নির্বাচনের আগে ৫ লাখ অভিবাসী স্বামী বা স্ত্রীদের বৈধতা দিচ্ছেন বাইডেন
যারা কমপক্ষে ১০ বছর যুক্তরাষ্ট্রে আছেন তারা এই আইনি সুরক্ষা পাবেন; বৈধভাবে কাজও করতে পারবেন।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন এক নির্বাহী পদক্ষেপের ঘোষণায় মার্কিন নাগরিকদের কাগজপত্রহীন বা অবৈধ অভিবাসী স্পাউসদের (স্বামী বা স্ত্রী) আইনি সুরক্ষা দিতে চলেছেন।
এ পদক্ষেপের ফলে যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে বসবাসের জন্য আবেদন করতে পারবেন অনথিভুক্ত প্রায় পাঁচ লাখ স্পাউস। যুক্তরাষ্ট্র থেকে তাদেরকে আর বিতাড়িতও হতে হবে না।
যারা কমপক্ষে ১০ বছর ধরে যুক্তরাষ্ট্রে আছেন তারা এই আইনি সুরক্ষা পাবেন। একই সঙ্গে বৈধভাবে যুক্তরাষ্ট্রে কাজ করতে পারবেন তারা। হোয়াইট হাউজের ধারণা, নতুন এই সিদ্ধান্তে মার্কিন নাগরিকদের পাঁচ লাখেরও বেশি স্বামী–স্ত্রী উপকৃত হবেন।
আর কেবল স্পাউসই নয়, অভিবাসীদের ২১ বছরের কম বয়সী প্রায় ৫০ হাজার অনাগরিক সন্তানকেও আইনি মর্যাদা দেওয়া হচ্ছে, যাদের বাবা কিংবা মায়েরা কোনও মর্কিন নাগরিককে বিয়ে করেছেন।
যুক্তরাষ্ট্রে আগামী নভেম্বরে অনুষ্ঠেয় প্রেসিডেন্ট নির্বাচনকে সামনে রেখে বাইডেন এ পদক্ষেপ নিচ্ছেন।
সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার প্রশাসন ২০১২ সালে ‘ডেফার্ড অ্যাকশন ফর চাইল্ডহুড অ্যারাইভাল’ বা ‘ডাকা’ ঘোষণা করার পর এটিই দেশটিতে অনথিভুক্ত অভিবাসীদের জন্য স্বস্তিদায়ক সবচেয়ে বড় কর্মসূচি বলা মনে করা হচ্ছে।
ডাকা কর্মসূচির ১২ তম বার্ষিকী উদযাপন অনুষ্ঠানের আগে দিয়েই মঙ্গলবার নতুন এই নীতি ঘোষণা করছেন বাইডেন।
বাইডেন যুক্তরাষ্ট্রের অভিবাসন ব্যবস্থাকে আরও বেশি সুষ্ঠু এবং ন্যায়সঙ্গত করার অঙ্গীকার করেছেন। এবছর প্রেসিডেন্ট নির্বাচনের আগে দিয়ে অভিবাসন ইস্যুটি অনেক ভোটারের জন্য প্রাথমিকভাবে উদ্বেগের বিষয় হয়ে আছে।
বাইডেন ‘প্যারোল ইন প্লেস’ নীতিতে অনথিভুক্ত অভিবাসীদের জন্য গ্রিন কার্ড এবং মার্কিন নাগরিকত্ব পাওয়ার ব্যবস্থা করছেন। তার এই কর্মসূচি গ্রীষ্মের শেষেই চালু হবে বলে জানিয়েছেন এক ঊর্ধ্বতন প্রশাসনিক কর্মকর্তা।
