২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘দ্বিপক্ষীয় সহযোগিতা’ নিয়ে মোদী-ট্রাম্পের ফোনালাপ

ভারতের প্রধানমন্ত্রী মোদী এক্সে লিখেছেন, প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে উষ্ণ ও ফলপ্রসু আলাপ হয়েছে। দ্বিপক্ষীয় সম্পর্কের অগ্রগতি পর্যালোচনার পাশাপাশি আঞ্চলিক ও আন্তর্জাতিক উন্নয়ন নিয়ে আলোচনা হয়েছে।

‘দ্বিপক্ষীয় সহযোগিতা’ নিয়ে মোদী-ট্রাম্পের ফোনালাপ
নরন্দ্র মোদী ও ডনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স

বিডিনিউজ২৪

রয়টার্স

Published : 12 Dec 2025, 05:10 PM

Updated : 26 Aug 2026, 05:18 PM

বাণিজ্যচুক্তি নিয়ে টানাপড়েন এবং মার্কিন বাজারে ভারতীয় পণ্যের ওপর শাস্তিমূলক উচ্চ শুল্কের আবহে তৃতীয়বারের মতো ফোনালাপ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

 দুই নেতা ভারত-যুক্তরাষ্ট্র কৌশলগত অংশীদারিত্বের অগ্রগতি পর্যালোচনা করেছেন। পাশাপাশি সব ক্ষেত্রে দ্বিপক্ষীয় সহযোগিতা ধারাবাহিকভাবে জোরদার করার বিষয়েও আলোচনা করেছেন।

রাশিয়ার থেকে তেল কেনার ‘অপরাধে’ ভারতীয় পণ্যে জরিমানা-সহ ৫০ শতাংশ শুল্ক বসিয়েছিলেন ট্রাম্প। ভারত এই শুল্কের বোঝা থেকে রেহাই পেতে চাইছে।

সেই প্রেক্ষাপটেই আবারও ট্রাম্পের সঙ্গে মোদীর ফোনালাপ হল। এ আলাপে দুই দেশের বাণিজ্যচুক্তির বরফ গলল কিনা বা নয়াদিল্লি শুল্কে বোঝার নাগপাশ মুক্ত হতে চলেছে কিনা তা তাৎক্ষণিকভাবে স্পষ্ট হয়নি। 

তবে টেলিফোন আলাপের পর এক্স হ্যান্ডলে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যে পোস্ট করেছেন, তাতে যুক্তরাষ্ট্রের সঙ্গে ভারতের উষ্ণ সম্পর্কের আভাস মিলেছে।

এক্স–এ মোদী লিখেছেন, “প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে ফোনে খুবই উষ্ণ, গঠনমূলক এবং ফলপ্রসূ আলোচনা হয়েছে। দ্বিপক্ষীয় সম্পর্কের একাধিক বিষয় নিয়ে সবিস্তারে কথা হয়েছে। 

“ঘরোয়া এবং আন্তর্জাতিক স্তরে ঘটতে থাকা একাধিক ঘটনা আমরা পর্যালোচনা করেছি। আগামী দিনে বিশ্বে শান্তি, স্থিতিশীলতা এবং সমৃদ্ধি বজায় রাখতে একযোগে কাজ করবে ভারত এবং যুক্তরাষ্ট্র।”

ভারতের সরকারি বিবৃতিতে বলা হয়েছে, বাণিজ্য, গুরুত্বপূর্ণ প্রযুক্তি হস্তান্তর, জ্বালানি, প্রতিরক্ষা, নিরাপত্তা-সহ গুরুত্বপূর্ণ ক্ষেত্রগুলিতে সহযোগিতা সম্প্রসারণ নিয়ে আলোচনা করেছেন মোদী এবং ট্রাম্প।

জানুয়ারি থেকেই ভারতের সঙ্গে বহু কোটি ডলারের বাণিজ্য-সমঝোতা যত দ্রুত সম্ভব সেরে ফেলার কথা বলে আসছিলেন প্রেসিডেন্ট ট্রাম্প। কিন্তু বিষয়টি নিয়ে দু’দেশের মধ্যে একাধিক দফায় আলোচনার পরেও তা বাস্তবায়িত করা যায়নি ওয়াশিংটনের দাবি মেনে নয়াদিল্লি রুশ জ্বালানি কেনা বন্ধ না করায়। 

গত জুলাইয়ের শেষ দিকে দুই দেশের বাণিজ্য আলোচনা ভেস্তে যায়। পাশাপাশি কৃষি-সহ একাধিক ক্ষেত্রে যে পরিমাণ বাজারের দখল এবং বাণিজ্যিক সুযোগ-সুবিধে চাইছে ওয়াশিংটন, তা খুলে দিতে রাজি নয় নয়াদিল্লি। সেই জটে থমকে রয়েছে চুক্তি।

তবে আলোচনা এরপরও চলেছে। গত বুধবার থেকে নয়াদিল্লিতে শুরু হয়েছে দু’দেশের বাণিজ্যচুক্তি সম্পর্কিত চলতি দফার আলোচনা। সেখানে মার্কিন বাণিজ্য প্রতিনিধি জ্যামিসন গ্রির বলেছেন, খোলা মনে আলোচনা শুরু হয়েছে।

এই সপ্তাহে দুদিনের সফরে নয়াদিল্লিতে ভারতীয় কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন যুক্তরাষ্ট্রের উপবাণিজ্য প্রতিনিধি রিক সুইটজার। ওয়াশিংটন রুশ তেল কেনা নিয়ে যে অতিরিক্ত শুল্ক চাপিয়েছে, তার অবসান চায় ভারত।

 তবে এসব বৈঠক নিয়ে যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধির কার্যালয় কোনও মন্তব্য করেনি। নাম প্রকাশ না করার শর্তে ট্রাম্প প্রশাসনের এক কর্মকর্তা বলেন, বছর শেষ হওয়ার আগেই কোনো বাণিজ্যচুক্তি চূড়ান্ত করা সম্ভব হবে কি না, তা নিশ্চিত নয়।

যুক্তরাষ্ট্রের সাবেক বাণিজ্য মন্ত্রণালয়ের এক জ্যোষ্ঠ কর্মকর্তা বলেন, বিশ্ব অর্থনীতিতে ভারতের গুরুত্বের কারণে শেষ পর্যন্ত একটি চুক্তি হওয়ার সম্ভাবনাই বেশি।

গত সপ্তাহে রাষ্ট্রীয় সফরে নয়াদিল্লিতে ছিলেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তিনি ভারতকে নিরবচ্ছিন্ন জ্বালানির সরবরাহের আশ্বাস দিয়ে যুক্তরাষ্ট্রের চাপকে চ্যালেঞ্জ করেন।

ভারত সরকারের তথ্য বলছে, অক্টোবর মাসে যুক্তরাষ্ট্রে ভারতীয় পণ্য রপ্তানির পরিমাণ আগের বছরের তুলনায় প্রায় ৯ শতাংশ কমে ৬৩১ কোটি ডলারে দাঁড়িয়েছে। যা এক বছর আগে ছিল ৬৯১ কোটি ডলার। 

তবে সেপ্টেম্বরের ৫৪৭ কোটি ডলারের তুলনায় অক্টোবরে রপ্তানি বেশি ছিল। ওয়াশিংটন চাইছে, ভারত যেন মার্কিন পণ্যের ওপর শুল্ক ও শুল্ক-বহির্ভূত বাধা কমিয়ে আনে এবং মার্কিন কৃষিপণ্য, যেমন সয়াবিন সহ নানান কৃষিপণ্যগুলোর জন্য বাজার খুলে দেয়।