অস্ট্রেলিয়ায় নিখোঁজ জেলের দেহ মিলল কুমিরের পেটে
কেভিন ডারমডি একজন অভিজ্ঞ জেলে এবং কেপ ইয়র্কে জেলে সম্প্রদায়ের একজন পরিচিত মুখ ছিলেন।
বন্ধুদের সঙ্গে মাছ ধরতে গিয়ে নিখোঁজ হয়েছিলেন কেভিন ডারমডি। অনেক খোঁজাখুঁজির পর শেষ পর্যন্ত তার দেহাবশেষ মেলে একটি কুমিরের পেটে।
৬৫ বছরের ডারমডিকে সর্বশেষ গত রোববার দেখা গিয়েছিল ‘কেনেডিস বেন্ড’ এ। এটি কুইন্সল্যান্ডের উত্তরের একটি প্রত্যন্ত অঞ্চল, যেটি লোনাপানির কুমিরের আবাসস্থল হিসেবে পরিচিত।
ডারমডির খোঁজে সেখানে পুলিশ দুইদিন ধরে তল্লাশি চালানোর পর দুইটি বড় আকারের কুমির হত্যা করে এবং সেগুলোর একটির পেটের ভেতর মানবদেহ পায়।
পুলিশ বলেছে, এটা ডারমডির জীবনের ‘খুবই দুঃখজনক অবসান’। পরিচয় নিশ্চিত করার আনুষ্ঠানিক প্রক্রিয়া সম্পন্ন করা হবে বলে জানিয়েছেন তারা।
বিবিসি জানায়, ডারমডি একজন অভিজ্ঞ জেলে এবং কেপ ইয়র্কে জেলে সম্প্রদায়ের একজন পরিচিত মুখ ছিলেন।
ডারমডিকে শেষ যেখানে দেখা গিয়েছিল সেখান থেকে দেড় কিলোমিটারের মধ্যে থাকা ওই কুমির দুটিকে গত সোমবার গুলি করে হত্যা করা হয়। সেগুলোর একটি ৪ দশমিক ১ মিটার এবং অন্যটি ২ দশমিক ৮ মিটার লম্বা।
একটি কুমিরের পেটে মৃতদেহ পাওয়া গেলেও বন কর্মকর্তাদের বিশ্বাস, দুটি কুমির মিলেই এ ঘটনা ঘটিয়েছে।
ডারমডির সঙ্গে যারা মাছ ধরতে গিয়েছিলেন তারা তার উপর কুমিরের হামলার ঘটনা দেখতে পাননি। তবে পানির মধ্যে ভারি কিছু পড়ার শব্দ এবং ডারমডির চিৎকার শুনতে পাওয়ার কথা তারা পুলিশকে জানিয়েছেন।
তাদের একজন স্থানীয় একটি সংবাদমাধ্যমকে বলেন, ‘‘আমি দৌড়ে নিচে যাই...কিন্তু সেখানে তার কোনও চিহ্ন খুঁজে পাইনি। শুধু তার স্যান্ডেল জোড়া পাড়ে পড়েছিল।”
অস্ট্রেলিয়ার উত্তরাঞ্চলে হরহামেশাই কুমির দেখতে পাওয়া যায়। কিন্তু সেগুলোর মানুষের উপর হামলার ঘটনা খুবই বিরল।
