২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ, বরখাস্ত লিবিয়ার পররাষ্ট্রমন্ত্রী

ফিলিস্তিনিদের স্বার্থের প্রতি জোরাল সমর্থন জানিয়ে ইসরায়েলকে দেশ হিসেবে স্বীকৃতি দেয়নি লিবিয়া।

ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ, বরখাস্ত লিবিয়ার পররাষ্ট্রমন্ত্রী

ছবি: রয়টার্স।

নিউজ ডেস্ক

Published : 28 Aug 2023, 08:16 PM

Updated : 28 Aug 2023, 08:16 PM

ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে অনানুষ্ঠানিক বৈঠকের জেরে লিবীয় পররাষ্ট্রমন্ত্রী নাজলা মাঙ্গুশকে বরখাস্ত করে তার বিরুদ্ধে তদন্তের নির্দেশ দিয়েছেন লিবিয়ার প্রধানমন্ত্রী আব্দুল হামিদ দ্বীবাহ।

বিবিসি জানায়, লিবিয়ার পার্লামেন্টের স্পিকারের কার্যালয় থেকে নাজলা মাঙ্গুশকে ‘বড় বিশ্বাসঘাতক’ বলে বর্ণনা করা হয়েছে।

আরব বিশ্বের আরো অনেক দেশের মত ফিলিস্তিনিদের স্বার্থের জোরাল সমর্থক লিবিয়া  ইসরায়েলকে দেশ হিসেবে স্বীকৃতি দেয়নি। ফলে লিবিয়ার পররাষ্ট্রমন্ত্রীর ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকের প্রতিবাদে লিবিয়াজুড়ে বিক্ষোভ হয়েছে।

অন্যদিকে, ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী এলি কোহেন একে ‘ঐতিহাসিক’ বৈঠক বলে উল্লেখ করে বলেছেন, “ওই বৈঠক লিবিয়ার সঙ্গে সম্পর্ক স্থাপনের পথে প্রথম পদক্ষেপ।”

আরব বিশ্ব এবং মুসলিম অধ্যুষিত যেসব দেশ ইসরায়েলকে স্বীকৃতি দেয়নি সেসব দেশের সঙ্গে সুসম্পর্ক স্থাপনের চেষ্টা করছে ইসরায়েলি সরকার। এ বিষয়ে মধ্যস্থতায় রয়েছে যুক্তরাষ্ট্র।

২০২০ সাল থেকে শুরু হওয়া এই প্রচেষ্টায় তারা সাফল্যের দেখাও পেয়েছে।  মিশর, জর্ডান, সংযুক্ত আরব আমিরাত এবং বাহরাইন এরইমধ্যে ইসরায়েলকে স্বীকৃতি দিয়েছে। মরক্কো এবং তুরস্ক দেশটির সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করেছে।

ফিলিস্তিনিদের কট্টর সমর্থক সৌদি আরবও এখন ইসরায়েলের বিষয়ে অনেকটা নমনীয়। যদিও দেশটি এখনো ইসরায়েলকে স্বীকৃতি দেয়নি এবং আনুষ্ঠানিক কূটনৈতিক সম্পর্ক স্থাপনের বিষয়েও কিছু বলেনি।

ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার বিষয়টিকে ‘অবৈধ’ বলেছে লিবিয়ার প্রেসিডেন্টশিয়াল কাউন্সিল। যাদের হাতে দেশটির তিনটি প্রদেশের নিয়ন্ত্রণে রয়েছে।  

বিবিসি জানায়, জটিলতার সূত্রপাত হয় রোববার ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী কোহেনের দেওয়া এক বিবৃতি থেকে।

ওই বিবৃতিতে কোহেন জানান, গত সপ্তাহে একটি সম্মেলনের ফাঁকে তিনি নাজলা মাঙ্গুশের সঙ্গে সাক্ষাৎ করেছেন এবং ইসরায়েল ও লিবিয়ার মধ্যে ‘সম্পর্ক স্থাপনের বড় ধরণের সম্ভাবনা নিয়ে আলোচনা করেছেন’।

তিনি আরো বলেন, তারা বিভিন্ন মানবিক সমস্যা, কৃষি, পানি ব্যবস্থাপনা এবং সিনাগগ ও কবরস্থান সংস্কারসহ লিবিয়ায় ইহুদি ঐতিহ্য সংরক্ষণের গুরুত্বের বিষয়ে ইসরায়েল কীভাবে সহায়তা করতে পারে সে বিষয়গুলো নিয়ে কথা বলেছেন।

