১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

ভারতের ছত্তিশগড়ে গোলাগুলিতে ৮ মাওবাদী ও ১ সেনা নিহত

‘রেড করিডোর’ নামে পরিচিত ভারতের মাওবাদী অধ্যুষিত অঞ্চলে বিদ্রোহীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিয়ে অভিযান জোরদার করেছে নিরাপত্তা বাহিনী।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Aug 2024, 03:50 PM

Updated : 26 Aug 2026, 09:47 AM

ভারতের ছত্তিশগড় রাজ্যে নিরাপত্তা বাহিনীর সঙ্গে গোলাগুলিতে অন্তত আট মাওবাদী বিদ্রোহী নিহত হয়েছে। এ সময় মাওবাদীদের গুলিতে এক সেনাও নিহত হয়েছে। 

শনিবার রাজ্যটির নারায়ণপুরে জেলার আবুজমারহে এ ঘটনায় আরও দুই সেনা আহত হয়েছে। 

টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, গত দুই দিন ধরে মাদ ও নারায়ণপুর জেলায় নিরাপত্তা বাহিনীর সঙ্গে সশস্ত্র মাওবাদী বিদ্রোহীদের মধ্যে বন্দুক লড়াই চলছিল। মাওবাদীদের বিরুদ্ধে এ অভিযানে নারায়ণপুর, কোন্ডাগাও, কাঙ্কের ও দান্তেওয়াড়া জেলার রিজার্ভ গার্ড (ডিআরজি), এসটিএফ ও ৫৩তম ব্যাটেলিয়ন ফোর্সেস অংশ নিয়েছে। 

‘রেড করিডোর’ নামে পরিচিত ভারতের মাওবাদী অধ্যুষিত অঞ্চলে বিদ্রোহীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিয়ে অভিযান জোরদার করেছে দেশটির নিরাপত্তা বাহিনী। 

গত মাসে ছত্তিশগড়ের বিজাপুরে নিরাপত্তা বাহিনীর সঙ্গে দীর্ঘক্ষণ ধরে চলা ব্যাপক বন্দুক লড়াইয়ে অন্তত ১২ মাওবাদী বিদ্রোহী নিহত হয়েছিল। 

এর আগে ১৬ এপ্রিল কাঙ্কের জেলায় নিরাপত্তা বাহিনীর গুলিতে ২৯ জন এবং নারায়ণপুর জেলার আবুজমারহে অঞ্চলে ১০ মাওবাদী বিদ্রোহী নিহত হয়েছিল।