ধূলিঝড়ে দুর্বিপাকে চীন থেকে দক্ষিণ কোরিয়া
চীন ও মঙ্গোলিয়া সীমান্তের গোবি মরুভূমি থেকে হলদে ধূলো প্রতিবছরই কোরিয়া উপদ্বীপে ছড়িয়ে যায়। কিন্তু এবারই প্রথম এ ধূলো ছড়িয়েছে আরও পূর্বে সূদূর জাপান পর্যন্ত।
একমাসেরও বেশি সময় ধরে চীনে ছেয়ে আছে হলদে রঙের ধূলোয়। এই ধূলিঝড় এখন ছড়িয়ে পড়ছে চীনের প্রতিবেশী দেশ দক্ষিণ কোরিয়া এবং জাপানেও।
ধূলিঝড়ে এই দেশগুলোর মানুষেরা পড়েছে দূর্বিপাকে। রাস্তায় বেরোলেই তাদেরকে পরতে হচ্ছে ফেস মাস্ক এবং হুডি জ্যাকেট।
হলদে এই ধূলো ‘এশিয়ান ডাস্ট’ নামেও পরিচিত। বিস্তীর্ণ এলাকাজুড়ে এ ধূলো ছেয়ে যাওয়ার ঘটনা বছরের এই সময়টিতে প্রতিবারই ঘটে।
চীন এবং মঙ্গোলিয়া সীমান্তের গোবি মরুভূমি থেকে ধূলিঝড়ের উৎপত্তি ঘটে বাতাসে বাতাসে ধূলো ছড়িয়ে যায় কোরিয়া উপদ্বীপ পর্যন্ত। কিন্তু এবারই এই ধূলো প্রথমবারের মতো ছড়িয়ে পড়েছে আরও পূর্বদিকে সূদূর জাপান পর্যন্ত।
ধূলোয় সবকিছু ঝাপসা নজরে আসার সমস্যা ছাড়াও বায়ু দূষণ বাড়িয়ে মানুষের শ্বাসযন্ত্রের জন্যও বড় ধরনের সমস্যা হয়ে দাঁড়িয়েছে এই হলদে ধূলো।
যুক্তরাষ্ট্র থেকে দক্ষিণ কোরিয়ায় কাজ করতে যাওয়া এক যুবক আকাশ ছেয়ে যাওয়া এই ধূলোর কারণে দুর্দশার কথা জানিয়ে বলেন, “আপনার ভাল লাগবে না। এটি খারাপ আবহাওয়ার মতো একটি দিন। আপনি স্বাভাবিকভাবেই রৌদ্রজ্জ্বল দিন দেখে বাইরে যেতে চাইবেন। কিন্তু আবহাওয়া যখন খুবই নোংরা তখন আপনি মনমরা বোধ করবেন এবং ঘরেই থাকতে চাইবেন।”
অরেকজন বলেন, হলদে ধুলো এড়ানোর কোনও বাস্তবসম্মত পথ নেই বলেই মনে হচ্ছে। তাই স্বাস্থ্যের ঝুঁকি নিয়েই বাচ্চাকে কোনওভাবে স্কুলে পাঠাতে হয়েছে।
চীন কর্তৃপক্ষ বলছে, তাপমাত্রা বেড়ে যেতে থাকায় এবং গোবি মরুভূমিতে বৃষ্টিপাত কম হওয়ায় ১৯৬০ এর দশকের পর থেকে এ অঞ্চলে ঘন ঘন ধূলিঝড় হওয়ার প্রবণতা বেড়ে গেছে।
বিবিসি জানায়, এ বছর মার্চে চীনের বিভিন্ন স্থানে ধূলিঝড় হতে শুরু করে। আকাশ হয়ে যায় হলদে। আর এপ্রিল মাসের প্রথম দু’সপ্তাহেই হয়েছে চারটি ধূলিঝড়। সবশেষ ধূলিঝড়ে গাড়ি, বাইসাইকেল এবং বাড়িঘর সব ধূলোয় ঢাকা পড়ে গেছে।
চীনের স্যোশাল মিডিয়া প্লাটফর্ম উইবোতে ছড়িয়ে একটি ভিডিওয় এক নারীকে তার ইনার মঙ্গোলিয়ার অ্যাপার্টমেন্টে তিন কেজি ধূলা ঝাড় দিতে দেখা গেছে। ধূলিঝড়ের সময় ভুলে জানালা খোলা রাখাতেই ঘটেছে এই বিপত্তি।
ওদিকে, বেইজিংয়ে ৩১ বছর বয়সী এক নারী ধূলার বর্ণনা দিতে গিয়ে বলেছেন, সামান্য একটু বাড়ির বাইরে বেরোতেই তিনি আপাদমস্তক ধূলোয় ঢাকা পড়েছেন, ঠিক সেই পোড়ামাটির টেরা কোটা যুদ্ধ সেনাদের মতো। ধূলোর এই সময়টা প্রতিবারই আসে বলে জানালেও এই নারী বলেন এবার বাতাসটা খুবই জোরাল।
এবার ১১ এপ্রিলের ধূলিঝড়ে সুউচ্চ টাওয়ার ভবনগুলোও পুরোপুরি ধূলোয় ঢাকা পড়ে। ধূলিঝড়ের কবলে পড়া ১২ টি প্রদেশে পরেরদিন সতর্কতা জারি করা হয়।
