ইরানের সঙ্গে চুক্তি হলে পাকিস্তানে যেতে পারেন ট্রাম্প
যুদ্ধ অবসানে ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি চূড়ান্ত হলে তাতে সই করার জন্য ইসলামাবাদে যেতে পারেন বলে সাংবাদিকদের জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট।
ইরানের সঙ্গে একটি চুক্তি হলে পাকিস্তান সফরে যাওয়ার আগ্রহ প্রকাশ করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প।
বৃহস্পতিবার হোয়াইট হাউজে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই সম্ভাবনার কথা জানান।
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করছে পাকিস্তান। ট্রাম্পের দাবি, বোঝাপড়ার বেশির ভাগ ক্ষেত্রেই একমত হয়েছে যুক্তরাষ্ট্র এবং ইরান।
এ পরিস্থিতিতে যুদ্ধে অবসানের জন্য শিগগিরই চুক্তি চূড়ান্ত হতে পারে বলে মনে করছেন তিনি। এমন হলেই ট্রাম্প নিজে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে যেতে পারেন বলে জানিয়েছেন।
চুক্তিতে সই করতে ইসলামাবাদ সফর করবেন কি না, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, “আমি পাকিস্তান যাব।”
পাকিস্তানের প্রশংসা করে তিনি বলেন, “পাকিস্তান দারুণ কাজ করছে। তারা খুব ভালো ভূমিকা রাখছে। যদি ইসলামাবাদে কোনও চুক্তি সাক্ষরিত হয়, তবে আমি সেখানে যেতে পারি।”
গত সপ্তাহে ইসলামাবাদে দুই দেশের মধ্যকার শান্তি আলোচনা কোনও চুক্তি ছাড়াই শেষ হয়। তবে যুক্তরাষ্ট্র, ইরান এবং পাকিস্তান এখনো নিজেদের মধ্যে নিয়মিত যোগাযোগ রক্ষা করে চলেছে।
পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় বৃহস্পতিবার নিশ্চিত করেছে যে, দ্বিতীয় দফা আলোচনার পরিবেশ তৈরিতে ওয়াশিংটন ও তেহরান ইসলামাবাদের মাধ্যমে যোগাযোগ রাখছে। তবে বৈঠকের কোনও দিনক্ষণ এখনো চূড়ান্ত হয়নি।
এ বিষয়ে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তাহির আনদ্রাবি আল-জাজিরাকে বলেন, “কারা আসবেন, প্রতিনিধি দল কত বড় হবে এবং কারা আলোচনায় থাকবেন তা দুই পক্ষই ঠিক করবে। মধ্যস্থতাকারী হিসেবে আলোচনার বিষয়বস্তু গোপন রাখা আমাদের দায়িত্ব।”
যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে বর্তমানে দু’সপ্তাহের যুদ্ধবিরতি চলছে। আগামী সপ্তাহেই সেই যুদ্ধবিরতির মেয়াদ ফুরাচ্ছে।
সেকথা মনে করিয়ে দিয়ে ট্রাম্প জানান, তিনি চাইলে যুদ্ধবিরতির মেয়াদ আরও বাড়াতে পারেন। তবে তেমন করার আর প্রয়োজন হবে না বলেই মনে করছেন তিনি।
লেবাননে যুদ্ধবিরতির প্রভাব:
ওদিকে বৃহস্পতিবারই ইসরায়েল ও লেবাননের মধ্যে ১০ দিনের একটি যুদ্ধবিরতির ঘোষণা দিয়েছেন ট্রাম্প।
গত ২৮ ফেব্রুয়ারি ইরানের সঙ্গে যুদ্ধ শুরু হওয়ার পর থেকেই লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর ওপর হামলা জোরদার করেছিল ইসরায়েল।
কূটনৈতিক বিশ্লেষকদের মতে, লেবানন ও ইসরায়েলের মধ্যকার এই যুদ্ধবিরতি ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার আলোচনায় ইতিবাচক প্রভাব ফেলতে পারে।
এর আগে ইরান ও পাকিস্তান দাবি করেছিল যে, আগের যুদ্ধবিরতির আওতায় লেবাননও অন্তর্ভুক্ত ছিল; যদিও যুক্তরাষ্ট্র ও ইসরায়েল তা অস্বীকার করে আসছে।
