ওঝার সঙ্গে বিয়ে কবে, ঘোষণা দিলেন নরওয়ের রাজকুমারী
বিয়ের পর রাজপরিবারে যোগ দিতে ভেরেট নরওয়েতে চলে যাবেন। তবে কোনো পদ-পদবী পাবেন না তিনি।
নরওয়ের রাজকুমারী মারথা লুইস আগামী গ্রীষ্মেই বিয়ে করতে চলেছেন তার আফ্রিকান-আমেরিকান সঙ্গী, স্বঘোষিত ওঝা ডিউরেক ভেরেটকে।
দেশটির রাজা পঞ্চম হেরাল্ড এই জুটিকে অভিনন্দন জানিয়ে বলেছেন, ভেরেটকে তার পরিবারে স্বাগত জানাতে পেরে তিনি খুশি।
৫১ বছর বয়সী রাজকুমারী তার চেয়ে তিন বছরের ছোট ভেরেটের সঙ্গে ২০২২ সালের জুনে বাগদান সম্পন্ন করার ঘোষণা দেন। সেসময় রাজার আশির্বাদও গ্রহণ করেন।
বিয়ের খবরে নরওয়ের রাজা ও রানী বুধবার এক বিবৃতিতে বলেছেন, “ডিউরেক ভেরেট আমাদের পরিবারে যুক্ত হওয়ায় উচ্ছ্বসিত আমরা। সেই মহান দিন উদযাপনে আমরা উন্মুখ।”
নরওয়ের রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম এনআরকে বলেছে, বিয়ের পর রাজপরিবারে যোগ দিতে ভেরেট নরওয়েতে চলে যাবেন। তবে কোনো পদ-পদবী পাবেন না তিনি।
আধ্যাত্মিক গুরু ভেরেট ওষুধের বিকল্প ব্যবস্থা প্রচারের জন্য পরিচিত। তার মতে, ক্যান্সার হল একটি ‘চয়েজ’। কোভিড-১৯ থেকে মুক্তি পেতে অনলাইনে তাবিজ-কবজের মত গলায় ঝোলানো অলঙ্কারও বিক্রি করেন তিনি।
মারথা লুইস তার সঙ্গে ওই বিকল্প ব্যবসা পরিচালনার জন্য রাজকীয় দায়িত্ব ছেড়ে দেন। রাজকুমারীর দাবি, তিনি স্বর্গীয় দূতদের সঙ্গে যোগাযোগ করতে পারেন।
ভেরেট নিজেকে ‘ষষ্ঠ প্রজন্মের শামান’ হিসেবে বর্ণনা করেন। তার দাবি, মৃত্যু থেকে তিনি পুনরুত্থিত হয়েছেন। এছাড়া যুক্তরাষ্ট্রে ৯/১১ হামলার দুই বছর আগে ওই ঘটনার আভাস দিয়েছিলেন বলেও দাবি করেন।
তবে তার এই বিশ্বাস যে অন্যদের অস্বস্তির কারণ হতে পারে, সেটি স্বীকার করে তিনি যুক্তি দেখান, তাকে নিয়ে সমালোচনার কারণ হল বর্ণবাদ। অন্যদিকে বিকল্প চিকিৎসা ব্যবস্থায় যুক্ত হয়ে দশককাল ধরে নরওয়েতে বিতর্কিত রাজকুমারী মারথা লুইসও।
মারথা লুইস রাজা হেরাল্ডের বড় সন্তান। বাবার উত্তরসূরী হিসেবে পরবর্তী রাজা হবেন তার ছোট ভাই ক্রাউন প্রিন্স হ্যাকন।
সংবাদসূত্র: বিবিসি
(প্রতিবেদনটি প্রথম ফেইসবুকে প্রকাশিত হয়েছিল ১৪ সেপ্টেম্বর ২০২৩ তারিখে: ফেইসবুক লিংক)
