ভারতের সঙ্গে পারভেজ মোশাররফের ভাল-মন্দের সম্পর্ক
কার্গিল যুদ্ধ থেকে আগ্রা চুক্তি, সময়ে সময়ে শান্তি প্রক্রিয়া এগিয়ে নেওয়ার চেষ্টা- মোশাররফের শাসনামলে যেমন ছিল ভারত-পাকিস্তান সম্পর্ক।
কখনও ভাল, কখনও মন্দ- ভারতের সঙ্গে পারভেজ মোশারফের সম্পর্ক ছিল এমনই। প্রয়াত এই পাক-সেনাশাসককে কার্গিল যুদ্ধের হোতা হিসাবেই দেখে ভারত।
কার্গিল যুদ্ধ থেকে কাশ্মীর নিয়ে আগ্রা চুক্তির উদ্যোগ, সময়ে সময়ে শান্তি প্রক্রিয়া এগিয়ে নেওয়ার চেষ্টা- এসবের মধ্য দিয়ে মোশাররফের শাসনামলে ভারত ও পাকিস্তানের সম্পর্কের উত্থান-পতন বিশ্লেষণ করে দেখার চেষ্টা করেছে বিবিসি।
পারমাণবিক শক্তিধর দুই প্রতিবেশী দেশ ভারত ও পাকিস্তান বিতর্কিত কাশ্মীর নিয়ে দু’বার যুদ্ধ করাসহ সীমিত আকারে সংঘাতেও জড়িয়েছিল। দুই দেশের মধ্যকার দীর্ঘ কাশ্মীর সীমান্তে শান্তি ছিল অধরা।
২০০১ সালে পারভেজ মোশাররফের বিশ্বাস ছিল যে, ভারত-পাকিস্তানের ভাঙা সম্পর্ককে পাল্টে দিয়ে নতুন অধ্যায় শুরুর সময় হয়ে এসেছে। কিন্তু তখনও প্রতিবেশী দেশটির সঙ্গে শান্তি অন্বেষণে মোশাররফের জন্য সময়টি সুবিধাজনক ছিল না।
কাশ্মীর সমস্যার সমাধান করতে ওই বছর জুলাই মাসে ভারতের আগরায় গিয়েছিলেন মোশাররফ। তখন তিনি ছিলেন পাকিস্তানের প্রেসিডেন্ট। কাশ্মীর সমস্যার জন্য একটি সমাধানসূত্রও তৈরি করেছিলেন তিনি। চুক্তি ছিল সইয়ের অপেক্ষায়। কিনতু শেষ পর্যন্ত চুক্তিটি ভেস্তে যায়।
ভারত কেবল মোশাররফকে ১৯৯৯ সালের কার্গিল যুদ্ধের হোতা হিসবেই দেখে না বরং ওই বছর ভারতীয় এয়ারলাইন্সের বিমান ছিনতাইয়ের পেছনেও তার হাত আছে বলে সন্দেহ করে। ১৯৯৯ সালেই মোশাররফ অভ্যুত্থান ঘটিয়ে তৎকালীন পাক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফকে ক্ষমতাচ্যুত করেছিলেন। তাতেও ভারত হয়েছিল উদ্বিগ্ন।
মোশাররফ তার স্মৃতিকথায় বলেছেন, ২০০১ সালের শুরুর দিকে ভারতের গুজরাটে বড় ধরনের ভূমিকম্পের পর তিনি সম্পর্কের বরফ গলানোর সুযোগ পেয়ে গেছেন বলে মনে করেছিলেন। ১৯৪৩ সালে অবিভক্ত ভারতের দিল্লিতে জন্মগ্রহণকারী এই পাক জেনারেল তখন ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী অটল বিহারি বাজপেয়ীকে ফোন করে সান্ত্বনাবাণী শুনিয়েছিলেন এবং ওষুধসহ প্রয়োহনীয় ত্রাণ পাঠানোর প্রস্তাব দিয়েছিলেন।
তাতে কাজ হয়েছিল। গলেছিল সম্পর্কের বরফ। মোশাররফ তখন ভারত সফরের আমন্ত্রণ পেয়েছিলেন বলেই দাবি করেছেন তার বইতে।
