ওভাল অফিসের অনুষ্ঠানে ট্রাম্পের চোখ বুজে থাকার ছবি ভাইরাল
ছবি দেখে মনে হচ্ছে, ট্রাম্প সম্ভবত অনুষ্ঠানের মধ্যেই ঘুমিয়ে পড়েছিলেন। তবে হোয়াইট হাউস এ কথা অস্বীকার করেছে।
হোয়াইট হাউসের ওভাল অফিসে এক অনুষ্ঠানে মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের চোখ বুজে থাকার ছবি নিয়ে গত কয়েকদিন ধরে যুক্তরাষ্ট্রে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা চলছে।
ছবি দেখে মনে হচ্ছে, ট্রাম্প সম্ভবত অনুষ্ঠানের মধ্যেই ঘুমিয়ে পড়েছিলেন। তবে হোয়াইট হাউস এ কথা অস্বীকার করেছে।
ট্রাম্পের এমন ছবিকে কাজে লাগিয়ে বিরোধীরা তার স্বাস্থ্য এবং প্রেসিডেন্টের দায়িত্ব পালনে তিনি আদৌ সক্ষম কিনা নিয়ে সে প্রশ্ন তুলছে বলে জানিয়েছে সিএনএন।
বৃহস্পতিবার ট্রাম্প ওজন কমানোর জনপ্রিয় কিছু ওষুধের দাম কমানোর ঘোষণা দেওয়া ওই অনুষ্ঠানে ওভাল অফিসে অন্যান্য কর্মকর্তাদের সঙ্গেই ছিলেন, তিনি তার রেজুলেট ডেস্কের পেছনে বসে কথাও বলেছেন।
এর মধ্যে কখনো কখনো তার চোখ বন্ধ মনে হচ্ছিল, মাঝে তাকে চোখ খোলা রাখতে সংগ্রাম করতেও দেখা গেছে। হঠাৎ হঠাৎ তিনি চোখও কচলেছেন।
তার চোখ বুজে থাকার ছবিগুলোকে হাতিয়ার বানাতে মোটেও দেরি করেনি সমালোচকরা।
ট্রাম্পের অন্যতম কট্টর সমালোচক ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউসমের গণমাধ্যম কার্যালয় ওই অনুষ্ঠানের ছবি দিয়ে লিখেছে, “ঘুমন্ত ডন ফিরে এসেছে।”
পরে সিএনএনকে দেওয়া বিবৃতিতে হোয়াইট হাউসের মুখপাত্র টেইলর রজার্স বলেছেন, “প্রেসিডেন্ট ঘুমাচ্ছিলেন না; উল্টো তিনি পুরো অনুষ্ঠানজুড়ে কথা বলেছেন, গণমাধ্যমের কাছ থেকে প্রশ্নও নিয়েছেন। এটি ছিল ডায়াবেটিস, হার্টের সমস্যা, স্থূলতা ও অন্যান্য জটিলতায় ভুগতে থাকা মার্কিনিদের চিকিৎসায় ব্যবহৃত দুটি ওষুধের দাম কমানোর ঐতিহাসিক ঘোষণার অনুষ্ঠান।”
“প্রেসিডেন্টের এই ঘোষণা মানুষের খরচ উল্লেখযোগ্য পরিমাণ বাঁচাবে, অসংখ্য মার্কিনির জীবন রক্ষা পাবে। অথচ ব্যর্থ, উদারপন্থি গণমাধ্যম এসব বিষয় প্রচার না করে আস্তাকুঁড়ে ফেলার মতো বয়ান প্রচার করতে চাইছে,” বলেছেন তিনি।
ট্রাম্পকে প্রতিনিয়তই জনসমক্ষে বিভিন্ন অনুষ্ঠানে দেখা যাচ্ছে, তিনি গণমাধ্যমের প্রতিবেদকদের সঙ্গে দীর্ঘ প্রশ্ন-উত্তর পর্বেও থাকেন।
সহযোগী ও মন্ত্রিসভার সদস্যরা প্রায়ই ট্রাম্পের উদ্যম, অনেকক্ষণ কাজ করার শক্তির প্রশংসা করেন। দিন-রাতের বিভিন্ন সময় ট্রাম্পের কাছ থেকে নিয়মিতই ফোন কল বা মেসেজ পান বলেও তারা জানান।
বৃহস্পতিবারের আগের দিনই ট্রাম্প মিয়ামি গিয়ে এক ঘণ্টার বেশি বক্তৃতা দিয়েছিলেন। গত মাসের শেষদিকে তিনি টানা কয়েকদিনে এশিয়ার কয়েকটি দেশ সফরও করেন।
তবে এরপরও প্রেসিডেন্টের স্বাস্থ্য নিয়ে মাঝেমধ্যেই প্রশ্ন ওঠে। ৭৯ বছর বয়সী এ রিপাবলিকান ওয়াল্টার রিড ন্যাশনাল মিলিটারি মেডিকেল সেন্টারে এমআরআই করার কথাও গত মাসে জানিয়েছিলেন। যদিও কেন এমআরআই করতে হয়েছে সে বিষয়ে কিছু বলেননি তিনি।
কয়েক মাস আগে হোয়াইট হাউস জানিয়েছিল, চিকিৎসকরা ট্রাম্পের ফোলা পা পরীক্ষা করেছেন এবং তার দেহে ক্রনিক ভেনাস ইনসাফিসিয়েন্সি পেয়েছেন। এই সমস্যার ক্ষেত্রে কিছু কিছু শিরার ভেতরের ভালভগুলো ঠিকঠাক কাজ করে না, যে কারণে শিরায় রক্ত জমে থাকতে পারে।
যুক্তরাষ্ট্রের সব প্রেসিডেন্টকেই জনসমক্ষে কখনো কখনো ক্লান্ত দেখা গেছে। তুলনামূলক অল্পবয়সী প্রেসিডেন্ট বারাক ওবামাকেও দীর্ঘ সম্মেলনের মধ্যে কখনো কখনো ক্লান্ত চোখ কচলাতে দেখা গেছে।
বেশি বয়স, হুটহাট পড়ে যাওয়া, কখনো কখনো বক্তব্য ভুলে যাওয়ার জন্য এখনও পূর্বসূরী জো বাইডেনের তীব্র সমালোচনা করে যাচ্ছেন ট্রাম্প। গত বছর নির্বাচনী প্রচারণার সময় তিনি বাইডেনকে ‘স্লিপি জো’ তকমা দিয়েছিলেন, এখনও সেই নামে ডেকেই তার সমালোচনা করছেন।
যুক্তরাষ্ট্রের ইতিহাসের সবচেয়ে বেশি বয়সী প্রেসিডেন্ট বাইডেনও কখনো কখনো অনুষ্ঠানের মধ্যে চোখ বুজে থাকতেন।
