২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আলোচনায় বড্ড সময় নিচ্ছে ইরান, চড়া মূল্য দিতে হবে: ট্রাম্প

ইরান কেবল কথায় পটু, কাজে নয়। একটি চুক্তিতে পৌঁছাতে তারা অনেক সময় নষ্ট করেছে। এখন তাদেরকে মাশুল দিতে হবে- সামাজিক যোগাযোগমাধ্যমে বলেছেন মার্কিন প্রেসিডেন্ট।

আলোচনায় বড্ড সময় নিচ্ছে ইরান, চড়া মূল্য দিতে হবে: ট্রাম্প
ছবি: রয়টার্স

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jun 2026, 09:10 PM

Updated : 11 Sep 2026, 03:22 PM

একটি চুক্তিতে পৌঁছানোর জন্য আলোচনায় ইরান অনেক বেশি সময় নিয়ে ফেলেছে। এখন এর জন্য তাদেরকে ‘চড়া মূল্য দিতে হবে’ বলে হুশিয়ার করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। 

দুই দেশের মধ্যে হামলা-পাল্টা হামলা এবং একই সঙ্গে আলোচনা চালিয়ে যাওয়ার প্রচেষ্টার খবরের মধ্যেই বুধবার তিনি এই মন্তব্য করেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক পোস্টে ট্রাম্প লেখেন, “ইরান কেবল কথায় পটু, কাজে নয়। একটি চুক্তিতে পৌঁছানোর জন্য আলোচনায় তারা বড্ড বেশি সময় নষ্ট করে ফেলেছে। চুক্তি করে ফেলতে পারলে তাদের জন্য তা খুবই ভাল হতে পারত। এখন তাদেরকে এর জন্য চড়া মূল্য দিতে হবে!”

ফক্স নিউজকে দেওয়া আলাদা একটি সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, তেহরান যদি চুক্তি সই করতে রাজি না হয়, তবে তিনি ইরানের বিদ্যুৎ কেন্দ্র ও সেতুগুলোকে লক্ষ্যবস্তু করে নতুন হামলার নির্দেশ দেওয়ার পথেই এগুতে থাকবেন।

পরিস্থিতি সম্পর্কে অবগত একজন কর্মকর্তা রয়টার্সকে জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার পর একটি চুক্তি চূড়ান্ত করার উদ্দেশ্যে বুধবার সকালে কাতারের মধ্যস্থতাকারীরা তেহরান সফর করেছেন।

হরমুজ প্রণালির চারপাশে মার্কিন হামলার জবাবে বুধবার জর্ডান, কুয়েত ও বাহরাইনে থাকা যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিতে ইরানের সাম্প্রতিক হামলার বিষয়ে ট্রাম্পের কাছে জানতে চাওয়া হয়েছিল। 

জবাবে ট্রাম্প ফক্স নিউজকে বলেন, চুক্তি সই করে টিকে থাকার একটা সুযোগ ইরানের সামনে ছিল। কিন্তু আলোচনার ধীরগতির কারণে তিনি আরও হামলা চালিয়ে যাওয়ার কথা ভাবছেন।

তবে ট্রাম্পের এই পোস্ট কিংবা মধ্যস্থতাকারীদের সফরের বিষয়ে হোয়াইট হাউজের প্রতিনিধিদের সঙ্গে যোগাযোগ করা হলে তাৎক্ষণিকভাবে তাদের কোনো মন্তব্য পাওয়া যায়নি।