লিথুয়ানিয়া সম্মেলনে ‘নেটো সদস্যপদ নিয়ে দৃঢ় বার্তা পাবে ইউক্রেইন’
ইউক্রেইনে রাশিয়ার যে সেনা অভিযান দুয়ারে যুদ্ধ নিয়ে এসেছে তার পাল্টা প্রতিক্রিয়া নিয়ে আলোচনা করতে ভিলনিয়াসে দুইদিনের শীর্ষ সম্মেলনে বসছে নেটো।
লিথুয়ানিয়ায় শুরু হতে যাওয়া নেটোর সম্মেলনে ইউক্রেইন সদস্যপদ বিষয়ে ‘ইতিবাচক ও দৃঢ় বার্তা’ পাবে বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন সামরিক জোটটির মহাসচিব ইয়েন্স স্টল্টেনবার্গ।
ইউক্রেইনে রাশিয়ার যে সেনা অভিযান দুয়ারে যুদ্ধ নিয়ে এসেছে তার পাল্টা প্রতিক্রিয়া নিয়ে আলোচনা করতে পশ্চিমা যুদ্ধজোটের নেতাদের বৈঠকের আগে তিনি এ কথা বলেন।
বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, নেটোর ৩১টি দেশের মধ্যে বিভক্তি থাকার অর্থ হচ্ছে ইউক্রেইন সোজাপথে নেটোতে যোগ দেওয়ার আমন্ত্রণ পাচ্ছে না।
কিইভকে নেটোতে আমন্ত্রণ জানানোর ব্যাপারে সতর্ক করে মস্কো বলেছে, এমন পদক্ষেপ তাদের জাতীয় নিরাপত্তার জন্য হুমকি।
স্টল্টেনবার্গ বলেছেন, কিইভ নেটোর কাছ থেকে আরও সামরিক সহযোগিতা পাবে এবং তাদেরকে যুক্ত করে নেওয়ার ক্ষেত্রে শর্তও শিথিল থাকবে।
নেটো ইউক্রেইনকে নতুন একটি কাঠামোর মাধ্যমে সহযোগিতা দেবে বলেও জানান পশ্চিমা সামরিক জোটের এ মহাসচিব। তথাকথিত্ এ কাঠামোকে নেটো-ইউক্রেইন কাউন্সিল নামে ডাকা হচ্ছে।
“ইউক্রেইনের জন্য এটা যে ইতিবাচক ও দৃঢ় বার্তা হবে এবং তাদের সদস্যপদ পাওয়ার পথ সুগম হবে সে বিষয়ে আমি আত্মবিশ্বাসী,” লিথুয়ানিয়ার রাজধানী ভিলনিয়াসে সম্মেলন শুরুর আগে বলেন স্টল্টেনবার্গ।
মা্র্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জেইক সালেভানও বলেছেন, এবারের সম্মেলন থেকে কিইভ তার সদস্যপদের ব্যাপারে ‘ইতিবাচক সংকেত’ পাবে।
সম্মেলনের ঘোষণায় আর কী কী থাকে তার দিকে বিশ্বের অন্যান্য দেশের কূটনীতিকদেরও নিবিড় নজর থাকবে।
এবারের সম্মেলনে নেটো স্নায়ুযুদ্ধের পর প্রথমবার রাশিয়ার আক্রমণ মোকাবেলায় বিস্তৃত একটি পরিকল্পনায় অনুমোদনও দিতে যাচ্ছে।
মঙ্গলবার থেকে শুরু হতে যাওয়া দুইদিনের এই সম্মেলনের কড়া সমালোচনা করেছে মস্কো।
ভিয়েনাভিত্তিক ঊর্ধ্বতন এক রুশ কূটনীতিক বার্তা সংস্থা রিয়াকে বলেছেন, ইউক্রেইনে যুদ্ধ আরও বাড়লে ইউরোপই প্রথম ‘বিপর্যয়কর পরিণতির’ মুখোমুখি হবে।
রয়টার্স জানিয়েছে, যুদ্ধ চলাকালে ইউক্রেইনকে যে নেটোতে নেওয়া হবে না, সে বিষয়ে নেটোর সব সদস্য একমত হলেও, যুদ্ধ শেষে কত দ্রুত এবং কী কী শর্তের বিনিময়ে কিইভকে সদস্য করে নেওয়া হবে সে বিষয়ে সদস্যদের মধ্যে ভিন্নমত আছে।
কিইভ অপেক্ষায় থাকলেও লিথুয়ানিয়ার এই সম্মেলনের আগেই আরেক দেশের নেটো সদস্যপথ প্রাপ্তির পথ অনেকটাই নিশ্চিত হল বলে মনে হচ্ছে।
সোমবার তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তায়িপ এরদোয়ান সুইডেনের নেটোতে যুক্ত হওয়ার আবেদন তাদের পার্লামেন্টে উত্থাপনে রাজি হয়েছেন।
আঙ্কারার আপত্তির কারণেই মূলত বেশ কয়েকমাস সুইডেনের নেটোভুক্তি ঝুলে ছিল।
তবে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, তুরস্ক যে শেষ পর্যন্ত সুইডেনের ব্যাপারে আপত্তি তুলে নিল, তাতে তিনি মোটেও বিস্মিত নন।