পাকিস্তানের সাবেক পররাষ্ট্রমন্ত্রী খুরশীদ মেহমুদ তার স্মৃতিকথায় একটু ভিন্নভাবে ঘটনাটি বর্ণনা করেছেন। তিনি লেখেন, ‘মন পরিবর্তন’ করে বাজপেয়ীর উপপ্রধান এলকে আদভানি প্রস্তাব করেছেন মোশাররফকে আমন্ত্রণ জানানোর এবং ভারতের প্রধানমন্ত্রী তা ‘রাষ্ট্রনায়োকচিত কাজ’ হিসাবে স্বাগত জানাবেন বলেই বিশ্বাস করেন।
২০০২ সালের জুলাইয়েও ভারতে গিয়েছিলেন মোশাররফ। সে সময় ভারতের আগ্রায় বাজপেয়ী এবং মোশাররফের দুইদিনের শীর্ষ বৈঠক নিয়ে অনেক নাটকীয়তা হয়। দুই নেতা এবং পররাষ্ট্রমন্ত্রীদের মধ্যকার দীর্ঘ বৈঠক কোনও ফল বয়ে আনতে পারেনি। এতে ক্ষুব্ধ হয়ে মোশাররফ আগ্রা ছাড়েন।
মনে করা হয়, এ ব্যর্থতার জন্য অনেকাংশেই দায়ী ছিলেন মোশাররফ। কার্গিল যুদ্ধের কারণে আগরা চুক্তির টেবিলে বসার আগেই ভারতের বিশ্বাস হারিয়ে ফেলেছিলেন তিনি। তার কারণেই বার বার ওঠানামা করেছে ভারত-পাকিস্তানের সম্পর্কের গ্রাফ।
তবে মোশাররফ অবশ্য ২০০৪ সালে একটি সাক্ষাৎকারে আগরা চুক্তি ভেস্তে যাওয়ার জন্য ভারতকেই দায়ী করেছিলেন। তিনি মনে করতেন, “বাজপেয়ী সময়ের সুযোগকে কাজে লাগাতে পারেননি, এক ঐতিহাসিক ক্ষণ হারিয়েছেন তিনি।”
তবে ভারতের রাজনৈতিক মহলের একটা বড় অংশ মনে করে, বাজপেয়ী আর বিশ্বাস করতে পারেননি মোশারফকে। কারণ, ১৯৯৯ সালের ফেব্রুয়ারিতে লাহোরে গিয়ে শান্তির কথা বলেছিলেন তিনি। এর তিন মাসও না কাটতেই শুরু হয় কার্গিল সংকট। তাই মোশাররফে আর আস্থা রাখতে চাননি বাজপেয়ী।
বাজপেয়ীর তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী যশোবন্ত সিং লিখেছেন আগ্রা বৈঠকে কাশ্মীর সমস্যার কীভাবে সমাধান করতে চান তা জানিয়েছিলেন মোশাররফ। তিনি খুব জলদি কোনওভাবে একটি চুক্তি করতে চাইছিলেন- এমনটিই মনে হয়েছে বলে জানিয়েছেন যশোবন্ত সিং।
তিনি আরও বলেন, খসড়া চুক্তিটি যখন তৎকালীন ভারতীয় প্রধানমন্ত্রী বাজপেয়ী এবং তার মন্ত্রিসভার কয়েকজন সদস্যকে দেখানো হল, তারা বলেছিলেন – এতে সন্ত্রাস সম্পর্কে যথেষ্ট এবং স্পষ্ট কোনও জোর দেওয়া হয়নি। অগত্যা সে বছর খালি হাতেই ইসলামাবাদে ফিরতে হয়েছিল মোশাররফকে।
পরে আবার একই বছরেই নেপালে একটি আঞ্চলিক সম্মেলনে বাজপেয়ীর টেবিলের সামনে গিয়ে করমর্দনের জন্য হাত বাড়িয়ে দিয়ে তাকে চমকে দিয়েছিলেন মোশাররফ। তখন বাজপেয়ীর আর সে ‘হাত ধরা ছাড়া আর কোনও উপায় ছিল না’– সম্মৃতিগ্রন্থে মোশাররফ লিখেছেন সেকথা।
