করবে। 

তার ওই পোস্টের পর কয়েক ঘণ্টার মধ্যে ব্যারেলপ্রতি অপরিশোধিত তেলের দাম ১০ শতাংশ কমে গেলেও তা দীর্ঘস্থায়ী হয়নি, বলছে সিএনএন। 

আধা-সরকারি ইরানি বার্তা সংস্থা তাসনিম আরাকচির পোস্টের সমালোচনা করে লেখে, “পররাষ্ট্রমন্ত্রী হরমুজ পার হওয়ার শর্তাবলী, এর বিস্তারিত বিবরণ ও প্রক্রিয়া নিয়ে নানা ধরনের অস্পষ্টতা সৃষ্টি করেছেন।” 

এরপর ট্রাম্প বলেন, ইরানের সঙ্গে ‘লেনদেন’ পুরোপুরি শেষ হওয়ার আগ পর্যন্ত ইরানি বন্দরগুলোর ওপর মার্কিন অবরোধ ‘পুরোদমে অব্যাহত’ থাকবে।

এসবের ২৪ ঘণ্টা পর ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি) জানায়, তারা ফের হরমুজ প্রণালিটি বন্ধ করে দিয়েছে। এ পদক্ষেপের পেছনে ইরানি বন্দরগুলোতে মার্কিন অবরোধকে দায় দেয় তারা। 

“হরমুজ প্রণালির দিকে অগ্রসর হওয়াকে শত্রুদের সঙ্গে সহযোগিতা হিসেবে বিবেচনা করা হবে। এই নির্দেশ অমান্যকারী যে কোনো নৌযানকে নিশানা করা হবে,” বিবৃতিতে বলে আইআরজিসি।  

বিশ্বের সবচেয়ে ব্যস্ত নৌপথগুলোর একটি খুলছে—ক্ষণস্থায়ী এই আশা নিরাশায় পরিণত হওয়ার পর যুক্তরাষ্ট্র-ইরান আর একবার বৈঠকে বসার সম্ভাবনা ছাড়া হয়তো আর তেমন কিছুতেই একমত হতে পারেনি বলেই আপাতত মনে হচ্ছে।

মার্কিন অবরোধ যতক্ষণ থাকবে ততক্ষণ প্রণালিটি দিয়ে বাণিজ্যিক নৌযানের চলাচলে যে কঠোর বিধিনিষেধ থাকছে তা শনিবার পুনর্ব্যক্ত করে ইরানি সামরিক বাহিনী। বিষয়টি যে বেশ গুরুত্বপূর্ণ তা দেখাতে ‍ওমান উপকূলের ২০ মাইল দূরে দুটি নৌযান লক্ষ্য করে গুলিও চালানো হয়। ইরানি গানবোট থেকেই হামলা হয়েছিল বলে একটি ট্যাংকারের ক্যাপ্টেন নিশ্চিতও করেছেন। 

এদিকে বিরল এক বিবৃতিতে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা মুজতাবা খামেনি বলেছেন, “শত্রুদের নতুন পরাজয়ের স্বাদ দিতে ইরানের বীর নৌবাহিনী সদা প্রস্তুত।” 

সর্বোচ্চ নেতা নির্বাচিত হওয়ার পর গত ৬ সপ্তাহে বাবার পদাঙ্ক অনুসরণ করা মুজতাবাকে একবারও প্রকাশ্যে দেখা যায়নি। 

শনিবার ট্রাম্প আবার বলেন, ইরানের সঙ্গে আলোচনা ভালোভাবেই এগোচ্ছে, তবে যুক্তরাষ্ট্র কোনো ‘ব্ল্যাকমেইলে’ হার মানবে না। 

ইরানের প্রভাবশালী জাতীয় নিরাপত্তা পরিষদ বলেছে, তেহরান যুক্তরাষ্ট্রের কাছ থেকে আসা ‘নতুন প্রস্তাবগুলো’ পর্যালোচনা করে দেখছে এবং এখন পর্যন্ত এগুলোর বিষয়ে কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। 

হরমুজ প্রণালিতে যান চলাচল নিয়ন্ত্রণ কার হাতে থাকবে তা নিয়ে বিরোধ ছাড়াও দুই পক্ষের মধ্যে ইরানের উচ্চ-মাত্রার সমৃদ্ধ ইউরেনিয়াম ও পরমাণু কর্মসূচির ভবিষ্যৎ নিয়েও ওয়াশিংটন-তেহরান মতপার্থক্য রয়ে গেছে। 

যুদ্ধবিরতি শেষ হওয়ার বাকি আর তিন দিন। এর মেয়াদ বৃদ্ধি করা হবে কিনা, তা ‘জানেন না’ ট্রাম্প। 

“হয়তো আমি আর এর মেয়াদ বাড়াবো না। তাহলে আপনার থাকলো অবরোধ এবং দুর্ভাগ্যজনকভাবে আমাদের আবারও বোমা ফেলা শুরু করা লাগবে,” শুক্রবার এমনটাই বলেন মার্কিন প্রেসিডেন্ট। 

ইরানের শাসকগোষ্ঠীও ‘ছাড় দিতে’ নারাজ। দেশটির ঊর্ধ্বতন এক সামরিক কর্মকর্তা জেনারেল মোহাম্মদ নাকদি শনিবার বলেছেন, “যদি যুদ্ধ ফের শুরু হয়, তাহলে আমরা সেসব ক্ষেপণাস্ত্র ব্যবহার করবো যেগুলোর উৎপাদনের তারিখ থাকবে মে, ২০২৬।”

“আমরা তেল উৎপাদনও বন্ধ করে দিতে পারি, কিন্তু আমরা বিশ্বের জন্য বিঘ্ন সৃষ্টি করতে চাই না, তাই আমরা ধীরেসুস্থে পদক্ষেপ নিচ্ছি,” বলেছেন তিনি। 

একাধিক ইরানি সূত্র সিএনএনকে জানিয়েছে, আসছে সপ্তাহগুলোতে দ্বিতীয় দফা আলোচনা হবে বলে তারা ধারণা করছে। 

পর্দার আড়ালে যে তুমুল আলোচনা চলছে তার লক্ষণ স্পষ্ট। এদিকে শনিবার স্থানীয় সময় বিকালে প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ, গোয়েন্দা সংস্থা সিআইএ-র পরিচালক জন র‌্যাটক্লিফ, চেয়ারম্যান অব দ্য জয়েন্ট চিফস অব স্টাফসহ শীর্ষ মার্কিন কর্মকর্তাদের হোয়াইট হাউসে যেতে দেখা গেছে।