২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জোর করে বন্ধ্যাকরণ: ৫০ বছর পরও যা মনে রেখেছে একটি গ্রাম

১৯৭৭ সালের মার্চ পর্যন্ত চলা জরুরি অবস্থার সময় ভারত জোর করে বন্ধ্যাকরণ করেছিল ৮০ লাখের বেশি পুরুষের। হরিয়ানার উত্তাওয়া গ্রামে আজও আছে সেই ক্ষত।

জোর করে বন্ধ্যাকরণ: ৫০ বছর পরও যা মনে রেখেছে একটি গ্রাম
মোহাম্মদ দীনু। ছবি: আল-জাজিরা।

বিডিনিউজ২৪

রয়টার্স

Published : 27 Jun 2025, 11:46 PM

Updated : 26 Aug 2026, 01:16 PM

যখন সবাই জঙ্গলের দিকে ছুটছিল, আশপাশের গ্রামে পালাচ্ছিল কিংবা পুলিশের  হাত থেকে বাঁচতে কুয়োয় ঝাঁপ দিচ্ছিল, তখন মোহাম্মদ দীনু ছিলেন স্থির।

উত্তর ভারতের হরিয়ানার মেওয়াট অঞ্চলের উত্তাওয়া গ্রামের বাসিন্দা দীনু। রাজধানী দিল্লি থেকে প্রায় ৯০ কিলোমিটার দূরে এই গ্রাম।

 ১৯৭৬ সালে নভেম্বরের তীব্র শীতের সেই রাতে, পুরো গ্রামই ঘিরে ফেলেছিল পুলিশ। তাদের ওপর নির্দেশ ছিল, সন্তান জন্মদানে সক্ষম পুরুষদের সবাইকে জড়ো করতে হবে গ্রামের মাঠে।

ভারত তখন এক অন্ধকার সময়ের মধ্য দিয়ে যাচ্ছিল। তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর ঘোষিত জরুরি অবস্থা ১৭ মাস পেরোচ্ছিল।

সে সময় নাগরিক স্বাধীনতা ছিল না। হাজার হাজার রাজনৈতিক বিরোধীকে বিচার ছাড়াই বন্দি করা হয়েছিল। সংবাদমাধ্যমের কণ্ঠরোধ করা হয়েছিল।

বিশ্বব্যাংক ও যুক্তরাষ্ট্রের আর্থিক সহায়তায় ভারত চালু করেছিল জোর করে বন্ধ্যাকরণের বিতর্কিত এক কর্মসূচি। কেবল ১৯৭৬ সালেই ভারতে ভ্যাসেকটমি বা বন্ধ্যাকরণ করা হয়েছিল ৬০ লাখ পুরুষকে।

আর ১৯৭৫ সালের মাঝামাঝি থেকে ১৯৭৭ সালের মার্চ পর্যন্ত চলা জরুরি অবস্থার সময় এ সংখ্যা ছিল ৮০ লাখের বেশি। আজ পঞ্চাশ বছর পেরিয়ে গেলেও সেই ক্ষত এখনও রয়ে গেছে উত্তাওয়া গ্রামে।

গ্রামটিন বাসিন্দা দীনু ও তার ১৪ জন বন্ধুও এ তালিকায় ছিলেন। তাদের ধরে নিয়ে যাওয়া হয় পলওয়ালের এক জরাজীর্ণ বন্ধ্যাকরণ শিবিরে। দীনু বলেন, “আমরা আত্মত্যাগ করেছি, গ্রামটাকে বাঁচিয়েছি। ভবিষ্যৎ প্রজন্মকে রক্ষা করেছি।”

তিনি এখনও জীবিত, বাকিরা কেউ বেঁচে নেই। বর্তমানে ৯০ বছর বয়সী দীনু সেই দিনের কথা স্মরণ করে বলেন, “সবাই যখন নিজেদের বাঁচাতে দৌড়াচ্ছিল, গ্রামের কিছু বয়োজ্যেষ্ঠ বুঝেছিলেন, কেউ ধরা না পড়লে আরও বড় বিপদ হবে। তাই গ্রামের কিছু পুরুষকে জড়ো করে পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছিল।”

