১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

ভারতীয় পতাকাবাহী ট্যাংকারকে ‘হরমুজ প্রণালি পার হতে দেবে ইরান’

নয়া দিল্লির আমদানি করা অপরিশোধিত তেলের ৪০ শতাংশ পারস্য উপসাগর থেকে হরমুজ প্রণালি হয়ে দেশটিতে যায়।

ভারতীয় পতাকাবাহী ট্যাংকারকে ‘হরমুজ প্রণালি পার হতে দেবে ইরান’
বিশ্বের মোট তেলের চাহিদার প্রায় ২০ শতাংশ ইরান ও ওমানের মধ্যবর্তী সংকীর্ণ প্রণালি হরমুজ হয়ে সরবরাহ করা হয়। ছবি: রয়টার্স

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Mar 2026, 05:07 PM

Updated : 26 Aug 2026, 03:08 PM

ভারতের পতাকাবাহী ট্যাংকারগুলোকে হরমুজ প্রণালি পার হতে দেবে ইরান, দেশটির এক সূত্র রয়টার্সকে এমনটিই জানিয়েছেন। 

কিন্তু বিদেশে থাকা ইরানি সূত্রগুলো বৃহস্পতিবার ওই দাবি অস্বীকার করে এমন কোনো চুক্তি হয়নি বলে জানিয়েছেন।  

নয়া দিল্লির আমদানি করা অপরিশোধিত তেলের ৪০ শতাংশ হরমুজ প্রণালি হয়ে দেশটিতে যায়।  

রয়টার্স জানিয়েছে, ওই ভারতীয় সূত্র নাম প্রকাশ করতে দিতে রাজি হননি। গণমাধ্যমের সঙ্গে কথা বলার অনুমতি নাই বলে জানিয়েছেন তিনি। আর ইরানি সূত্র বিষয়টির স্পর্শকাতরা বিবেচনায় নাম প্রকাশ করেত রাজি হননি। 

এ বিষয়ে মন্তব্যের অনুরোধে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় ও নয়া দিল্লির ইরানি দূতাবাস তাৎক্ষণিকভাবে সাড়া দেয়নি। 

বুধবার ভারতের গুজরাট উপকূলীয় বন্দর কান্ডলাগামী থাইল্যান্ডের পতাকাবাহী একটি পণ্যবাহী জাহাজ হরমুজ প্রণালিতে আক্রমণের শিকার হয়। বুধবার রাতে দেওয়া এক বিবৃতিতে এই হামলার তীব্র সমালোচনা করেছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। 

বিবৃতিতে মন্ত্রাণলয়টি বলেছে, “পশ্চিম এশিয়ায় (মধ্যপ্রাচ্য) চলমান সংঘাতের মধ্যে বাণিজ্যিক জাহাজের চলাচলকে সামরিক হামলার লক্ষ্যবস্তুতে পরিণত করা হচ্ছে, ভারত এর তীব্র নিন্দা জানায়।”

যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ২৮ ফেব্রুয়ারিতে ইরান যুদ্ধ শুরু করার পর থেকে পারস্য উপসাগরীয় দেশটি অন্তত ১৬টি জাহাজে হামলা চালিয়েছে। হরমুজ প্রণালি হয়ে মধ্যপ্রাচ্য থেকে তেল রপ্তানি পুরোপুরি বন্ধ করে দেওয়ার হুমকি দিয়েছে ইরান। তারা সতর্ক করে বলেছে, বিশ্ব বাজারে তেলের ব্যারেল প্রতি দর বেড়ে ২০০ ডলার পর্যন্ত উঠতে পারে।  

চলতি সপ্তাহের প্রথমদিকে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস. জয়শঙ্কর ফোনে ইরানের পররাষ্ট্রমন্ত্রী সৈয়দ আব্বাস আরাগচির সঙ্গে কথা বলেছিলেন। তখন তারা হরমুজ প্রণালি দিয়ে সামুদ্রিক জাহাজ চলাচলের নিরাপত্তা নিয়ে আলোচনা করেছিলেন বলে ইরানি গণমাধ্যমগুলো জানিয়েছিল।  

হরমুজ প্রণালি জলপথ প্রায় বন্ধ হয়ে যাওয়ায় বিশ্বের তৃতীয় বৃহত্তম অপরিশোধিত তেল আমদানিকারক দেশ ভারত বিকল্প হিসেবে রাশিয়ার কাছ থেকে তেল কেনা বৃদ্ধির পদক্ষেপ নিচ্ছে। 

আরও পড়ুন: 

পারস্য উপসাগর, হরমুজ প্রণালিতে আক্রমণের লক্ষ্যবস্তু বাণিজ্যিক জাহাজ

আরব প্রতিবেশীদের রপ্তানি বন্ধ, হরমুজ দিয়ে ঠিকই যাচ্ছে ইরানি তেল