২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

দেশে ফিরে বিমানবন্দরেই গ্রেপ্তার উগান্ডার বিরোধী নেতা ববি ওয়াইন

পপ তারকা থেকে রাজনীতিক বনে যাওয়া ববি ওয়াইনের আসল নাম রবার্ট কিয়াগুলানি। ২০২১ সালের জানুয়ারির প্রেসিডেন্ট নির্বাচনে তিনি শক্ত প্রতিদ্বন্দ্বিতা গড়ে তুলেছিলেন।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Oct 2023, 12:23 AM

Updated : 06 Oct 2023, 12:27 AM

উগান্ডার বিরোধীদলীয় নেতা পপ তারকা ববি ওয়াইন গ্রেপ্তার হয়েছেন। বৃহস্পতিবার দেশে ফিরলে রাজধানী কাম্পালার এন্টেবে আন্তর্জাতিক বিমানবন্দরেই তাকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছে তার দল ন্যাশনাল ইউনিটি প্ল্যাটফর্ম-এনইউপি।

সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে এনইউপি থেকে বলা হয়, “উগান্ডা ফেরার পর ওয়াইনকে নির্দয়ভাবে গ্রেপ্তার করা হয়েছে। আমরা এখনো জানি না তাকে কোথায় রাখা হয়েছে।”

সিএনএন জানায়, এনইউপি থেকে ওয়াইনকে গ্রেপ্তারের একটি ভিডিও প্রকাশ করা হয়েছে। যেখানে দেখা যায়। বেশ কয়েকজন টার্মাক থেকে ওয়াইনকে টানতে টানতে নিয়ে যাচ্ছে। সে সময় তার একজন সহযোগীকে বার বার ‘তাকে কোথায় নিয়ে যাচ্ছেন’ বলে চিৎকার করতে শোনা যায়।

সিএনএন থেকে এ বিষয়ে জানতে উগান্ডার পুলিশের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেছিল। কিন্তু কোনো সাড়া পায়নি।

ওয়াইনের দেশে ফেরা উপলক্ষ্যে তার সমর্থকরা বিমানবন্দর জড়ো হয়েছিলেন। সেখান থেকে তাদের একটি মিছিল বের করার কথা ছিল। পুলিশ তাদের ওই মিছিল আয়োজন না করার বিষয়ে সতর্ক করেছিল। ধারণা করা হয়, বিশৃঙ্খলা এড়াতেই ওয়াইনকে বিমানবন্দরেই গ্রেপ্তার করা হয়।

পপ তারকা থেকে রাজনীতিক বনে যাওয়া ববি ওয়াইনের আসল নাম রবার্ট কিয়াগুলানি। যিনি ২০২১ সালের জানুয়ারিতে হওয়া প্রেসিডেন্ট নির্বাচনে শক্ত প্রতিদ্বন্দ্বিতা গড়ে তুলেছিলেন।

তবে শেষ পর্যন্ত প্রেসিডেন্ট ইউয়েরি মুসেভেনির কাছে হেরে যান। যিনি সেবার ষষ্ঠবারের মত উগান্ডার প্রেসিডেন্ট নির্বাচিত হন। ভোটে মুসেভেনির নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন ওয়াইন। যদিও ওই নির্বাচন নিয়ে জালিয়াতি ও হস্তক্ষেপের জোরাল অভিযোগ রয়েছে।  

গত এক বছরের বেশি সময়ে ওয়াইন একাধিকবার গ্রেপ্তার হয়েছেন। এর আগে ২০২১ সালে সিএনএন কে দেওয়া এক সাক্ষাৎকারে ওয়াইন বলেছিলেন, উগান্ডায় তার প্রাণনাশের ঝুঁকি রয়েছে।

উগান্ডা যাওয়ার আগে বৃহস্পতিবারের শুরুতে তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে দেশে ফিরতে প্রস্তুত বলে জানান। বলেন, “যদিও আমি মৃত্যুর ছায়ার উপত্যকার মধ্য দিয়ে হাঁটছি, তবুও আমি কোন শয়তানকে ভয় করব না কারণ প্রভু আমার সাথে আছেন। আমি বাড়ি আসছি!”

তার আগে বুধবার উগান্ডা পুলিশ বাহিনীর পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়, তারা খবর পেয়েছেন বৃহস্পতিবার এন্টেবে আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মিছিল বের করার পরিকল্পনা হয়েছে। জননিরাপত্তার স্বার্থে এবং যানজট এড়াতে পুলিশ আয়োজকদের ওই মিছিল বাতিল করতে বলেছিল।