পাকিস্তানে আরবি হরফ লেখা পোশাক পরে জনতার রোষে নারী
পোশাকের আরবি হরফগুলোকে পবিত্র কোরআনের আয়াত বলে মনে করে সেই নারীর বিরুদ্ধে ধর্ম অবমাননার অভিযোগ তুলেছিল উত্তেজিত জনতা।
পাকিস্তানে আরবি হরফ লেখা পোশাক পরায় জনতার রোষে পড়তে হয়েছে এক নারীকে। পোশাকের আরবি হরফগুলোকে পবিত্র কোরআনের আয়াত বলে মনে করে ওই নারীর বিরুদ্ধে ধর্ম অবমাননার অভিযোগ তুলেছিল উত্তেজিত জনতা।
শত শত মানুষ জড়ো হয়ে যাওয়ার পর পুলিশ তাকে রক্ষা করে নিরাপদে নিয়ে যায়। পরে সেই নারী প্রকাশ্যে ক্ষমা চেয়েছেন। তার পোশাকে আরবি অক্ষরে ‘হালওয়া’ শব্দটি লেখা ছিল- আরবিতে যার অর্থ ‘সুন্দর’।
পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের রাজধানী লাহোরের একটি রেস্তোঁরায় এ ঘটনা ঘটে।রোববার স্থানীয় সময় দুপুর ১ টা ১০ এর দিকে পুলিশ প্রথম ঘটনাস্থল থেকে ফোনকল পায় বলে বিবিসি-কে জানিয়েছে।
পাঞ্জাব পুলিশের সহকারী সুপারিনটেনডেন্ট সাইদা শেহরবানো জানান, পুলিশ ঘটনাস্থলে পৌঁছতে যে সময় লেগেছে, তার মধ্যেই সেখানে জড়ো হয়ে গিয়েছিল প্রায় ৩০০ মানুষ।
ঘটনার ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। তাতে দেখা যায়, সেই নারী ভয়ে ভয়ে রেস্তোরাঁর দূরের এক কোণায় বসে আছেন। হাত দিয়ে মুখ ঢেকে রেখেছেন তিনি।
আরেক ভিডিওতে দেখা যায়, পুলিশ কর্মকর্তারা তাকে ঘিরে দাঁড়িয়ে মানুষের ঢল থেকে সুরক্ষা দেওয়ার চেষ্টা করছিলেন। উত্তেজিত জনতা তখন সেই নারীকে চিৎকার করে পোশাক খুলে ফেলতে বলছিল।
কয়েকটি ভিডিওতে মানুষকে বলতে শোনা গেছে, যারা ধর্ম অবমাননা করে তাদের শিরশ্ছেদ করতেই হবে। স্যোশাল মিডিয়াতে ছড়িয়ে পড়া ভিডিওতে এই পরিস্থিতির মধ্যে পুলিশ সুপারিনটেনডেন্ট সাইদাকে রেস্তোঁরার প্রবেশপথে দাঁড়িয়ে আইনশৃঙ্খলা ফেরানোর চেষ্টা করতে দেখা যায়।
তিনি বলেন, “কেউই জানেনা ওই নারীর জামায় কি লেখা ছিল। তখন মূল কাজ ছিল তাকে নিরাপদে রাখতে সেখান থেকে বের করে নিয়ে আসা।”
উত্তেজিত জনতাকে শান্ত করার জন্য তাদের কাছে গিয়ে কথা বলতে হয়েছিল বলেও জানিয়েছে সাইদা। তিনি বলেন, “আমরা তাদের বলেছিলাম যে, আমরা ওই নারীকে আমাদের সঙ্গে নিয়ে যাব। তিনি কী করেছেন তা বিবেচনায় নেওয়া হবে এবং তিনি কোনও অপরাধ করে থাকলে দেশের আইন অনুযায়ী তার বিচার হবে।”
কট্টরপন্থি তেহরিক-ই-লাবাইক পাকিস্তান (টিএলপি) দলের সমর্থকেরা জনতার ভিড়ের মধ্যে ছিল বলেও জানিয়েছেন সাইদা।
পুলিশ ওই নারীকে পাহারা দিয়ে থানায় নিয়ে যাওয়ার পর সেখানে ধর্মীয় পন্ডিতরা নিশ্চিত করেন যে, তার পোশাকের লেখাটি আরবি চারুলিপি ছিল, কোরআনের আয়াত নয়। পুলিশ তখন পন্ডিতদেরকে তাদের এই বক্তব্য রেকর্ড করা এবং ওই নারী নির্দোষ- একথা বলার অনুরোধ জানায়।
পরে সেই নারীও দুঃখ প্রকাশ করে জানিয়েছেন, নকশাটি পছন্দ হওয়ায় তিনি ওই পোশাক পরেছিলেন। তিনি একজন ধার্মিক মুসলিম। কারও ধর্মীয় অনুভূতিতে আঘাত করার উদ্দেশ্য তার ছিল না। তারপরও যা ঘটেছে তার জন্য ক্ষমা চেয়ে তিনি বলেন, ভুল করে এমনটি হয়ে গেছে। আর কখনও এরকম যাতে এমন না ঘটে সেদিকে তিনি খেয়াল রাখবেন।
লাহোরে ওই নারী কেনাকাটা করতে গিয়েছিলেন। ঘটনার পর তিনি নগরী ছেড়ে গেছেন বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
