২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পাকিস্তানের বিরুদ্ধে প্রাণঘাতী ড্রোন হামলার অভিযোগ আফগান তালেবানের

আফগানিস্তানের পররাষ্ট্রমন্ত্রণালয় বলেছে, পাকিস্তান আকাশসীমা লঙ্ঘন করেছে। তাদের ড্রোন হামলায় তিনজন নিহত এবং ৭ জন আহত হয়েছে- বলছেন আফগান কর্মকর্তারা।

পাকিস্তানের বিরুদ্ধে প্রাণঘাতী ড্রোন হামলার অভিযোগ আফগান তালেবানের
তালেবানের ভারপ্রাপ্ত প্রতিরক্ষামন্ত্রী মোল্লা মোহাম্মদ ইয়াকুব। ছবি: রয়টার্স

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Aug 2025, 01:32 AM

Updated : 26 Aug 2026, 02:12 PM

পাকিস্তানের বিরুদ্ধে প্রাণঘাতী ড্রোন হামলার অভিযোগ করেছে আফগানিস্তানের তালেবান সরকার। আফগান কর্মকর্তারা বলেছেন, বুধবার রাতে নানগরহার এবং খোস্ত প্রদেশে ড্রোন হামলা হয়েছে।

এতে তিনজন নিহত এবং ৭ জন আহত হয়েছে। এর জেরে বৃহস্পতিবার আফগানিস্তানের তালেবান সরকার রাজধানী কাবুলে পাকিস্তানের রাষ্ট্রদূতকে তলব করে প্রতিবাদ জানিয়েছে।

তালেবানের পররাষ্ট্রমন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, “তারা আফগানিস্তানের আকাশসীমা লঙ্ঘন এবং বেসামরিক নাগরিকদের ওপর বোমা হামলার তীব্র নিন্দা জানায়। এ ধরনের দায়িত্বজ্ঞানহীন কাজের পরিণাম অনিবার্যভাবেই ভুগতে হবে।”

পাকিস্তানের রাষ্ট্রদূত উবাইদুর রহমান নিজামানিকে কাবুলে একটি বৈঠকে লিখিত প্রতিবাদনামা দেওয়া হয়েছে বলে জানানো হয় বিবৃতিতে।

খোস্ত প্রদেশের মিডিয়া প্রধান বলেছেন, পাকিস্তানের উত্তর ওয়াজিরিস্তান সংলগ্ন দক্ষিণ-পূর্বের সীমান্ত অঞ্চল স্পেরা জেলায় হাজি নাঈম খানের বাড়িতে ড্রোন হামলায় তিন শিশু নিহত এবং কয়েকজন আহত হয়।

অন্যদিকে, পাকিস্তানের সঙ্গে আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় সীমান্তের কাছে নানগরহার প্রদেশের সিনওয়ার জেলায় শাহশাওয়ার নামের এক ব্যক্তির বাড়িতে ড্রোন হামলায় আহতদের মধ্যে আছে তার চার ছেলে এবং দুই স্ত্রী।

বুধবারের এই হামলার বিষয়ে এখন পর্যন্ত পাকিস্তানের পক্ষ থেকে কোনও মন্তব্য করা হয়নি।

সম্প্রতি পাকিস্তান এবং আফগানিস্তানের মধ্যে সম্পর্ক খারাপ হয়েছে। ইসলোমাদের অভিযোগ, আফগান সীমান্তে আশ্রয় নেওয়া জঙ্গিরা পাকিস্তানের মাটিতে হামলা চালাচ্ছে। তবে কাবুল জঙ্গিদেরকে আশ্রয়-প্রশ্রয় দেওয়ার অভিযোগ অস্বীকার করেছে।