লিবিয়ায় বসবাস করা ইহুদি সম্প্রদায় বিশ্বের অন্যতম প্রাচীন জাতিগোষ্ঠীর একটি। যদিও তারা দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় নাৎসি দখলদার বাহিনী দ্বারা নির্যাতিত হয়েছিল এবং পরবর্তী কয়েক দশক ধরে ইহুদিবিরোধী দাঙ্গা এবং নীতির কারণে হাজার হাজার ইহুদি সেখান থেকে ইসরায়েলে পালিয়ে যায়। বিশেষ করে লিবিয়ার সাবেক শাসক মুয়াম্মর গাদ্দাফির আমলে।

গাদ্দাফি তার দেশের ক্ষুদ্র ইহুদি সম্প্রদায়ের উপর এ শতাব্দীর শুরুতে এতটাই নিপীড়ন চালিয়েছিলেন যে সেখানে তাদের অস্তিত্ব প্রায় নিশ্চিহ্ন হয়ে যাচ্ছিল।

কোহেনের বিবৃতির ঠিক বিপরীত কথা বলেছে লিবিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়। বলেছে, মাঙ্গুশ ইসরায়েলের প্রতিনিধিদের সঙ্গে একটি বৈঠক প্রত্যাখ্যান করেন। সেখানে যা ঘটেছে সেটা হলো, ‘ইতালির পররাষ্ট্র বিষয়ক মন্ত্রণালয়ে একটি বৈঠক চলাকালে ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে একটি অপ্রস্তুত, সাধারণ দেখা হয়েছে মাত্র’।

এ বিষয়ে সোমবার ইসরায়েলের এক কর্মকর্তা বিবিসি-কে বলেন, লিবিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় যেভাবে কোহেন ও মাঙ্গুশের বৈঠককে হঠাৎ মুখোমুখি হয়ে যাওয়া বলছে বিষয়টি আসলে ঠিক তেমন নয়। এই বৈঠক ‘পরিকল্পিতই ছিল’।

তিনি আরো বলেন, এই বৈঠকের বিষয়ে আনুষ্ঠানিক বিবৃতিতে কী কী বিষয়ে অধিক গুরুত্ব দেওয়া হবে সেটা নিয়ে উভয়পক্ষ একমত হওয়ার উপর জোর দিয়েছিলেন কর্মকর্তারা। বিবৃতি প্রকাশ করার কথা ছিল সোমবার। কিন্তু ইসরায়েলের সংবাদ মাধ্যমে বৈঠকের খবর ফাঁস হয়ে যাওয়ার কারণে রোববার বিবৃতি প্রকাশ করা হয়।

ইসরায়েলের সাবেক প্রধানমন্ত্রী এবং বর্তমানে বিরোধী দলের নেতা ইয়ার লাপিদ এজন্য দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়কে দায়ী করে তাদের  ‘অপেশাদার ও দায়িত্বজ্ঞানহীন’ বলেছেন। বলেছেন, এটা ‘বিচারের গুরুতর ব্যর্থতা’।

আরেক বিরোধীদলীয় নেতা বেনি গান্তজ বলেন, ‘শূন্য দায়িত্ব জ্ঞান এবং পরবর্তীতে কী হতে পারে সে বিষয়ে কোনো ধরণের চিন্তাভাবনা না করে’ ইসরায়েলি সরকার শুধু ‘পিআর এবং সংবাদের শিরোনাম হতে’ সবকিছু করে যাচ্ছে।

এদিকে, ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রীর বিবৃতির খবর প্রকাশে পর রাজধানী ত্রিপলিসহ লিবিয়ার বেশ কয়েকটি বড় বড় নগরীতে বিক্ষোভ হয়েছে।। যদিও বিক্ষোভকারীদের সংখ্যা খুব বেশি ছিল না।

২০১১ আরব বসন্তের সময় গাদ্দাফিকে ক্ষমতা থেকে উৎখাত করে হত্যা করার পর থেকে লিবিয়ায় আর স্থিতিশীলতা ফেরেনি। দেশটিতে বর্তমানে দুইটি সরকার নিজ নিজ নিয়ন্ত্রণে থাকা অঞ্চল শাসন করছে।