‘মার্কিন গোয়েন্দা সহায়তায়’ রুশ জ্বালানি স্থাপনায় হামলা চালাচ্ছে ইউক্রেইন
মার্কিন ও ইউক্রেইনীয় কর্মকর্তাদের বরাত দিয়ে রোববার এক প্রতিবেদনে এমনটাই জানিয়েছে ফাইন্যান্সিয়াল টাইমস।
রুশ অর্থনীতিকে দুর্বল এবং প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে আলোচনার টেবিলে আনতে বাধ্য করতে রাশিয়ার জ্বালানি অবকাঠামোগুলোতে ইউক্রেইন যে দূরপাল্লার হামলা চালিয়ে আসছে তাতে যুক্তরাষ্ট্র সহায়তা করছে বলে ফাইন্যান্সিয়াল টাইমসের এক প্রতিবেদনে উঠে এসেছে।
মার্কিন গোয়েন্দা সংস্থাগুলোর সহায়তায় কিইভ যুদ্ধক্ষেত্র থেকে অনেক দূরে তেল শোধনাগারসহ গুরুত্বপূর্ণ রুশ জ্বালানি স্থাপনায় হামলা চালাচ্ছে বলে এই কর্মকাণ্ডের সঙ্গে সংশ্লিষ্ট অনামা মার্কিন ও ইউক্রেইনীয় কর্মকর্তাদের বরাত দিয়ে রোববারের প্রতিবেদনে বলেছে খবরের কাগজটি।
এ প্রসঙ্গে হোয়াইট হাউস, ইউক্রেইনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির কার্যালয় ও ইউক্রেইনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে বার্তা সংস্থা রয়টার্স মন্তব্য চাইলেও তাৎক্ষণিকভাবে তাদের কারও কাছ থেকে সাড়া পায়নি।
রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ও এখন পর্যন্ত প্রতিবেদনটি নিয়ে কোন মন্তব্য করেনি।
তবে মস্কো চলতি মাসেই বলেছিল, ওয়াশিংটন ও এর নেটো মিত্ররা কিইভকে নিয়মিতই গোয়েন্দা তথ্য সরবরাহ করে যাচ্ছে।
“গোয়েন্দা তথ্য সংগ্রহ ও তা ইউক্রেইনকে সরবরাহে যে পুরো নেটো ও যুক্তরাষ্ট্রের অবকাঠামো ব্যবহৃত হচ্ছে তা তো স্পষ্ট,” সাংবাদিকদের এমনটাই বলেছিলেন ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ।
ফাইন্যান্সিয়াল টাইমসের প্রতিবেদন বলছে, ইউক্রেইনের দূর পাল্লার, একক-যাত্রার আক্রমণকারী ড্রোনগুলো যেন রাশিয়ার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এড়াতে পারে সেজন্য মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো কিইভকে রুট পরিকল্পনা, উচ্চতা, সময় ও অভিযান বিষয়ক সিদ্ধান্ত নিতে সহায়তা করে।
পরিকল্পনার সব পর্বে যুক্তরাষ্ট্র ঘনিষ্ঠভাবে যুক্ত রয়েছে, অভিযান সম্বন্ধে অবগত তিনজনের বরাত দিয়ে জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক এ সংবাদমাধ্যমটি।
মার্কিন এক কর্মকর্তা তাদেরকে বলেছে, দূরপাল্লার হামলার লক্ষ্যবস্তু ইউক্রেইনই ঠিক করে, ওয়াশিংটন এরপর ওই স্থানগুলোর দুর্বলতা সম্পর্কিত গোয়েন্দা তথ্য সরবরাহ করে।
এই মাসের শুরুর দিকে দুই মার্কিন কর্মকর্তা রয়টার্সকে বলেছিলেন, রাশিয়ার জ্বালানি অবকাঠামো সংক্রান্ত নিশানায় ইউক্রেইনের দূরপাল্লার হামলায় ওয়াশিংটন কিইভকে গোয়েন্দা তথ্য দেবে। এমন এক সময়ে তারা এ কথা বলেন, যখন কিইভকে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র দেওয়া হবে কিনা যুক্তরাষ্ট্র তা বিবেচনা করে দেখছে।
দূরপাল্লার ক্ষেপণাস্ত্র পেলে ইউক্রেইন এসব হামলায় সেগুলোই ব্যবহার করবে।
যুক্তরাষ্ট্র তার নেটো মিত্রদেরও কিইভকে একই রকমের গোয়েন্দা তথ্য দিতে বলেছে, বলেছেন ওই কর্মকর্তা।
এদিকে শনিবার জেলেনস্কি বলেছেন, মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের সঙ্গে তার ‘ইতিবাচক ও গঠনমূলক’ ফোনালাপে ইউক্রেইনের জ্বালানি স্থাপনায় রাশিয়ার হামলা প্রসঙ্গে কথা হয়েছে।
“আমাদের আকাশ প্রতিরক্ষা জোরদারের সুযোগ ও সেটা নিশ্চিতে সুনির্দিষ্ট চুক্তির ব্যাপারে যে কাজ চলছে তা নিয়ে আলোচনা করেছি আমরা। নিজেদেরকে শক্তিশালী করার অনেকগুলো চমৎকার বিকল্প ও অসাধারণ ভাবনা রয়েছে,”এক্সে দেওয়া পোস্টে বলেছেন ইউক্রেইনের প্রেসিডেন্ট।
