আগামী সপ্তাহে শ্রীলঙ্কা যাচ্ছে আইএমএফ প্রতিনিধি দল
আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) থেকে ২০০-৩০০ কোটি মার্কিন ডলার ঋণ সহায়তা পেতে আলোচনা করছে শ্রীলঙ্কা।
নিউজডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
অর্থনৈতিক সংকটে বিপর্যস্ত শ্রীলঙ্কার সঙ্গে নতুন কোনো প্রকল্প শুরু করার আগে দেশটির ঋণদাতাদের কাছ থেকে ঋণ পুনরুদ্ধারের বিষয়ে ‘পর্যাপ্ত আশ্বাস’ চায় আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)।
এ বিষয়ে আলোচনার জন্য আগামী ২৪ অগাস্ট থেকে ৩১ অগাস্ট পর্যন্ত বৈশ্বিক ঋণদাতা প্রতিষ্ঠান আইএমএফ-র একটি প্রতিনিধি দল কলম্বো অবস্থান করবেন বলে জানায় বার্তা সংস্থা রয়টার্স।
শুক্রবার আইএমএফ-র পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়, এই সফরের লক্ষ্য দ্বীপরাষ্ট্রটিকে গুরুতর অর্থনৈতিক সংকট মোকাবেলায় সহায়তার জন্য ‘যত দ্রুত সম্ভব’ একটি সহায়তা প্যাকেজ দিতে কর্মকর্তা পর্যায়ে একটি চুক্তির অগ্রগতি নিয়ে কাজ করা।
‘‘যেহেতু শ্রীলঙ্কার সরকার ঋণ পরিশোধের ক্ষেত্রে নাজুক অবস্থায় আছে বলে বিবেচিত হচ্ছে। তাই এক্সটেন্ড ফান্ড ফ্যাসিলিটি প্রকল্পের অনুমোদনের জন্য আইএমএফ-র এক্সিকিউটিভ বোর্ডের আগে শ্রীলঙ্কার ঋণদাতাদের কাছ থেকে ঋণ পুনরুদ্ধারের বিষয়ে পর্যাপ্ত আশ্বাস পাওয়া প্রয়োজন।”
জাপান কে তাদের প্রধান ঋণদাতা দেশ (ক্রেডিটর নেশন্স) হওয়ার আহ্বান জানাবে শ্রীলঙ্কা। তারা চীন এবং ভারতের কাছ থেকেও একই সহায়তা চাইবে। একইসঙ্গে ওই দেশগুলোর সঙ্গে দ্বিপাক্ষিক ঋণ সহায়তা চুক্তি পুনর্গঠন নিয়েও আলোচনা করতে চায় শ্রীলঙ্কা সরকার।
শ্রীলঙ্কার প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহে জানান, ২০০ থেকে ৩০০ কোটি মার্কিন ডলার ঋণ সহায়তা পেতে আইএমএফ-র সঙ্গে আলোচনা করছে তার দেশ।
তিনি আরো বলেন, আগামী সেপ্টেম্বরে তিনি নতুন একটি অন্তর্বর্তীকালীন বাজেট উপস্থাপন করবেন। যেখানে আইএমএফ-র সঙ্গে সম্মত রাজস্ব একত্রীকরণ ব্যবস্থার উপর মনযোগ দেওয়া হবে।
ভারত মহাসাগরের ছোট্ট এই দ্বীপরাষ্ট্রটি স্বাধীনতার পর সবচেয়ে ভয়াবহ অর্থনৈতিক সংকটের মধ্য দিয়ে যাচ্ছে। কোভিড-১৯ মহামারী এবং সঙ্গে সরকারের চরম আর্থিক অব্যবস্থাপনা কে এরজন্য দায়ী বলে মনে করা হচ্ছে।
বৈদেশিক মুদ্রার রিজার্ভ না থাকায় দেশটি জ্বালানি, ওষুধ ও খাবারের মত অতি জরুরি পণ্যও আমদানি করতে পারছে না। দেশটিতে মূল্যস্ফীতি আকাশছোঁয়া।
সাধারণ মানুষকে দৈনন্দিন চাহিদা মেটাতে রীতিমত হিমশিম খেতে হচ্ছে। যা থেকে সৃষ্ট গণবিক্ষোভের পর দেশটির প্রধানমন্ত্রী ও প্রেসিডেন্ট পদত্যাগ করলেও অবস্থার কোনো উন্নতি হয়নি। বরং দিন দিন অন্ধকার অতলে হারিয়ে যাচ্ছে দেশটির ভবিষ্যত।
গত এপ্রিলে শ্রীলঙ্কা ঘোষণা দেয়, তারা আপাতত ঋণ পরিশোধ করতে পারবে না। এর মধ্য দিয়ে দেশটি স্বাধীনতা লাভের পর প্রথমবারের মতো আনুষ্ঠানিকভাবে নিজেদের দেউলিয়া ঘোষণা করে। এরপর নতুন ঋণ পেতে তৎপরতা শুরু করে দেশটির সরকার।
গত বৃহস্পতিবার শ্রীলঙ্কার কেন্দ্রীয়
ব্যাংক সতর্ক করে বলেছে, চলতি বছর দেশটির অর্থনীতিতে রেকর্ড ৮
শতাংশের বেশি সংকোচন হতে পারে। সেখানে মূল্যস্ফীতি ৬৫ শতাংশে গিয়ে ঠেকেছে।
