২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ট্রাম্প ইরান ও যুক্তরাষ্ট্রের জনগণের সঙ্গে 'বিশ্বাসঘাতকতা' করেছেন: ইরানের পররাষ্ট্রমন্ত্রী

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট কূটনীতির নামে ইরানের সঙ্গে প্রতারণা করেছেন এবং একজন ওয়ান্টেড যুদ্ধাপরাধীর মিশনে জড়িয়ে মার্কিনিদেরও ঠকিয়েছেন-বলেন আব্বাস আরাগচি।

ট্রাম্প ইরান ও যুক্তরাষ্ট্রের জনগণের সঙ্গে 'বিশ্বাসঘাতকতা' করেছেন: ইরানের পররাষ্ট্রমন্ত্রী
আব্বাস আরাগচি। ছবি: রয়টার্স।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jun 2025, 06:42 PM

Updated : 26 Aug 2026, 01:14 PM

ইরানের পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলার জবাবে দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি টিভিতে এক ভাষণে বলেছেন, এর মাধ্যমে ট্রাম্প শুধু ইরানই নয়, বরং যুক্তরাষ্ট্রের জনগণের সঙ্গেও 'বিশ্বাসঘাতকতা' করেছেন।

তিনি বলেন, “মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের দীর্ঘ ও ব্যয়বহুল যুদ্ধে জড়ানো বন্ধ করার প্রতিশ্রুতি দিয়ে প্রেসিডেন্ট ট্রাম্প নির্বাচিত হয়ে এসেছিলেন।

কিন্তু এখন তিনি উল্টো আমাদের (ইরান) সঙ্গে কূটনীতির নামে প্রতারণা করেছেন এবং একজন ওয়ান্টেড যুদ্ধাপরাধীর মিশনে জড়িয়ে নিজ দেশের ভোটারদেরকেও ঠকিয়েছেন।”

এমন এক যুদ্ধাপরাধীর মিশনে তিনি (ট্রাম্প) সামিল হয়েছেন, যে কিনা ইসরায়েল রাষ্ট্রের লক্ষ্য এগিয়ে নিতে মার্কিন নাগরিকদের জীবন ও সম্পদ নিংড়ে নিতে অভ্যস্ত হয়ে গেছে।”

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি তার দেশের তিন পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলার জবাব দেওয়ার প্রত্যয়ও ব্যক্ত করেছেন।

তিনি বলেন, “জাতিসংঘ নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য হয়েও ইরানের শান্তিপূর্ণ পারমাণবিক স্থাপনাগুলোর উপর হামলা চালিয়ে যুক্তরাষ্ট্র জাতিসংঘ সনদ, আন্তর্জাতিক আইন ও পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ চুক্তি (এনপিটি) সুস্পষ্টভাবে লঙ্ঘন করেছে।

“আজকের সকালের (শনিবার) ঘটনা চরমভাবে নিন্দনীয় এবং এর দীর্ঘস্থায়ী পরিণতি থাকবে। জাতিসংঘের প্রতিটি সদস্য রাষ্ট্রেরই অত্যন্ত বিপজ্জনক, আইনবহির্ভূত ও অপরাধমূলক এই আচরণ নিয়ে সোচ্চার হওয়া উচিত।

“জাতিসংঘ সনদ ও সেখানে দেওয়া আত্মরক্ষার বিধান অনুসারে, ইরান তার সার্বভৌমত্ব, স্বার্থ এবং জনগণকে রক্ষায় সব বিকল্প খোলা রাখছে,” এক্সে লেখেন তিনি।