মোশাররফের বিশ্বাস, ওই করমর্দন কাঙ্খিত ফল বয়ে এনেছিল। বাজপেয়ী তখন ২০০৪ সালের জানুয়ারিতে একটি সম্মেলন করতে পাকিস্তানে গিয়েছিলেন। সে সময় দুইপক্ষ শান্তি প্রক্রিয়াকে সামনে এগিয়ে নেওয়ার সিদ্ধান্ত নেয়। তবে ভারতে ওই বছর নির্বাচনে হেরে গিয়েছিল বাজপেয়ীর দল।
পরে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে এক জাতিসংঘ সম্মেলনের ফাঁকে মোশাররফ দেখা করেছিলেন ভারতের তখনকার নতুন প্রধানমন্ত্রী মনমোহন সিং এর সঙ্গে। ২০০৫ সালে দুই দেশের মধ্যে ক্রিকেট খেলা দেখতে মোশাররফ ভারতে গিয়েছিলেন। তখন দুই নেতা শান্তি প্রক্রিয়া এগিয়ে নেওয়া এবং সমস্যার একটি সমাধান খুঁজে বের করতেও রাজি হন।
বিশেষজ্ঞদের অনেকেই মনে করেন, মোশাররফ ভারতের সঙ্গে অচলাবস্থা ভাঙতে কাশ্মীর সমস্যা সমাধানে চার পয়েন্টের যে সমাধান তৈরি করেছিলেন তা ছিল বাস্তবসম্মত। সেই সমাধানসূত্রে বলা হয়েছিল, কাশ্মীরের দুইপারের মানুষ অবাধে যাতায়াত করতে পারলে পাকিস্তান ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের দাবি ছেড়ে দেবে। দুই প্রতিবেশী দেশের মধ্যে শান্তি প্রতিষ্ঠায় সম্ভবত এটিই সবচেয়ে ভাল পরিকল্পনা ছিল।
তবে মোশাররফ যতকিছুই করুন, তার ব্যাপারে ভারত সবসময়ই ছিল সন্দিহান। ‘নানা অবতারের’ মোশাররফের সঙ্গে চলা নিয়ে যশোবন্ত সিং লিখেছেন, তিনি কী শান্তির মানুষ? নাকি একজন ধূর্ত পপুলিস্ট- যিনি কাশ্মীরের ‘আত্ম-নিয়ন্ত্রণাধিকার’ আন্দোলনকে সমর্থন দিয়ে ভারত-বিরোধী পরিচয় শানিত করে তোলার পরও ভারতকে তুষ্ট করার মনোভাব নিয়েছেন?
ওয়াশিংটন-ভিত্তিক থিংক ট্যাংক উইলসন সেন্টারের এশিয়া প্রোগ্রামের উপ পরিচালক মাইকেল কুগলম্যান বলেছেন, কেউ ভারতের প্রতি অনবরতই মোশাররফের বৈরিতা নিয়ে কথা বলতে পারেন। এই বৈরিতা তার নেওয়া সব নীতির মধ্য দিয়েই প্রমাণিত হয়েছে- যার সবই ছিল ভারতকে নিশানা বানানোর চেষ্টা। তবে ভুলে গেলে চলবে না যে, পাকিস্তানের অন্য যে কোনও নেতার চেয়ে মোশাররফই সম্ভবত ভারতের সঙ্গে শান্তি স্থাপনে সবচেয়ে কাছে এসেছিলেন।
২০০৮ সালে মুম্বাইয়ে সন্ত্রাসী হামলা না ঘটলে এবং ২০০৭ সালে মোশাররফকে ক্ষমতাচ্যুত করতে গণতন্ত্রপন্থি আন্দোলন না হলে, তিনি হয়ত ভালভাবেই ভারতের সঙ্গে একটি শানিত চুক্তির রূপকার হতে পারতেন- বলেন কুগলম্যান।