স্বাধীনতার মাত্র পাঁচ বছর পর, ১৯৫২ সালে, ভারত প্রথম দেশ হিসেবে জাতীয় পরিবার পরিকল্পনা কর্মসূচি গ্রহণ করে। সে সময় দুই সন্তানের জন্ম পর্যন্ত পরিবার সীমিত রাখার কথা বলা হতো।

১৯৬০-এর দশকে, যখন ভারতে গড় সন্তানসংখ্যা নারীপ্রতি প্রায় ৬ জনে দাঁড়ায়, তখন ইন্দিরা সরকার আরও কঠোর অবস্থান নিতে শুরু করে। জনসংখ্যা বৃদ্ধিকে তখন দেশের অর্থনীতির জন্য বোঝা মনে করা হতো।

কারণ, ১৯৫০ এর দশক থেকে ১৯৯০-এর দশক পর্যন্ত ভারতের অর্থনৈতিক প্রবৃদ্ধির গড় হার ছিল মাত্র ৪ শতাংশ। পশ্চিমারাও তখন ভারতের মতো একই দৃষ্টিভঙ্গি নিয়েছিল।

বিশ্বব্যাংক ভারতকে ৬৬ মিলিয়ন ডলারের ঋণ দিয়েছিল বন্ধ্যাকরণ কর্মসূচির জন্য। যুক্তরাষ্ট্রও তখন অনাহারে থাকা ভারতীয়দের জন্য খাদ্য সাহায্য বরাদ্দ করছিল তাদের জনসংখ্যা নিয়ন্ত্রণের সাফল্যের ওপর ভিত্তি করে।

ভারতে জরুরি অবস্থা জারি থাকার সময়, যখন সব গণতান্ত্রিক নিয়ন্ত্রণ ও প্রতিবন্ধকতা উঠে যায়, তখন ইন্দিরা গান্ধীর সরকার পুরোপুরি লাগামছাড়া হয়ে পড়েছিল।

সরকার ও প্রশাসনিক কর্মকর্তাদের ওপর ছিল বন্ধ্যাকরণের কোটা পূরণের চাপ। কোটা পূরণ না করতে পারলে বেতন বন্ধ, চাকরি খোয়ানোর হুমকি দেওয়া হত। এমনকি যারা রাজি হত না, তাদের এলাকায় পানি-সেচও বন্ধ করে দেওয়া হতো।

বন্ধ্যাকরণের বিরোধিতা যারা করতেন, তাদের ওপরও নেমে আসত নিরাপত্তা বাহিনীর নির্যাতন। এর শিকার হয়েছিল উত্তাওয়ার গ্রামও। গ্রামটিতে মূলত মুসলিম সম্প্রদায়ের মানুষ থাকতেন।

ওই সময় মুসলিমপ্রধান এলাকাগুলোকেই বেশি টার্গেট করা হয়েছিল। কারণ, সে সময় ভারতে মুসলিমদের জন্মহার ছিল অন্যদের চেয়ে তুলনামূলক বেশি।

উত্তাওয়া গ্রামে পুলিশ অভিযান চালিয়ে বাড়িঘর ভাঙচুর করে, খাবারে বালিও মেশানো হয়। দীনুর বাড়ির পাশের গলির বাড়িতে তখন ১৩ বছর বয়সী মোহাম্মদ নূর ঘুমাচ্ছিলেন বাবার কোলে।

তখনই পুলিশ সদস্যসহ নিরাপত্তা বাহিনী হানা দেয় তাদের বাড়িতে। “তারা দরজা ভেঙে ভেতরে ঢোকে, চোখের সামনে যা পায় সবকিছু ভেঙে ফেলে,” স্মরণ করেন নূর।

“আমাদের দুর্দশা আরও বাড়াতে তারা ময়দার সঙ্গে বালি মিশিয়ে দেয়। পরের চার দিন গ্রামের কোনও বাড়িতেই রান্না হয়নি।”

নূরকেও ধরে নিয়ে যাওয়া হয়, পুলিশের মার খেয়ে অবশেষে তিনি ছাড়া পান। তার বয়স ১৫ বছরের কম হওয়ায় তাকে ভ্যাসেকটমি (নাশবন্দি) করা হয়নি।

সেই ভয়ের রাতটি ওই গ্রামে এখন লোককাহিনী হয়ে গেছে। তৎকালীন গ্রামপ্রধান আব্দুর রহমানের কথা আজও বলে সবাই। “বাইরের কেউ হয়ত নামটা জানে না, কিন্তু আমরা জানি,” বলেন নূরের ছেলেবেলার বন্ধু তাজামুল মোহাম্মদ। দুজনেরই বয়স এখন ৬৩।

গ্রামের প্রধান আব্দুর রহমান সরকারি নির্দেশ থাকার পরও কাউকে ‘তুলে’ দিতে রাজি হননি। জনশ্রুতী অনুযায়ী, আব্দুর রহমান বলেছিলেন, “আমি আমার এলাকা থেকে কুকুরও দেব না, আর তোমরা মানুষ চাও!, কখনই দেব না।”

তবুও রক্ষা পায়নি গ্রাম। অভিযানের পর গ্রামে নেমে আসে নিস্তব্ধতা। যারা পালিয়েছিল, বা ধরা পড়েছিল, অনেকেই দীর্ঘদিন ফেরেনি। পাশের গ্রামের লোকেরা বন্ধ্যা হওয়া পুরুষদের সঙ্গে মেয়েদের বিয়ে দিতে রাজি হতো না।

আবার অনেকেই মানসিকভাবে কখনও স্বাভাবিক হতে পারেননি, উদ্বেগ আর আতঙ্কে জীবন কাটিয়েছে, বলেন স্থানীয় সমাজকর্মী কাসিম। এই মানসিক চাপ আর সামাজিক অবজ্ঞা অনেকের অকালমৃত্যু ডেকে আনে।

দীনু বলেন, “বন্ধ্যাকরণ এক অভিশাপ, সেই রাতের পর থেকে এখনও পর্যন্ত উত্তাওয়ার প্রতিদিন কষ্ট পাচ্ছে।” তার স্ত্রী সলিমা তখন অন্তঃসত্ত্বা ছিলেন। সন্তান জন্মের এক মাস আগে দীনু অস্ত্রোপচার হয়। সেই এক ছেলের ঘরে এখন তার নাতি ও প্রপৌত্র রয়েছে।

তবে, আজ পঞ্চাশ বছর পর ভারতের জনসংখ্যা নিয়ন্ত্রণে কোনও আইন নেই। জোর করে বন্ধ্যাকরণও কর্মসূচিও নেই। তবে অনেকেই বলছেন, বর্তমান সরকার কর্তৃত্ববাদের নতুন রূপ প্রতিষ্ঠা করেছে।

সেই আমলেল জরুরি অবস্থার সময় যেমন ভীতি আর দমনপীড়নের পরিবেশ ছিল, সেটাই নতুনভাবে ফিরে এসেছে বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আমলে।

তবে সেই অতীতে সরকারের বন্ধ্যাকরণ কর্মসূচির পর জনগণ প্রতিবাদী প্রতিক্রিয়া দেখিয়েছিল ভোটে। ১৯৭৭ সালে ইন্দিরা গান্ধী নির্বাচনে পরাজিত হয়েছিলেন।

রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, আজকের ভারতেও গণতন্ত্র বর্তমান অধ্যায় পেরিয়ে আবার ঘুরে দাঁড়াতে পারে কি না, সেটাই এখন দেখার বিষয়।