২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

`হার স্বীকার’ না করলেও ক্ষমতা হস্তান্তরে সম্মতি বোলসোনারোর

বোলসোনারো সমর্থকরা মহাসড়ক আটকে রাখায় জ্বালানি বিতরণ, পণ্য সরবরাহ এবং গুরুত্বপূর্ণ বন্দরগুলো দিয়ে শস্য রপ্তানি ব্যাহত হচ্ছে।

`হার স্বীকার’ না করলেও ক্ষমতা হস্তান্তরে সম্মতি বোলসোনারোর

ব্রাজিলের ক্ষমতাসীন প্রেসিডেন্ট জাইর বোলসোনারো আনুষ্ঠানিকভাবে পরাজয় মেনে না নিলেও নির্বাচনের ফলাফল নিয়ে বিতর্কিত কোনো মন্তব্য করেননি।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Nov 2022, 04:53 PM

Updated : 02 Nov 2022, 04:53 PM

ব্রাজিলের ক্ষমতাসীন প্রেসিডেন্ট জাইর বোলসোনারো নির্বাচনে হারার কয়েকদিন পর নীরবতা ভেঙে প্রথম জনসমক্ষে কিছু বললেও বামপন্থি লুইজ ইনাসিও লুলা দ্য সিলভার কাছে হার স্বীকার করে নেননি।

সমর্থকদের বিক্ষোভকে ভোট নিয়ে ‘ক্ষোভ এবং অবিচার হয়েছে এমন অনুভূতির’ ফল বলে অভিহিত করেছেন তিনি।

অবশ্য আনুষ্ঠানিকভাবে পরাজয় মেনে না নিলেও নির্বাচনের ফলাফল নিয়ে বিতর্কিত কোনো মন্তব্য করেননি তিনি; নিজের চিফ অব স্টাফ সিরো নগেরাকে প্রেসিডেন্ট নির্বাচিত হওয়া লুলার প্রতিনিধিদের সঙ্গে মিলে ক্ষমতা হস্তান্তর কার্যক্রম শুরুর অনুমতিও বোলসোনারো দিয়ে দিয়েছেন বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

নির্বাচনী কর্তৃপক্ষ ফল ঘোষণা করার ৪৪ ঘণ্টারও বেশি সময় পর বোলসোনারো মুখ খুলেছেন। লম্বা সময়ের এ নীরবতায় সামান্য ব্যবধানে জয়-পরাজয় নির্ধারিত হওয়া ভোটের ফল নিয়ে তিনি সন্দেহ প্রকাশ করবেন- এ আশঙ্কা বাড়ছিল।

বোলসোনারোর চুপ থাকার সময়কালে সমর্থকরা ভোটে পরাজয়ের প্রতিবাদ জানিয়ে একাধিক মহাসড়ক বন্ধ করে দেয়; কেউ কেউ লুলার ক্ষমতারোহন আটকাতে সামরিক বাহিনীকে অভ্যুত্থান করতেও আহ্বান জানায়।

বোলসোনারো সমর্থকরা মহাসড়ক আটকে রাখায় জ্বালানি বিতরণ, পণ্য সরবরাহ এবং গুরুত্বপূর্ণ বন্দরগুলো দিয়ে শস্য রপ্তানি ব্যাহত হচ্ছে বলে জানিয়েছে একাধিক শিল্প প্রতিষ্ঠান।

মঙ্গলবার জাতির উদ্দেশ্যে দেওয়া সংক্ষিপ্ত ভাষণে বোলসোনারো সাংবাদিকরা তাকে ‘মিস করছেন’ বলে মজা করেন, তাকে যারা ভোট দিয়েছে তাদের ধন্যবাদ জানান এবং সংবিধান মেনে চলবেন বলে আশ্বস্ত করেন; সংবিধান অনুযায়ী আগামী বছরের জানুয়ারির ১ তারিখে ক্ষমতা হস্তান্তর করার কথা বোলসোনারোর।

“যে পদ্ধতিতে নির্বাচন হয়েছে তাতে অবিচার হয়েছে এমন অনুভূতি আর ক্ষোভের ফল হচ্ছে এখন যে আন্দোলন চলছে সেটা,” বলেন তিনি।

ব্রাজিলের এ বর্তমান প্রেসিডেন্ট বিক্ষোভকারীদেরকে সম্পদ ধ্বংস এড়িয়ে চলতে এবং ‘চলাচলের অধিকারে বাধা না দিতে’ বললেও বাড়ি ফেরার আহ্বান জানাননি।

এদিকে বোলসোনারোর চিফ অব স্টাফ নগেরা এবং ভাইস প্রেসিডেন্ট হ্যামিল্টন মোউরাও ক্ষমতা হস্তান্তর নিয়ে কথা বলতে লুলা শিবিরের কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ ‍শুরু করেছেন বলে জানিয়েছে রয়টার্স।

