২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইমরান খানকে বহনকারী ট্রাকের চাকায় পিষ্ট হয়ে সাংবাদিক নিহত

রাজধানী ইসলামাবাদ অভিমুখে ইমরানের তেহরিক-ই-ইনসাফ পাকিস্তান দলের রাজনৈতিক কর্মসূচী ‘লংমার্চ’ চলাকালে গুজরানওয়ালা শহরের কাছে ঘটনাটি ঘটে।

ইমরান খানকে বহনকারী ট্রাকের চাকায় পিষ্ট হয়ে সাংবাদিক নিহত

নিহত সাংবাদিক সাদাফ নায়ীম।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Oct 2022, 12:20 PM

Updated : 31 Oct 2022, 12:20 PM

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে বহনকারী ট্রাকের নিচে পিষ্ট হয়ে একজন নারী সাংবাদিক নিহত হয়েছেন।

রাজধানী ইসলামাবাদ অভিমুখে ইমরানের তেহরিক-ই-ইনসাফ পাকিস্তান (পিটিআই) দলের রাজনৈতিক কর্মসূচী ‘লংমার্চ’ চলাকালে রোববার পাঞ্জাবের গুজরানওয়ালা শহরের কাছে ঘটনাটি ঘটে বলে পিটিআইয়ের কর্মকর্তারা ও সাংবাদিকরা জানিয়েছেন।

Image

ছবি: রয়টার্স

আগাম নির্বাচনের জন্য কেন্দ্রীয় সরকারের ওপর চাপ সৃষ্টি করার লক্ষ্যে এ ‘লংমার্চের’ ডাক দিয়েছেন ইমরান। পাঞ্জাবের লাহোর শহরে থেকে শুরু হওয়া গাড়িবহরের এ মিছিল শুক্রবার ইসলামাবাদে পৌঁছাবে বলে ধারণা করা হচ্ছে। কিন্তু দুর্ঘটনার পর ইমরান খান ‘লংমার্চ’ স্থগিত করেন, জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

“আজ আমাদের মিছিল চলাকালে ভয়ানক এক দুর্ঘটনায় চ্যানেল ফাইভের সাংবাদিক সাদাফ নায়ীমের মৃত্যুর ঘটনায় গভীরভাবে মর্মাহত ও শোকাহত,” এক টুইটে বলেন ইমরান।

তিনি জানান, পিটিআইয়ের রোববারের কর্মসূচী বাতিল করা হয়েছে।

ঘটনার প্রত্যক্ষদর্শী সাংবাদিক কাজ্জাফি বাট রয়টার্সকে জানান, নায়ীম (৪০) ইমরানের মন্তব্য নেওয়ার জন্য তাকে বহনকারী ট্রাকটিতে ওঠার চেষ্টা করেছিলেন কিন্তু ভারসাম্য হারিয়ে রাস্তায় পড়ে যান আর ট্রাকের চাকা তার মাথার ওপর দিয়ে চলে যায়।

নায়ীম ইমরানকে বহনকারী ট্রাকের চাকায় পিষ্ট হয়েছেন বলে নিশ্চিত করেছেন পিটিআই নেতা মুশারাত জামসেদ চীমা। তবে এ বিষয়ে রয়টার্সের মন্তব্যের অনুরোধে স্থানীয় পুলিশ কর্মকর্তারা সাড়া দেননি।

রোববার স্থানীয় সময় সন্ধ্যার পর ইসলামাবাদ থেকে ২২০ কিলোমিটার দক্ষিণপূর্বে ঘটনাটি ঘটে। তখন ইমরানের নেতৃত্বাধীন গাড়িবহরটি গুজরানওয়ালা শহরের কাছাকাছি ছিল। পথে বিভিন্ন শহরে থেমে সমাবেশ করার মধ্য দিয়ে ইসলামাবাদের দিকে এগিয়ে যাচ্ছে পিটিআইয়ের ‘লংমার্চ’।