ইউক্রেইন যুদ্ধের ‘প্রধান অর্থদাতা’ চীন-ভারত: জাতিসংঘে ট্রাম্প
রাশিয়ার তেল কেনা অব্যাহত রেখে চীন ও ভারত মস্কোকে যুদ্ধের জন্য অর্থ জুগিয়ে যাচ্ছে বলে জাতিসংঘ ভাষণে অভিযোগ করেছেন মার্কিন প্রেসিডেন্ট।
জাতিসংঘ সাধারণ পরিষদে বিশ্ব নেতাদের উদ্দেশ্যে ভাষণে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প বলেছেন, রাশিয়া-ইউক্রেইন যুদ্ধের ‘প্রধান অর্থদাতা’ ভারত ও চীন।
রাশিয়ার তেল কেনা অব্যাহত রেখে তারা মস্কোকে যুদ্ধের জন্য অর্থ জুগিয়ে যাচ্ছে বলে তিনি অভিযোগ করেন।
তাছাড়া, রাশিয়া থেকে জ্বালানি আমদানি কমাতে যথেষ্ট পদক্ষেপ না নেওয়ার জন্য নেটো দেশগুলোরও সমালোচনা করেছেন ট্রাম্প।
মঙ্গলবার জাতিসংঘ সাধারণ পরিষদে দেওয়া বক্তব্যে ট্রাম্প সাড়ে তিন বছর ধরে রাশিয়া-ইউক্রেইন যুদ্ধ চলার জন্য ভারত এবং চীনকে নিশানা করেন।
তিনি বলেন, “ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং চীনের প্রেসিডেন্ট শি জিনপিং সরকারের ধারাবাহিক আর্থিক মদতের কারণেই রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেইনে আগ্রাসন চালিয়ে যেতে পারছেন।”
ট্রাম্প দাবি করেন, তিনি ক্ষমতায় থাকলে ইউক্রেইন যুদ্ধ শুরুই হত না। “রাশিয়া থেকে সব দেশকে জ্বালানি কেনা অবিলম্বে বন্ধ করতে হবে। তা না হলে আমাদের সবারই কেবল বিশাল সময় নষ্ট করা হবে”, ইউরোপ প্রসঙ্গে বলেন তিনি।
রাশিয়ার কাছ থেকে তেল কেনার শাস্তি হিসাবে ট্রাম্প কয়েক সপ্তাহ আগেই ভারতের পণ্যের ওপর দুই দফায় শুল্ক আরোপ করেছেন, যার মোট পরিমাণ দাঁড়িয়েছে ৫০ শতাংশে।
এই শাস্তিমূলক পদক্ষেপের ব্যাখ্যায় ট্রাম্প তখন যুক্তি দেখিয়েছিলেন যে, এই তেল কেনার মাধ্যমে ইউক্রেইন যুদ্ধে রাশিয়াকে অর্থ জোগানো হচ্ছে।
এরপর জাতিসংঘ সাধারণ পরিষদের ভাষণে তিনি ফের সেই একই অভিযোগই করলেন।
রাশিয়া-ইউক্রেইন যুদ্ধ প্রসঙ্গে ট্রাম্প বলেন, “এখন একমাত্র প্রশ্ন হচ্ছে, দুই পক্ষে আর কতগুলো প্রাণ অপ্রয়োজনে ঝরে যাবে সেটি। চীন ও ভারত রাশিয়ার তেল কিনে এই চলমান যুদ্ধে প্রধান অর্থদাতা হয়ে উঠেছে। এমনকি নেটো দেশগুলোও রাশিয়ার জ্বালানি কেনা বন্ধ করছে না।”
রক্তক্ষয় বন্ধ করতে খুব শিগগিরই আরেক দফায় শুল্ক আরোপের হুমকিও দিয়েছেন ট্রাম্প। তিনি বলেন, “যুদ্ধ বন্ধ করতে যুক্তরাষ্ট্র আরেক দফায় খুবই শক্তিশালী শুল্ক আরোপ করতে পুরোপুরি প্রস্তুত, যাতে দ্রুতই রক্তক্ষয় বন্ধ হয়।”
