২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

গ্রিসে বিস্কুট কারখানায় অগ্নিকাণ্ডে নিহত ৩

আগুনের সূত্রপাত কীভাবে তা এখনও স্পষ্ট নয়।

গ্রিসে বিস্কুট কারখানায় অগ্নিকাণ্ডে নিহত ৩
বিস্কুট কারখানার আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছেন এক দমকলকর্মী। ছবি: রয়টার্স

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jan 2026, 05:38 PM

Updated : 26 Aug 2026, 02:47 PM

গ্রিসের মধ্যাঞ্চলীয় শহল ত্রিকালার কাছে একটি বিস্কুট কারখানায় বিস্ফোরণে পর ছড়িয়ে পড়া আগুনে তিনজন নিহত হয়েছে ও দুইজন এখনও নিখোঁজ বলে জানিয়েছে দেশটির দমকল বিভাগ। 

সোমবার ৪০ জন দমকলকর্মী ও ১৩টি ফায়ার ট্রাক যখন আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছিল তখনও কারখানার ছাদজুড়ে আগুনের লেলিহান শিখা এবং গাঢ কালো ধোঁয়াকে আকাশের দিকে উঠতে দেখা গেছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। 

আগুনের সূত্রপাত কীভাবে তা এখনও স্পষ্ট নয় বলে কারখানার মালিক ভায়োলান্তা এসএ-র বরাত দিয়ে জানিয়েছে এথেন্স নিউজ এজেন্সি।  

আগুন লাগার সময় কারখানার ভেতর থাকা ১৩ জনের মধ্যে ৮ জনই জীবিত বের হতে সক্ষম হন। পরে তিনজনের মৃতদেহ পাওয়া যায়, দুই জন এখনও নিখোঁজ, রয়টার্সকে বলেছেন দমকল বিভাগের কর্মকর্তারা।  

তদন্ত কর্মকর্তা ও দুর্যোগ মোকাবেলা বিভাগের লোকজন ঘটনাস্থলে আছে। 

এক দমকলকর্মীসহ ছয়জন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। এ আহতদের বেশিরভাগই হাসপাতালে গেছেন শ্বাসকষ্টজনিত সমস্যা নিয়ে। তাদের জীবন ঝুঁকির বাইরে, ইআরটি নিউজ রেডিওকে এমনটাই বলেছেন গ্রিসের স্বাস্থ্যমন্ত্রী এদোনিস জিওর্গিয়াদিস।

“আমরা এখন আমাদের লোকদের কথাই ভাবছি। আমরা তাদের ও তাদের পরিবারের পাশে আছি, এবং তাদের সহায়তা সম্ভব সবকিছু করছি,” বিবৃতিতে বলেছেন ভায়োলান্তা।