২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩

ইরান উত্তেজনার মধ্যেই পাকিস্তানের সেনাপ্রধানের সঙ্গে বসছেন ট্রাম্প

ইরানের সঙ্গে পাকিস্তানের সীমান্ত রয়েছে। ইসলামাবাদ চলতি সপ্তাহেই ওই সীমান্ত অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দিয়েছে।

ইরান উত্তেজনার মধ্যেই পাকিস্তানের সেনাপ্রধানের সঙ্গে বসছেন ট্রাম্প
ফাইল ছবি। ছবি: রয়টার্স

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jun 2025, 11:07 AM

Updated : 26 Aug 2026, 01:13 PM

ইরানে ইসরায়েলের হামলায় যুক্তরাষ্ট্রও শিগগিরই যুক্ত হচ্ছে এমন জল্পনার মধ্যেই মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকে বসতে যাচ্ছেন পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনির। 

বুধবার হোয়াইট হাউজে দুজন একসঙ্গে দুপুরের খাবার খাবেন বলে জানিয়েছে বিবিসি। 

এ বৈঠকে গণমাধ্যমের কারও থাকার কথা নয়।

জেনারেল মুনির ১৪ জুন থেকেই যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন, তার সঙ্গে মার্কিন প্রেসিডেন্টের বৈঠক আগেই নির্ধারিত ছিল।  

কিন্তু ঘটনাচক্রে সেই বৈঠকটি এমন এক সময়ে হচ্ছে যখন ইসরায়েল-ইরান পাল্টাপাল্টি আকাশপথে হামলা নিয়ে মধ্যপ্রাচ্য তেঁতে রয়েছে। ইরানের বিরুদ্ধে হামলায় ওয়াশিংটনও শিগগিরই যোগ দিচ্ছে বলে ওই অঞ্চলে মার্কিন সামরিক উপস্থিতি বৃদ্ধি এবং ট্রাম্প প্রশাসনের কর্মকর্তাদের বক্তব্যে ইঙ্গিত মিলেছে।

যুক্তরাষ্ট্র এতে যোগ দিলে যুদ্ধ মধ্যপ্রাচ্য এমনকি এর বাইরেও ছড়িয়ে পড়তে পারে বলে অনেকে আশঙ্কা করছেন।

তার মধ্যেই আসিম মুনিরের সঙ্গে ট্রাম্পের বৈঠক পশ্চিমা গণমাধ্যমগুলোরও নজর কাড়ছে। 

ইরানের সঙ্গে পাকিস্তানের সীমান্ত রয়েছে। ইসলামাবাদ চলতি সপ্তাহেই ওই সীমান্ত অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দিয়েছে। 

কয়েকদিন আগে ভারতের সঙ্গে সংঘাতের পর দেশে ‘ফিল্ড মার্শাল’ খেতাব পাওয়া আসিম মুনির পাকিস্তানের রাজনীতি ও সিদ্ধান্তগ্রহণ প্রক্রিয়ায় বেশ প্রভাবশালী। 

মে-র শেষভাগে তিনি ইরানি সশস্ত্র বাহিনীর প্রধান মোহাম্মদ হোসেইন বাঘেরির সঙ্গেও বৈঠক করেছিলেন বলে জানিয়েছে ইরানি গণমাধ্যমগুলো। 

শুক্রবার ইরানে ইসরায়েলের হামলার প্রথম দিনই বাঘেরি নিহত হন। 

ইরানের সঙ্গে সীমান্ত বন্ধ করল পাকিস্তান