২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৯ আশ্বিন ১৪৩৩

ইন্দোনেশিয়ায় স্কুল ধসে ৩ জন নিহত, ৩৮ জন চাপা পড়ার আশঙ্কা

রাজধানী জাকার্তার প্রায় ৭৮০ কিলোমিটার পূর্বে সিদোয়ারজো শহরে আল খোজিনি বোর্ডিং স্কুল সোমবার ধসে পড়ে। আহত ৮০ জনকে হাসপাতালে নেওয়া হয়েছে।

ইন্দোনেশিয়ায় স্কুল ধসে ৩ জন নিহত, ৩৮ জন চাপা পড়ার আশঙ্কা
চাপা পড়াদের উদ্ধারের চেষ্টায় অনুসন্ধান ও উদ্ধারকর্মীরা। ছবি: রয়টার্স

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Sep 2025, 04:57 PM

Updated : 26 Aug 2026, 02:23 PM

ইন্দোনেশিয়ায় পূর্ব জাভার একটি ইসলামিক বোর্ডিং স্কুল ভবন ধসে অন্তত তিনজন শিক্ষার্থী নিহত হয়েছে। ধসে পড়া ভবনের ধ্বংসস্তূপে আরও  ৩৮ জন চাপা পড়ে আছে বলে আশঙ্কা করা হচ্ছে। 

তাদেরকে উদ্ধারে মঙ্গলবার তৎপরতা চালিয়ে যাচ্ছেন উদ্ধারকর্মীরা। ইন্দোনেশিয়ার অনুসন্ধান ও উদ্ধার সংস্থার প্রধান মোহাম্মদ সাফি জানান, সোমবার রাজধানী জাকার্তার প্রায় ৭৮০ কিলোমিটার পূর্বে সিদোয়ারজো শহরে আল খোজিনি বোর্ডিং স্কুল ধসে পড়ে। 

এতে তিনজন নিহত হন। আর ৯৯ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। জাতীয় দুর্যোগ মোকাবেলা সংস্থার মুখপাত্র আবদুল মুহারি বলেন, ভবনটি নির্মাণকাজ চলাকালে ধসে পড়ে। তিনি বলেন, হঠাৎ করেই ভবনের নির্মাণ সামগ্রী কয়েক ডজন ছাত্র ও শ্রমিকের ওপর পড়ে।

কর্মকর্তারা বলছেন, ভবনটির ভিত্তি ছিল দুর্বল এবং এর ওপর আরও একটি তলা নির্মাণের অতিরিক্ত ভার ভবনটি বহন করতে পারেনি।

স্থানীয় একজন অনুসন্ধান ও উদ্ধার কর্মকর্তা নানাং সিজিত বলেছেন, ৩৮ জন নিখোঁজ রয়েছেন। তাদেরকে উদ্ধারে কর্তৃপক্ষ ভারি যন্ত্রপাতিও ব্যবহার করতে পারছে না। কারণ, এতে নির্মানাধীণ  ভবনটির বাকি অংশও ধসে পড়ার ঝুঁকি আছে।

জাতীয় দুর্যোগ মোকাবেলা সংস্থার মুখপাত্র আবদুল মুহারি জানান, প্রায় ৮০ জন আহতকে হাসপাতালে নেওয়া হয়েছে।

স্থানীয় সংবাদমাধ্যম কোমপাস টিভির ভিডিওতে দেখা গেছে, শিক্ষার্থীদের পরিবারের সদস্যরা একটি হোয়াইটবোর্ডের চারপাশে জড়ো হয়ে জীবিতদের তালিকা দেখছেন।