২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইরানের বর্তমান নেতারা যুক্তিসঙ্গত আচরণ করছেন: ট্রাম্প

দ্বিতীয় মাসে গড়ানো যুদ্ধটি বন্ধের লক্ষ্যে আসছে দিনগুলোতে ‘অর্থপূর্ণ বৈঠক’ আয়োজনের প্রস্তুতি নিচ্ছে পাকিস্তান।

ইরানের বর্তমান নেতারা যুক্তিসঙ্গত আচরণ করছেন: ট্রাম্প
ইরান থেকে মারা ক্ষেপণাস্ত্রে দক্ষিণ ইসরায়েলের এক স্থাপনা থেকে ধোঁয়া বের হচ্ছে। ছবি: রয়টার্স

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Mar 2026, 02:19 PM

Updated : 26 Aug 2026, 03:16 PM

মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প বলেছেন, ইরান ‘প্রত্যক্ষ ও পরোক্ষ’ আলোচনা চালিয়ে যাচ্ছে এবং দেশটির নতুন নেতারা ‘খুবই যুক্তিসঙ্গত’ আচরণ করছেন।

অপমান মেনে নেওয়া হবে না—তেহরানের এ সতর্কবার্তার মধ্যে মধ্যপ্রাচ্যে আরও মার্কিন সেনা পৌঁছানোর পর রোববার তিনি এ কথা বলেন বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। 

এদিকে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে মধ্যস্থাতাকারীর ভূমিকা পালন করা পাকিস্তান বলেছে, দ্বিতীয় মাসে গড়ানো যুদ্ধ বন্ধের লক্ষ্যে আসছে দিনগুলোতে ‘অর্থপূর্ণ বৈঠক’ আয়োজনের প্রস্তুতি নিচ্ছে তারা। 

“আমার মনে হয় আমরা তাদের সঙ্গে একটি চুক্তি করতে পারবো, আমি অনেকখানি নিশ্চিত, তবে চুক্তি করতে পারলাম না এটাও হতে পারে,” রোববার স্থানীয় সময় সন্ধ্যার দিকে ওয়াশিংটনগামী এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকদের এমনটাই বলেছেন মার্কিন প্রেসিডেন্ট।

ট্রাম্প বলেন, ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনি ও অন্যান্য শীর্ষ কর্মকর্তাদের মেরে তেহরানে ‘শাসন পরিবর্তনে’ যুক্তরাষ্ট্র যে লক্ষ্যমাত্রা ঠিক করেছিল, তার অনেকখানিই অর্জিত হয়ে গেছে বলেও তিনি মনে করেন।  

ওই কর্মকর্তাদের স্থলাভিষিক্তদের ‘যুক্তিসঙ্গত’ মনে হচ্ছে বলেও অন্তত দুইবার বলেছেন মার্কিন প্রেসিডেন্ট। 

গত ২৮ ফেব্রুয়ারি যুদ্ধের একেবারে শুরুর দিকেই যুক্তরাষ্ট্র-ইসরায়েল হামলা চালিয়ে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনিকে মেরে ফেলে। পরে তার ছেলে মুজতাবা ইরানের নতুন সর্বোচ্চ নেতা হন।  

এই যুদ্ধ এরই মধ্যে মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে, কয়েক হাজার মানুষের প্রাণ কেড়ে নিয়েছে, জ্বালানি সরবরাহে ইতিহাসে সবচেয়ে বড় ব্যাঘাতের কারণ হয়েছে, বৈশ্বিক অর্থনীতিকে দিয়েছে জোর ধাক্কা। 

যুদ্ধ নিয়ে কথা বলতে রোববার তুরস্ক, মিশর ও সৌদি আরব ও পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীরা এক বৈঠকে বসেছিলেন। তাদের বৈঠকে যুদ্ধ বন্ধের নানান পথ এবং ইসলামাবাদে যুক্তরাষ্ট্র-ইরান সম্ভাব্য বৈঠক নিয়ে আলোচনা হয়েছে বলে জানিয়েছেন পাকিস্তানি মন্ত্রী ইসহাক দার। 

