Published : 07 Jun 2026, 12:32 AM
ফিলিস্তিনি ছিটমহল গাজায় ইসরায়েলি হামলায় দুই নারীসহ অন্তত সাতজন নিহত হয়েছে বলে ভূখণ্ডটির স্বাস্থ্য কর্মকর্তারা জানিয়েছেন।
চিকিৎসা কর্মীরা জানিয়েছেন, ইসরায়েলি বাহিনী শনিবার গাজা সিটির কেন্দ্রস্থলে বড় একটি তাঁবু শিবিরে আকাশ হামলা চালায়, এতে সাতজন নিহত হওয়ার পাশাপাশি শিশুসহ আরও ১৫ জন আহত হয়।
ইসরায়েলি সামরিক বাহিনীর একজন মুখপাত্র রয়টার্সের কাছে দাবি করেছেন, তারা ‘সন্ত্রাসীদের’ লক্ষ্যস্থল করে একটি আঘাত হেনেছেন। কিন্তু তিনি আর বিস্তারিত কিছু জানাননি।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস ও ইসরায়েলের মধ্যে একটি যুদ্ধবিরতি শুরু হলেও তা ইসরায়েলি হামলা থামাতে ব্যর্থ হয়েছে। এরমধ্যে ইসরায়েল গাজার অর্ধেকেরও বেশি নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে নিয়েছে।
যুদ্ধবিরতি চুক্তির দ্বিতীয় পর্বে হামাসের অস্ত্র সমর্পণ ও ইসরায়েলি সেনাদের গাজা থেকে প্রত্যাহারের কথা ছিল, কিন্তু সবই স্থবির হয়ে আছে।
হামাস চায় ইসরায়েল হামলা বন্ধ করুক, গাজায় আরও ত্রাণ প্রবেশের অনুমোদন দিক আর ইসরায়েলি সেনারা যুদ্ধবিরতি রেখায় ফিরে যাক।
গাজার স্বাস্থ্য কর্মকর্তারা জানিয়েছেন, যুদ্ধবিরতি শুরু হওয়ার পর থেকে গাজায় ইসরায়েলি হামলায় প্রায় ৯৫০ জন ফিলিস্তিনি নিহত হয়েছে।
ইসরায়েলের সামরিক বাহিনী জানিয়েছে, একই সময় ফিলিস্তিনি স্বাধীনতাকামীদের হামলায় চার ইসরায়েলি সেনা নিহত হয়েছে।
গাজার স্বাস্থ্য কর্তৃপক্ষ জানিয়েছে, ২০২৩ সালের অক্টোবরে গাজায় ইসরায়েলি বাহিনীর শুরু করা তাণ্ডবের পর থেকে প্রায় ৭৩ হাজার গাজাবাসী ফিলিস্তিনি নিহত হয়েছে যাদের অধিকাংশই বেসামরিক।