কংগ্রেসের নিম্নকক্ষের স্পিকারসহ বোলসোনারোর অন্য মিত্ররাও রোববার থেকেই ক্ষমতাসীন সরকারের প্রতি ভোটের ফল মেনে নেওয়ার আহ্বান জানাচ্ছিলেন।

দেশটির সুপ্রিম কোর্ট এক বিবৃতিতে জানিয়েছে, ক্ষমতা হস্তান্তরের কার্যক্রমে অনুমোদন দিয়ে বোলসোনারো আদতে ভোটের ফল মেনে নিয়েছেন বলেই তারা মনে করছে।

মঙ্গলবার পরের দিকে বোলসোনারো ও সুপ্রিম কোর্টের একাধিক বিচারকের মধ্যে যে বৈঠক হয়েছে তাতেও ভোটে লুলারই জয় হয়েছে বলে প্রেসিডেন্ট স্বীকার করে নিয়েছেন বলে বৈঠকে থাকা দুই বিচারক জানিয়েছেন।

“এর ফলে সন্দেহাতীতভাবেই গুমোট ভাব কেটে গেছে। মনে হচ্ছে পৃষ্ঠা উলটাচ্ছে,” বলেছেন নাম প্রকাশে অনিচ্ছুক এক বিচারক।

অন্য বিচারক বলেছেন, “বার্তা ছিল স্পষ্ট: খেলা শেষ। তিনি নির্বাচন প্রক্রিয়া কিংবা আদালতের সমালোচনা করেননি।”

অথচ রোববারের ভোটের আগে বোলসোনারো ব্রাজিলের বর্তমান নির্বাচন পদ্ধতি জালিয়াতির সুযোগ করে দেয় বলে নিয়মিতই প্রমাণহীন অভিযোগ করে যাচ্ছিলেন। নির্বাচনী কর্তৃপক্ষ তার বামপন্থি প্রতিদ্বন্দ্বীকে বেশি সুযোগ দিচ্ছিল বলেও অভিযোগ করেছেন তিনি।

মঙ্গলবারের ভাষণে তিনি অবশ্য কোনো অভিযোগই পুনর্ব্যক্ত করেননি। তবে সমর্থকদের প্রতিবাদ-বিক্ষোভের প্রতি প্রচ্ছন্ন সমর্থনের যে ইঙ্গিত তিনি দিয়েছেন, তাতে পরবর্তী বছরগুলোতে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের মতো তিনিও নির্বাচনে জালিয়াতির প্রসঙ্গ দিয়েই মাঠ গরম রাখার পরিকল্পনা করছেন বলে ধারণা বিশ্লেষকদের।

রোববারের নির্বাচনে লুলার জয় ব্রাজিলের শাসনক্ষমতায় ৭৭ বছর বয়সী সাবেক এ খনিশ্রমিকের অভাবনীয় প্রত্যাবর্তন নিশ্চিত করলো। ইতোমধ্যেই দুর্নীতির দায়ে দণ্ডিত হয়ে লুলাকে ১৯ মাস জেলও খাটতে হয়েছিল; গত বছর তার ওই সাজা বাতিল হয়ে যায়।

বন্দুক পাওয়া সহজ করা এবং আমাজন বনের সুরক্ষায় দুর্বল ব্যবস্থা নেওয়ার মতো বোলসোনারো আমলের অনেক নীতি বদলে ফেলার প্রতিশ্রুতি আছে লুলার। তবে পার্লামেন্টে ডানপন্থিদের শক্তিশালী অবস্থান সেসব প্রতিশ্রুতির পথে কাঁটা হয়েও দাঁড়াতে পারে।

লুলা চলতি মাসে মিশরে হতে যাওয়া জাতিসংঘের জলবায়ু সম্মেলন কপ-২৭ এ অংশ নেবেন বলেও তার সহযোগীরা নিশ্চিত করেছেন।

মঙ্গলবার এক ঘোষণায় লুলার দল ওয়ার্কার্স পার্টি জানিয়েছে, দলের নেতা গ্লেইসি হফম্যান ও সাবেক শিক্ষামন্ত্রী আলোইজিও মার্কাদান্তের সহযোগিতায় লুলার মধ্যপন্থি রানিং মেট, সাও পাওলোর সাবেক গভর্নর গেরাল্ডো আকমিন ক্ষমতা হস্তান্তর প্রক্রিয়া সমন্বয় করবেন।

বোলসোনারোর চিফ অব স্টাফ নগেরা সাংবাদিকদের বলেছেন, বৃহস্পতিবার আকমিনের নাম আনুষ্ঠানিকভাবে জমা পড়লে তাকে নিয়ে ক্ষমতা হস্তান্তর প্রক্রিয়া শুরু করতে তাকে অনুমতি দিয়েছেন প্রেসিডেন্ট বোলসোনারো।

আরও খবর:

পুরনো খবর:

বোলসোনারোকে হারিয়ে ফের ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা