২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

আরব আমিরাতে ভারি বৃষ্টিপাতে বন্যা, ১৩ ফ্লাইট বাতিল

দুবাই বিমানবন্দরের ওয়েবসাইটে কয়েক ডজন ফ্লাইটে বিলম্ব হতে দেখা যায়। প্রতিকূল আবহাওয়ার কারণে এই বিলম্ব ও ফ্লাইট বাতিল হয়েছে বলে জানান বিমানবন্দরের মুখপাত্র।

আরব আমিরাতে ভারি বৃষ্টিপাতে বন্যা, ১৩ ফ্লাইট বাতিল
দুবাইয়ের রাস্তায় বন্যার পানিতে আটকা পড়া যানবাহন। ছবি: রয়টার্স

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Dec 2025, 07:33 PM

Updated : 26 Aug 2026, 05:23 PM

সংযুক্ত আরব আমিরাতে (ইউএই) কয়েক মাসের মধ্যে সবচেয়ে শক্তিশালী ঝড় ও ভারি বৃষ্টির কবলে শুক্রবার দেশটির জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। 

বৃষ্টিতে সৃষ্ট বন্যায় প্রধান শহরগুলোর রাস্তাঘাট তলিয়ে গেছে এবং কয়েক ডজন ফ্লাইট বাতিল ও বিলম্বিত হয়েছে।

সংবাদমাদ্যম ‘এরাবিয়া ইংলিশ’ লিখেছে, দুবাইয়ের এমিরেটস এয়ারলাইন শুক্রবার তাদের ১৩টি ফ্লাইট বাতিল করেছে। 

তাছাড়া, পার্শ্ববর্তী শারজাহ বিমানবন্দরেও অসংখ্য ফ্লাইট বাতিল ও সময় পরিবর্তনের খবর পাওয়া গেছে। বৃহস্পতিবার রাত থেকেই বজ্রবিদ্যুৎসহ শুরু হওয়া ভারি বৃষ্টিতে অনেক বাসিন্দার ঘুম ভেঙে যায়।

শুক্রবার সকালে শারজাহর প্রধান সড়কগুলো সম্পূর্ণভাবে পানির নিচে তলিয়ে থাকতে দেখা গেছে। অনেক বাসিন্দাকে খালি পায়ে পানির মধ্য দিয়ে হেঁটে চলাচল করতে দেখা যায়। 

পানিতে তলিয়ে যাওয়া রাস্তায় একটি সাইকেল চালিয়ে যাওয়ার দৃশ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে, যেখানে সাইকেলের চাকা প্রায় পুরোটা পানির নিচে ছিল।

এই দৃশ্য ২০২৪ সালের এপ্রিলের সেই ভয়াবহ বন্যার স্মৃতিই মনে করিয়ে দিয়েছে, যখন রেকর্ড বৃষ্টিতে দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরে ২ হাজারেরও বেশি ফ্লাইট বাতিল করতে হয়েছিল।

বৃষ্টির পূর্বাভাস পেয়ে বৃহস্পতিবারই দুবাই পুলিশ বাসিন্দাদের ‘অত্যন্ত জরুরি’ প্রয়োজন ছাড়া ঘর থেকে বের না হতে অনুরোধ করেছিল। শুক্রবার সকাল থেকেই দুবাইয়ের রাস্তায় আটকে পড়া পানি সরানোর জন্য পাম্পিং ট্রাক নামাতে দেখা গেছে।

দুবাই বিমানবন্দরের ওয়েবসাইটে কয়েক ডজন ফ্লাইটে বিলম্ব হতে দেখা যায়। বিমানবন্দরের এক মুখপাত্র জানান, প্রতিকূল আবহাওয়ার কারণে বেশ কিছু ফ্লাইট বাতিল ও বিলম্বিত হয়েছে।

আমিরাতের জাতীয় আবহাওয়া কেন্দ্র বৃহস্পতিবার থেকে শুক্রবার পর্যন্ত দুবাই ও রাজধানী আবুধাবিসহ সারা দেশে বৃষ্টির সতর্কতা জারি করেছিল।

আমিরাতের পাশাপাশি পারস্য উপসাগরীয় অন্য দেশগুলোতেও ভারি বৃষ্টি হয়েছে। কাতারে বৃষ্টির কারণে বৃহস্পতিবার সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের মধ্যকার ‘আরব কাপ’ ফুটবলের তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচটি স্থগিত ও পরবর্তীতে বাতিল ঘোষণা করা হয়। 

আমিরাতের পাশাপাশি পারস্য উপসাগরীয় অন্য দেশগুলোতেও ভারি বৃষ্টি হয়েছে। কাতারে বৃষ্টির কারণে বৃহস্পতিবার সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের মধ্যকার ‘আরব কাপ’ ফুটবলের তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচটি স্থগিত ও পরবর্তীতে বাতিল ঘোষণা করা হয়। 

গত বছর আমিরাতে ৭৬ বছরের ইতিহাসে সবচেয়ে ভারি বৃষ্টিপাত হয়েছিল, যাতে অন্তত চারজনের মৃত্যু হয় এবং কয়েক দিন ধরে দুবাই অচল হয়ে পড়েছিল। 

‘ওয়ার্ল্ড ওয়েদার অ্যাট্রিবিউশন’ গ্রুপের এক গবেষণায় বলা হয়েছে, জীবাশ্ম জ্বালানি নিঃসরণের ফলে সৃষ্ট বিশ্ব উষ্ণায়ন সম্ভবত এই চরমভাবাপন্ন আবহাওয়ার অন্যতম প্রধান কারণ।