২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অমৃতপালের গ্রেপ্তার নিয়ে ‘ভুয়া খবর’ বিশ্বাস না করতে অনুরোধ পাঞ্জাব পুলিশের

এক সপ্তাহ আগে পুলিশের চোখে ধুলো দিয়ে পালিয়ে যাওয়া শিখ বিচ্ছিন্নতাবাদী এই নেতাকে হন্যে হয়ে খুঁজছে পুলিশ।

অমৃতপালের গ্রেপ্তার নিয়ে ‘ভুয়া খবর’ বিশ্বাস না করতে অনুরোধ পাঞ্জাব পুলিশের

ছবি: রয়টার্স

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Mar 2023, 11:29 PM

Updated : 26 Mar 2023, 01:52 AM

ভারতের খালিস্তানপন্থি নেতা অমৃতপাল সিংয়ের গ্রেপ্তারের বিষয়ে গুজব এবং ভুয়া খবর বিশ্বাস না করতে জনগণের প্রতি অনুরোধ করেছে পাঞ্জ‍াব পুলিশ।

এক সপ্তাহ আগে পাঞ্জাব রাজ্যের জলন্ধরের কাছের ডেরা থেকে পুলিশের চোখে ধুলো দিয়ে পালিয়ে যাওয়া শিখ বিচ্ছিন্নতাবাদী এই নেতাকে হন্যে হয়ে খুঁজছে পুলিশ।

শনিবার এক সংবাদ সম্মেলনে পাঞ্জাবের ভাটিন্ডার এসএসপি গুলনিৎ খুরানা বলেন, ‘‘আমরা জনগণের কাছে অনুরোধ করছি তারা যেনো অমৃতপাল সিংয়ের গ্রেপ্তার নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আকারে ছড়িয়ে পড়া ভুয়া খবর বিশ্বাস না করেন।”

যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে অমৃতপালকে নিয়ে ভুয়া খবর ও গুজব ছড়ানো হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।

বলেন, ‘‘কিছু লোক যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র ও কানাডায় বসে সামাজিক যোগযোগ মাধ্যমে অমৃতপালকে পুলিশি হেফাজতে নির্যাতন করার ভুয়া খবর ছড়াচ্ছে।”

ভাটিন্ডায় শৃঙ্খলা বজায় রাখতে পুলিশের পাশপাশি সেখানে বিএসএফ মোতায়েন করা হয়েছে বলেও জানান তিনি।

অমৃতপাল সিং ও তার এক সহযোগীকে ধরতে ভারত জুড়ে চিরুনি ‍অভিযান চালাচ্ছে পুলিশ। তিনি উত্তরাখণ্ডে প্রবেশ করেছেন এমন গোয়েন্দা তথ্য পাওয়ার পর রাজ্যজুড়ে সতর্কাবস্থা জারি করা হয়েছে বলে শনিবার সকালে জানিয়েছেন অ্যাডিশনাল ডিরেক্টর জেনারেল অব পুলিশ ভি মুরুগেসান।

পুরনো খবর:

পলাতক খালিস্তানপন্থি নেতা অমৃতপালকে হরিয়ানায় দেখা গেছে
খালিস্তানপন্থি নেতা অমৃতপাল এখনও অধরা,পাঞ্জাবজুড়ে চলছে তল্লাশি

এরআগে একটি সিসিটিভি ফুটেজে অমৃতপাল ও তার সহযোগী পাপালপ্রীত সিংকে হরিয়ানা রাজ্যের একটি বাড়ি থেকে বেরিয়ে যেতে দেখা যায়। তাদের আশ্রয় দেওয়ার অভিযোগে সেখানে এক নারীকে গ্রেপ্তার করা হয়েছে।

হরিয়ানা থেকে তিনি উত্তরাখণ্ড গেছেন বলেই ধারণা পাঞ্জাব পুলিশের।

তার আগে শুক্রবার অমৃতপাল উত্তরাখণ্ড প্রবেশ করার চেষ্টা করছেন, এমন খবরের ভিত্তিতে রাজ্যের দেহরাদুন, হরিদুয়ার, উধাম সিং নগর জেলায় সতর্কতা (এলার্ট) জারি করা হয়েছিল।

ওই দিন তিনি রাজধানী দিল্লিতে প্রবেশ করে থাকতে পারেন এমন সম্ভাবনার ভিত্তিতে দিল্লি পুলিশ এবং পাঞ্জাব পুলিশ রাজধানী এবং এর সীমান্তবর্তী এলাকাগুলোয় তল্লাশি অভিযান পরিচালনা করে।

পরে দিল্লি পুলিশের পক্ষ থেকে বলা হয়, সম্ভবত ‘ওয়ারিস পঞ্জাব দে’ সংগঠনের এই নেতা দিল্লি ছেড়ে গেছেন।