Published : 31 Jan 2023, 02:34 PM
ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট জাইর বোলসোনারো যুক্তরাষ্ট্রে আরও কিছুদিন থাকার উদ্দেশ্যে ছয় মাসের ট্যুরিস্ট ভিসার জন্য আবেদন করেছেন।
শুক্রবার সাবেক এ প্রেসিডেন্টের আবেদন যুক্তরাষ্ট্র গ্রহণ করেছে বলে সোমবার বোলসোনারোর আইনজীবী ফিলিপে আলেকজান্ডার জানিয়েছেন।
আবেদন বিবেচনাধীন থাকাকালে বোলসোনারো যুক্তরাষ্ট্রেই অবস্থান করবেন বলে জানিয়েছেন তিনি।
বার্তা সংস্থা রয়টার্সের প্রশ্নের জবাবে পাঠানো ইমেইলে আলেকজান্ডার বলেছেন, “তিনি আরও কিছুদিন অবকাশে থাকতে চান। পরবর্তী পদক্ষেপ কী হবে সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার আগে তিনি মাথা থেকে চিন্তা ঝেড়ে ফেলে পর্যটক হিসেবে যুক্তরাষ্ট্রে কয়েক মাস উপভোগ করতে চান।
“পুরো ছয় মাস ব্যবহার করবেন কিনা এটি তার ওপর নির্ভর করছে। তার পরিকল্পনা তৈরি হলে সেগুলোর ওপর ভিত্তি করে আমরা পরবর্তী কৌশল ঠিক করবো।”
বোলসোনারো ট্যুরিস্ট ভিসার জন্য আবেদন করেছেন, এ খবর প্রথম প্রকাশ করেছে ফিনান্সিয়াল টাইমস।
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র বলেছেন, যুক্তরাষ্ট্রের আইন অনুযায়ী ভিসা রেকর্ড গোপনীয় বিষয়, তাই কোনো একজনের ভিসার বিষয় নিয়ে মন্ত্রণালয় আলোচনা করতে পারবে না।
১ জানুয়ারি নিজের প্রেসিডেন্টের মেয়াদ শেষ হওয়ার দুই দিন আগে কট্টর ডানপন্থি বোলসোনারো ব্রাজিল ছেড়ে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় চলে যান। তার মেয়াদ শেষ হওয়ার পর নবনির্বাচিত লুয়িজ ইনাসিও লুলা দ্য সিলভা প্রেসিডেন্টের দায়িত্ব নেন। বামপন্থি লুলা দায়িত্ব নেওয়ার কয়েকদিনের মধ্যেই বোলসোনারোর সমর্থকরা ব্রাজিরের রাজধানী ব্রাসিলিয়ায় তাণ্ডব চালান।
সাবেক প্রেসিডেন্টের সমর্থকরা ব্রাজিলের কংগ্রেস, সুপ্রিম কোর্ট ও প্রেসিডেন্ট প্রাসাদে হামলা চালিয়ে ভাংচুর করে এবং লুলাকে ক্ষমতা থেকে সরাতে সামরিক বাহিনীকে অভ্যুত্থান ঘটানোর আহ্বান জানায়।
গণতন্ত্রবিরোধী বিক্ষোভ উসকে দেওয়ার জন্য বোলসোনারোর বিষয়ে তদন্ত শুরু করতে সম্মত হয়েছে ব্রাজিলের সুপ্রিম কোর্ট।
চলতি মাসের প্রথমদিকে মার্কিন কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদের ৪১ জন ডেমোক্র্যাট সদস্য ব্রাসিলিয়ার সহিংস বিক্ষোভের বিষয়ে তদন্তে ব্রাজিলকে সহায়তা করতে প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসনকে অনুরোধ জানিয়েছেন এবং বোলসোনারোকে দেওয়া যুক্তরাষ্ট্রের ভিসা প্রত্যাহার করতে বলেছেন।
মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় বারবার জানিয়েছে, কোনো নির্দিষ্ট ভিসা ইস্যু নিয়ে কথা না বলাই তাদের নীতি।
তারা শুধু জানিয়েছে, কূটনীতিক এবং ক্ষমতাসীন রাষ্ট্রপ্রধানদের জন্য সংরক্ষিত ‘এ’ ক্যাটাগরির ভিসায় যুক্তরাষ্ট্রে প্রবেশ করা কোনো ব্যক্তি ৩০ দিন পর্যন্ত সেখানে থাকতে পারবেন, তিনি যদি আর দায়িত্বে না থাকেন তাহলে তার ইমিগ্রেশন স্ট্যাটাস পাল্টানোর জন্য তাকে আবেদন করতে হবে।
বোলসোনারো ‘এ’ ক্যাটাগরির ভিসায় যুক্তরাষ্ট্রের প্রবেশ করেছিলেন বলে ধারণা করা হচ্ছে।
আরও পড়ুন: