চীন মাছ ধরা নৌকা আটক করেছে, অভিযোগ তাইওয়ানের
নৌকাটিকে আটক করে একটি চীনা বন্দরে নিয়ে যাওয়া হয়েছে বলে মঙ্গলবার জানিয়েছেন তাইওয়ানের উপকূলরক্ষীরা।
তাইওয়ান অভিযোগ করে বলেছে, চীনের কর্মকর্তারা তাদের একটি মাছ ধরা নৌকা আটক করেছে। তাইওয়ান নিয়ন্ত্রিত দ্বীপ সংলগ্ন চীনা উপকূলের কাছাকাছি নৌকাটি অবস্থান করছিল।
নৌকাটিকে আটক করে একটি চীনা বন্দরে নিয়ে যাওয়া হয়েছে বলে মঙ্গলবার জানিয়েছেন তাইওয়ানের উপকূলরক্ষীরা। তাইওয়ানের এই অভিযোগে চীনের সঙ্গে দ্বীপদেশটির উত্তেজনা আরও বাড়ল।
স্বায়ত্তশাসিত তাইওয়ানকে চীন তাদের নিজ ভূখন্ডের অংশ বলে মনে করে। তারা মনে করে এটি চীন থেকে বেরিয়ে যাওয়া একটি প্রদেশ। যেটি ভবিষ্যতে কোন একদিন চীনের সঙ্গে একীভূত হবে।
গত মে মাসে তাইওয়ানে নতুন প্রেসিডেন্ট লাই চিং তে দায়িত্ব নেওয়ার পর থেকে তাইপে’র ওপর চাপ বাড়িয়েছে চীন। তারা লাইকে ‘বিচ্ছিন্নতাবাদী’ বলে মনে করে।
তাইওয়ানের মাছ ধরা নৌকাটি মঙ্গলবার রাতে তাইপে-শাসিত কিনমেন দ্বীপের কাছে ছিল। এই দ্বীপটি চীনের সিয়ামেন এবং কুয়ানঝু নগরীর পাশেই অবস্থিত। চীনের সমুদ্রবিষয়ক প্রশাসনের দুটি নৌকা তাইওয়ানের নৌকাটিকে আটক করে। তাইওয়ানের উপকূলরক্ষীরা একথা জানিয়েছে।
এক বিবৃতিতে তারা জানায়, নৌকাটিকে ছেড়ে দেওয়ার আহ্বান জানিয়ে তাইওয়ান সতর্কবার্তা দিয়েছে এবং নিজেদের উপকূলরক্ষী নৌকাও পাঠিয়েছে। কিন্তু চীনের নৌকা থেকে পাল্টা বার্তা দিয়ে বলা হয়েছে হস্তক্ষেপ না করতে।
এরপর তাইওয়ানের উপকূলরক্ষীদের নৌকা সংঘাত এড়াতে সেখান থেকে পিছু হটে যায় এবং চীন তখন তাইওয়ানের নৌকাটিকে তাদের বন্দরে নিয়ে যায়।
এ বিষয়ে জানতে চাইলে চীনের তাইওয়ান বিষয়ক কার্যালয় তাৎক্ষণিকভাবে কোনও জবাব দেয়নি।
