২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পেলোসির তাইওয়ান সফর: চীনকে সমর্থন রাশিয়ার

পেলোসির সফর নিয়ে ওয়াশিংটনকে সতর্ক করে রাশিয়া বলেছে, এ ধরনের উস্কানিমূলক সফর যুক্তরাষ্ট্রের সঙ্গে বেইজিংয়ের সংঘর্ষ অবশ্যম্ভাবী করে তুলবে।

রয়টার্স

Published : 02 Aug 2022, 11:50 PM

Updated : 02 Aug 2022, 11:50 PM

যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসির তাইওয়ান সফর নিয়ে চীন যে ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখাচ্ছে তাতে জোরাল সমর্থন দিয়েছে রাশিয়া।

পেলোসির সফর নিয়ে ওয়াশিংটনকে সতর্ক করে রাশিয়া বলেছে, এ ধরনের উস্কানিমূলক সফর যুক্তরাষ্ট্রের সঙ্গে বেইজিংয়ের সংঘর্ষ অবশ্যম্ভাবী করে তুলবে।

পেলোসির তাইওয়ান সফর নিয়ে চীন বারবার হুঁশিয়ারি উচ্চারণ করেছে এবং যুক্তরাষ্ট্রকে সতর্ক করে বলেছে, তাদের সেনাবাহিনী ‘চুপ করে বসে থাকবে না’ এবং তারা ‘কঠোর সামরিক প্রতিক্রিয়া দেখাবে’।

এমনকী চীনের প্রেসিডেন্ট শি জিনপিং গত বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনকে সতর্ক করে বলেছেন, পেলোসির তাইওয়ান সফর ‘আগুন নিয়ে খেলার সামিল হবে’।

চীনের এতসব হুমকি উপেক্ষা করে মঙ্গলবার রাতে তাইওয়ান যায় পেলোসি ও তার দল।

চীনও মঙ্গলবার রাত থেকেই তাইওয়ানের কাছে আকাশ ও সমুদ্রে সামরিক মহড়া শুরু করার কথা বলেছে। চীনের রাষ্ট্রীয় গণমাধ্যমের খবর বলা হচ্ছে, রোববার পর্যন্ত চলবে এ মহড়া।

পেলোসি তাইওয়ানে পৌঁছানোর আগে দিয়ে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ মঙ্গলবারই সাংবাদিকদের বলেছিলেন, এ সফর নিখাদ উস্কানি ছাড়া আর কিছু না।

রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা বলেন, পেলোসির সফরের মাধ্যমে ওয়াশিংটন চীনের উপর চাপ বাড়াচ্ছে।

‘‘যুক্তরাষ্ট্র এমন একটি দেশ যারা উস্কানি দিয়ে বেড়ায়। রাশিয়া চীনের ‘এক চায়না’ নীতিতে পূর্ণ সমর্থন দেয় এবং যে কোনওভাবেই তাইওয়ানের স্বাধীনতার বিরোধিতা করে।”