“চলমান সংঘাতের একটি ব্যাপক ও দীর্ঘস্থায়ী সমাধানের লক্ষ্যে আসন্ন দিনগুলোতে দুই পক্ষের (ওয়াশিংটন-তেহরান) মধ্যে অর্থপূর্ণ আলোচনার আয়োজন ও সহযোগিতা করতে পারলে পাকিস্তান সম্মানিত বোধ করবে,” বলেছেন তিনি। 

যুক্তরাষ্ট্র ও ইরান এ ধরনের বৈঠকে যোগ দেওয়ার ব্যাপারে আদৌ সম্মতি দিয়েছে কিনা রয়টার্স তা নিশ্চিত হতে পারেনি। 

ইসহাক দারের বিবৃতির আগে ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাকের কালিবাফ অভিযোগ করে বলেছিলেন, ওয়াশিংটন স্থল অভিযানের পরিকল্পনাও করছে, তার সঙ্গেই সম্ভাব্য আলোচনার ব্যাপারে বার্তা পাঠাচ্ছে।  

মার্কিন সেনা নামলে তেহরানও পাল্টা ব্যবস্থা নেওয়ার জন্য প্রস্তুত, বলেছেন তিনি। 

“যতক্ষণ পর্যন্ত যুক্তরাষ্ট্র ইরানের আত্মসমর্পণ চাইবে, আমাদের প্রতিক্রিয়াও হবে এমন যে আমরা কখনোই অপমান মেনে নেবো না,” দেশবাসীকে দেওয়া বার্তায় এ কথাই বলেন কালিবাফ। 

এসবের মধ্যেই মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয় মধ্যপ্রাচ্যে আরও কয়েক হাজার সেনা মোতায়েন করেছে। ট্রাম্পের হাতে যেন স্থল অভিযান চালানোর বিকল্পও থাকে, সে লক্ষ্যেই এ সেনা মোতায়েন বলে একাধিক সূত্রের বরাত দিয়ে জানিয়েছে মার্কিন গণমাধ্যম। 

তবে ইসরায়েলের এক কর্মকর্তা বলেছেন, ওয়াশিংটন ও তেহরানের মধ্যে সম্ভাব্য আলোচনার আগে ইরানের ওপর হামলার কমানোর কোনো উদ্দেশ্য তাদের নেই এবং ইসরায়েল তাদের দৃষ্টিতে যেগুলোকে ইরানের সামরিক লক্ষ্য বলে মনে হবে, সেসব লক্ষ্যে হামলা অব্যাহত রাখবে।  

রোববার সন্ধ্যা পর্যন্ত ২৪ ঘণ্টায় মধ্য ও পশ্চিম ইরানে ১৪০টির বেশি বিমান হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে ইসরায়েলি সামরিক বাহিনী। এদিনের হামলার নিশানায় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ কেন্দ্র ও অস্ত্রগুদামের পাশাপাশি আরও অনেক স্থাপনা ছিল বলে তারা দাবি করেছে।

ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম মেহরাবাদ বিমানবন্দর ও তাবরিজের উত্তরে একটি পেট্রোকেমিক্যাল কেন্দ্রে হামলা হয়েছে বলে খবর দিয়েছে।  

এদিকে বীরসেবার কাছে ইসরায়েলের দক্ষিণে অবস্থিত একটি রাসায়নিক কারখানায় ক্ষেপণাস্ত্র বা ক্ষেপণাস্ত্রের অংশবিশেষ আঘাত হানার পর কর্তৃপক্ষ লোকজনকে ওই কারখানা থেকে দূরে থাকতে পরামর্শ দিয়েছে।

