১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

ইরানের কাছ থেকে ‘সঠিক উত্তর’ পেতে কয়েকদিন অপেক্ষা করতে ইচ্ছুক ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট বলেছেন, পরিস্থিতি ‘ঠিক বর্ডারলাইনে’ আছে আর দ্রুত উস্কে উঠতে পারে।

ইরানের কাছ থেকে ‘সঠিক উত্তর’ পেতে কয়েকদিন অপেক্ষা করতে ইচ্ছুক ট্রাম্প
ইসরায়েলের তেল আবিবের নিকটবর্তী লোড-এ অবস্থিত বেন গুরিয়ন আন্তর্জাতিক বিমানবন্দরে পার্ক করা মার্কিন বিমান বাহিনীর ট্যাঙ্কার বিমান। ছবি: রয়টার্স

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 May 2026, 10:27 AM

Updated : 11 Sep 2026, 03:18 PM

ইরান শান্তি চুক্তিতে সম্মত না হলে আবার আক্রমণ চালানোর জন্য যুক্তরাষ্ট্র প্রস্তুত, কিন্তু ‘সঠিক উত্তর পেতে’ ওয়াশিংটন কয়েকদিন অপেক্ষা করবে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প।  

বুধবার সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে ট্রাম্প বলেন, পরিস্থিতি ‘ঠিক বর্ডারলাইনে’ আছে আর দ্রুত উস্কে উঠতে পারে।  

ট্রাম্প যুক্তরাষ্ট্রে তথাকথিত ‘এপিক ফিউরি’ অভিযান স্থগিত করার পর ছয় সপ্তাহ পার হলেও যুদ্ধ শেষ করা নিয়ে আলোচনায় সামান্যই অগ্রগতি হয়েছে। নিজ দেশে গ্যাসোলিনের বাড়তে থাকা মূল্যের কারণে প্রেসিডেন্ট হিসেবে ট্রাম্পের জনপ্রিয়তাও হ্রাস পাচ্ছে।  

রয়টার্স জানিয়েছে, জয়েন্ট বেস অ্যান্ড্রুজে ট্রাম্প বলেন, “বিশ্বাস করুন, আমরা যদি সঠিক জবাব না পাই, খুব দ্রুতই শুরু হয়ে যাবে। আমরা শুরু করার জন্য প্রস্তুত।”

কতোদিন অপেক্ষা করবেন, এমন প্রশ্নে ট্রাম্প বলেন, “কয়েকদিন হতে পারে, কিন্তু খুব দ্রুতই শুরু হতে পারে।”  

ইরান ফের হামলা শুরু করার বিষয়ে সতর্ক করেছে। এক বিবৃতিতে দেশটির ইসলামিক রেভল্যুশনারি গার্ড বলেছে, “যদি ইরানের বিরুদ্ধে আগ্রাসনের পুনরাবৃত্তি করা হয়, প্রতিশ্রুত আঞ্চলিক যুদ্ধটি এবার অঞ্চলের বাইরেও বিস্তৃত হবে আর আমাদের বিধ্বংসী আঘাত তোমাদেরকে এমন সব স্থানে ধ্বংস করবে যা তোমরা কল্পনাও করতে পারবে না।”

ইরানকে পারমাণবিক অস্ত্রের অধিকারি হতে দেওয়া হবে না, এই প্রত্যয় পুনর্ব্যক্ত করেন ট্রাম্প। তিনি বলেন, “ইরান নিয়ে আমরা চূড়ান্ত পর্যায়ে আছি। কী হচ্ছে আমরা দেখবো। একটি চুক্তি হবে অথবা আমরা এমন কিছু করতে যাচ্ছি যা একটু নোংরা হবে, তবে আশা করি তা হবে না।

“আদর্শগতভাবে আমি চাই অনেক মানুষের বিপরীতে নিহতের সংখ্যা কম হউক। আমরা যেকোনোভাবেই এটা করতে পারি।” 

আঙ্করা জানিয়েছে, ট্রাম্প তুরস্কের প্রেসিডেন্ট রিজেপ তায়িপ এরদোয়ানের সঙ্গে কথা বলেছেন। এরদোয়ান যুদ্ধবিরতির মেয়াদ বৃদ্ধিকে স্বাগত জানিয়েছেন আর ট্রাম্পকে বলেছেন, একটি ‘যৌক্তিক সমাধান’ সম্ভব বলে মনে করেন তিনি।   

ইরানের পার্লামেন্টের স্পিকার ও শান্তি আলোচনার শীর্ষ মুখ মোহাম্মদ বাকের কলিবফ সামাজিক মাধ্যমে এক অডিও বার্তায় বলেছেন, “শত্রুপক্ষের প্রকাশ্য ও গোপন পদক্ষেপগুলো থেকে বোঝা যাচ্ছে যে আমেরিকা নতুন আক্রমণের প্রস্তুতি নিচ্ছে।” 

ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান এক্স এ এক পোস্টে বলেছেন, “ইরান আলোচনার জন্য প্রস্তত আছে। কিন্তু বলপ্রয়োগ করে ইরানকে আত্মসমর্পণে বাধ্য করা একটি অলীক কল্পনা।”  

আরও পড়ুন: 

নতুন করে হামলা হলে যুদ্ধ অঞ্চলের বাইরে ছড়াবেআইআরজিসি