২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পাঁচ সিংহ খাঁচার বাইরে, অস্ট্রেলিয়ার চিড়িয়াখানা লকডডাউন

অস্ট্রেলিয়ার একটি চিড়িয়াখানায় পাঁচ সিংহ খাঁচা থেকে বেরিয়ে গেলে চিড়িয়াখানাটি জরুরি ভিত্তিতে লকডাউন করা হয়।

পাঁচ সিংহ খাঁচার বাইরে, অস্ট্রেলিয়ার চিড়িয়াখানা লকডডাউন

ছবি: রয়টার্স

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Nov 2022, 09:46 PM

Updated : 03 Nov 2022, 01:14 AM

অস্ট্রেলিয়ার একটি চিড়িয়াখানায় পাঁচ সিংহ খাঁচা থেকে বেরিয়ে গিয়ে জরুরি পরিস্থিতির সৃষ্টি করেছে। চিড়িয়াখানাটি অবিলম্বে কিছু সময়ের জন্য লকডাউন করতে হয়েছে।

বিবিসি জানায়, বুধবার সকাল প্রায় সাড়ে ছয়টার দিকে সিডনির তারোঙ্গা চিড়িয়াখানায় চার শাবকসহ একটি সিংহকে খাঁচার বাইরে হেঁটে বেড়াতে দেখা যায়।

সিসিটিভি ফুটেজে খাঁচা থেকে সিংহ পালানোর ১০ মিনিটের মধ্যে একজন কিপারকে অ্যালার্ম বাজাতে দেখা গেছে বলে জানিয়েছে চিড়িয়াখানা কর্তৃপক্ষ।

ঘটনার পরপরই চিড়িয়াখানা লকডাউন করা হয়। এরপর যত দ্রুত সম্ভব মানুষজনকে নিরাপদ স্থানে সরাতে শুরু করে চিড়িয়াখানা কর্মীরা।

চিড়িয়াখানার নির্বাহী পরিচালক সিমন ডাফি স্থানীয় গণমাধ্যমকে বলেছেন, সিংহগুলো তাদের খাঁচার কাছেই ছোট্ট এলাকায় চলে এসেছিল। সেখান থেকে ১০০ মিটার দূরেই ছিলেন কিছু অতিথি। তারা চিড়িয়াখানায় সারারাত ছিলেন।

পাঁচ সিংহকে খাঁচায় ফেরাতে অবশ্য বেশি সময় নেয়নি তারোঙ্গা কর্তৃপক্ষ। কয়েক মিনিটের মধ্যেই সিংহ ও তিনটি শাবক খাঁচায় ফিরে গেছে। একটি শাবককে ট্রাঙ্কুলাইজার দিয়ে ঘুম পাড়িয়ে খাঁচায় ফেরানো হয়।

কঠোর নিরাপত্তার পরও চিড়িয়াখানার সাতটির মধ্যে পাঁচটি সিংহই কিভাবে বেরিয়ে পড়েছিল তার কোনও ব্যাখ্যা এখনও দেয়নি কর্তৃপক্ষ।

নির্বাহী পরিচালক সিমন ডাফি এ ঘটনাকে ‘গুরুত্বপূর্ণ’ উল্লেখ করে বলেছেন, ঘটনাটি তদন্ত করা হবে। ১০০ ভাগ নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত চিড়িয়াখানায় সিংহ প্রদর্শনী বন্ধ থাকবে বলে জানিয়েছেন তিনি।

অস্ট্রেলিয়ায় চিড়িয়াখানায় খাঁচা থেকে প্রাণীদের বেরিয়ে যাওয়ার ঘটনা বিরল।

এর আগে ২০০৯ সালে সিডনির দক্ষিণে মোগো চিড়িয়াখানায় একটি সিংহী বেরিয়ে পড়েছিল। পরে মানুষের ওপর হামলা করতে পারে আশঙ্কায় সেটিকে গুলি করে হত্যা করা হয়।