১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

রাজা চার্লসের মুখচ্ছবির নতুন ‘ব্যাংক নোট’ এল বাজারে

৫, ১০, ২০ ও ৫০ পাউন্ডের নোটে থাকছে ব্রিটিশ রাজার ছবি। নোটগুলো ইস্যু করেছে ব্যাংক অব ইংল্যান্ড।

বিডিনিউজ২৪

রয়টার্স

Published : 18 Aug 2024, 11:09 AM

Updated : 26 Aug 2026, 09:44 AM

ব্রিটিশ রাজা চার্লসের মুখচ্ছবির নতুন ব্যাংক নোট বুধবার বাজারে এসেছে। রানি দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুর প্রায় ২ বছর পর এই ব্যাংক নোট বাজারে এল। 

৫, ১০, ২০ ও ৫০ পাউন্ডের নোটে থাকছে রাজা চার্লসের ছবি। এসব নোট ইস্যু করেছে ব্যাংক অব ইংল্যান্ড। 

গত ৮ সেপ্টেম্বর ৯৬ বছর বয়সে রানি দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুর পর তার বড়ছেলে তৃতীয় চার্লস রাজা হন। এরপর থেকেই দেশটির রীতি অনুযায়ী কয়েন, ব্যাংকনোট, জাতীয়সংগীত এমনকি পাসপোর্টে পরিবর্তন নিয়ে আসার কথা জানানো হয়।

সে ধারা বজায় রেখেই রাজার মুখচ্ছবি বসানো নোট বাজারে এল। তবে একই সঙ্গে চালু থাকবে রানির আগেকার মুখচ্ছবির নোটগুলোও। 

এর আগে রাজা চার্লসের ছবি সম্বলিত ৫০ পেন্সের (এক পাউন্ডের অর্ধেক) কয়েন বাজারে ছাড়া হয়েছিল। এবার চালু হল ব্যাংক নোট।

চার্লসের মুখচ্ছবির নতুন এই ব্যাংক নোটের নকশা ২০২২ সালের ডিসেম্বরে প্রকাশ করেছিল ব্যাংক অব ইংল্যান্ড। রানির মুখচ্ছবির পাউন্ডের নোটের নকশায় শুধুমাত্র নতুন রাজার ছবি যুক্ত করা ছাড়া আর কোনো পরিবর্তন আনা হয়নি।

১৯৬০ সালে রানি এলিজাবেথের মুখচ্ছবি সম্বলিত নোট বাজারে ছাড়া হয়। কোনো রাজা বা রানির ছবি সম্বলিত সেই নোটও ছিল ইংল্যান্ডের ইতিহাসে প্রথম। 

ইংল্যান্ডের বাজারে বর্তমানে সাড়ে চারশ কোটি নোট প্রচলিত রয়েছে; মূল্য ৮০০০ কোটি পাউন্ড। 

এ বিষয়ে দেশটির কেন্দ্রীয় ব্যাংক বলছে, শুধুমাত্র ছেঁড়াফাটা নোটগুলোর পরিবর্তন ও চাহিদার ভিত্তিতেই বাজারে এসব নতুন নোট তৈরি করা হবে,যাতে পরিবেশ ও অর্থনৈতিতে কোনো প্রভাব না পড়ে।