২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চীনে ছুরি হামলায় আহত জাপানি বালকের মৃত্যু

বালকটির ওপর হামলাকারী ৪৪ বছর বয়সী ব্যক্তি ঝংকে ঘটনাস্থলেই গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে স্থানীয় পুলিশ।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Sep 2024, 09:11 PM

Updated : 10 Sep 2026, 12:18 PM

চীনের দক্ষিণাঞ্চলে ১০ বছরের এক জাপানি বালক তার স্কুলের কাছে ছুরিকাঘাতে আহত হয়ে পরে মারা গেছে। 

জাপানি কর্মকর্তারা বলছেন, বালকটি চীনের শেনঝেন জাপানিজ স্কুলের ছাত্র ছিল। বৃহস্পতিবার আহত অবস্থায় সে মারা যায়।

বালকটির ওপর হামলাকারী ৪৪ বছর বয়সী ব্যক্তি ঝংকে ঘটনাস্থলেই গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে স্থানীয় পুলিশ।

জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা এই হামলার ঘটনাকে অত্যন্ত বিস্ময়কর বলে মন্তব্য করেছেন এবং বেইজিংয়ের কাছে যত দ্রুত সম্ভব ঘটনাটির ব্যাখ্যা চেয়েছেন।

চীনের পররাষ্ট্রমন্ত্রণালয়ের মুখপাত্র লিন জিয়ান বলেছেন, ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে এবং চীন ও জাপান যোগাযোগের মধ্যে আছে।

বৃহস্পতিবার মুখপাত্র লিন জিয়ান এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের বলেন, এ ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটে যাওয়ায় চীন দুঃখ প্রকাশ করছে।

লিন জানান, বালকটি জাপানি নাগরিক। তার বাবা জাপানি এবং মা চীনা।

বালকটির ওপরে হামলাকারীর উদ্দেশ্য কি ছিল তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তবে পর্যবেক্ষকদের কেউ কেউ বলছেন, চীনের জাতীয়তাবাদী ভাবধারা বিদেশিদের বিরুদ্ধে  সহিংসতা বেড়ে যাওয়ার কারণ হয়ে থাকতে পারে।

গত জুনে এক ব্যক্তি পূর্বাঞ্চলীয় সুঝৌ শহরে এক জাপানি মা ও তার শিশুকে হামলার নিশানা করেছিল। সেই হামলাটিও হয়েছিল একটি জাপানি স্কুলের কাছে। এতে ওই মা ও শিশুকে বাঁচাতে গিয়ে নিহত হয়েছিলেন এক চীনা নাগরিক।

এছাড়াও জুনের শুরুর দিকে চীনের উত্তরাঞ্চলীয় জিলিয়ান নগরীতে চার শিক্ষকের ওপর ছুরিকাঘাতের ঘটনা ঘটেছিল।