ইরান হরমুজ প্রণালি কার্যত বন্ধ করে রাখায় বিশ্বজুড়ে তেলের দামের ঊর্ধ্বগতিও অব্যাহত আছে। এরই মধ্যে তা ১১৬ ডলার পেরিয়ে গেছে বলেও একাধিক পশ্চিমা গণমাধ্যমে জানানো হয়েছে। যুদ্ধ শুরু হওয়ার আগে ব্যারেলপ্রতি অপরিশোধিত তেলের দাম ছির ৭২ ডলারের মতো। 

বিশ্বের তেল ও গ্যাসের ২০ শতাংশই ইরান উপকূললাগোয়া হরমুজ প্রণালি দিয়ে যায়। 

রোববার নিউ ইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে বিশেষ অভিযান চালাতে সক্ষম এমন আরও কয়েকশ মার্কিন সেনা মধ্যপ্রাচ্যে পৌঁছেছে বলে জানানো হয়েছে। 

এর আগে শুক্রবারই মার্কিন উভচর যুদ্ধজাহাজ ইউএসএস ট্রিপলি কয়েক হাজার মেরিন নিয়ে মধ্যপ্রাচ্যে পৌঁছেছে বলে মার্কিন সামরিক বাহিনী জানিয়েছিল।  

পেন্টাগন ইরানে স্থল অভিযান চালানোর কথাও ভাবছে বলে রয়টার্সের আগের এক প্রতিবেদনে বলা হয়েছিল। তবে ট্রাম্প এখনও এ সংক্রান্ত কোনো পরিকল্পনায় অনুমোদন দেননি, বলেছে একাধিক মার্কিন গণমাধ্যম।  

ফাইন্যান্সিয়াল টাইমসে রোববার প্রকাশিত এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেছেন, তিনি ‘ইরানের তেল নিতে’ চান এবং এজন্য দেশটির রপ্তানি হাব খার্ক দ্বীপের দখলও নিতে পারেন। 

খার্ক দখল নিতে হলে যুক্তরাষ্ট্রকে দ্বীপটিতে স্থলসেনা পাঠাতেই হবে। ইরানের তেল রপ্তানির ৯০ শতাংশই খার্ক থেকে যায়। এই দ্বীপটি নিয়ন্ত্রণে নিতে পারলে যুক্তরাষ্ট্র ইরানের জ্বালানি বাণিজ্যে ব্যাঘাত ঘটানোর পাশাপাশি তেহরানের অর্থনীতিতেও মারাত্মক চাপ সৃষ্টি করতে পারবে।

তবে বেশিরভাগ সমর বিশ্লেষকই বলছেন, দ্বীপটি দখল তুলনামূলক সহজ হলেও সেটি ধরে রাখা মার্কিন সেনাদের জন্য বেশ কঠিন-ই হবে।  

যুক্তরাষ্ট্রের বেশিরভাগ নাগরিকই যে ইরান যুদ্ধের বিপক্ষে তা একাধিক জনমত জরিপে উঠেও এসেছে। এরপরও দেশটিতে স্থলসেনা পাঠানো হলে এমনিতেই কমতে থাকা ট্রাম্পের প্রতি আস্থা তলানিতে পৌঁছাতে পারে, নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনের আগে যার ভার বহন করা রিপাবলিকানদের জন্য বেশ কষ্টসাধ্যই হবে।  

ইয়েমেনের ইরান সমর্থিত হুতিরাও শনিবার ইসরায়েলে ক্ষেপণাস্ত্র ছুড়ে যুদ্ধে যোগ দিয়েছে। তারা জ্বালানি সরবরাহের আরেক গুরুত্বপূর্ণ পথ বাব আল-মানদেব প্রণালি বন্ধ করে দিতে পারে বলে অনেকে আশঙ্কাও করছেন। সেটি হলে তেলের দাম হু হু করে বাড়তে শুরু করবে বলে অনেকের অনুমান। 

রোববারও ইসরায়েলের কর্তৃপক্ষ জানিয়েছে, তারা ইয়েমেন থেকে ছোড়া দুটি ড্রোন প্রতিহত করেছে।