২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মিশরে গাজা শান্তি আলোচনায় যোগ দিচ্ছেন ট্রাম্পজামাতা কুশনার

মার্কিন বিশেষ দূত স্টিভ উইটকফ, কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুল রহমান আল থানি এবং তুরস্কের গোয়েন্দা সংস্থার প্রধানও আলোচনায় যুক্ত হবেন বলে খবর এসেছে।

মিশরে গাজা শান্তি আলোচনায় যোগ দিচ্ছেন ট্রাম্পজামাতা কুশনার
হোয়াইট হাউসে মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প ও ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর যৌথ সংবাদ সম্মেলনে ট্রাম্পজামাতা জ্যারেড কুশনার ও মার্কিন বিশেষ দূত স্টিভ উইটকফ। ফাইল ছবি। ছবি: রয়টার্স

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Oct 2025, 01:48 PM

Updated : 26 Aug 2026, 02:26 PM

মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার মিশরে ইসরায়েল ও হামাস প্রতিনিধিদের পরোক্ষ শান্তি আলোচনায় যোগ দিচ্ছেন। 

বুধবার তার পাশাপাশি মার্কিন বিশেষ দূত স্টিভ উইটকফও আলোচনায় যুক্ত হচ্ছেন বলে জানিয়েছে বিবিসি।

মঙ্গলবার ইসরায়েল-হামাস দ্বিতীয় দিনের পরোক্ষ আলোচনাও বলার মতো কোনো ফল ছাড়াই শেষ হওয়ার পর এ দুজন মিশর আসছেন, বলেছেন শান্তি আলোচনা সম্বন্ধে জ্ঞাত ঊর্ধ্বতন এক ফিলিস্তিনি কর্মকর্তা। 

ইসরায়েলিরা মঙ্গলবার হামাস-নেতৃত্বাধীন আক্রমণের দুই বছর পালন করেছে; তার মধ্যেই ট্রাম্প গাজা যুদ্ধ বন্ধে ইতিবাচক বার্তা দিয়েছেন। বলেছেন, “আমরা মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠা করতে পারবো এমন সম্ভাবনা দেখা যাচ্ছে।” 

আলোচনার অবস্থা নিয়ে কোনো মন্তব্য না করে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ইসরায়েলিদের বলেছেন, তারা ‘সিদ্ধান্ত ঠিক করার দিনগুলোতে’ আছেন।  

এক্সে দেওয়া পোস্টে নেতানিয়াহু বলেছেন, যুদ্ধ শুরুর সময় ইসরায়েল যেসব লক্ষ্য ঠিক করেছিল, তা অর্জনে কাজ চলবে।

“সব জিম্মিকে ফেরত আনা, হামাসের শাসন নিশ্চিহ্ন করা এবং গাজা আর কখনোই ইসরায়েলের জন্য হুমকি হবে না এই অঙ্গীকার নিশ্চিত করা,” বলেছেন তিনি।  

উইটকফ ও কুশনারের মঙ্গলবার স্থানীয় সময় সন্ধ্যার দিকে যুক্তরাষ্ট্র ছাড়ার কথা, বুধবার তারা মিশরে নামবেন, আলোচনা সংশ্লিষ্ট একটি সূত্র বিবিসিকে এমনটাই বলেছে।  

আলোচনায় কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুল রহমান আল থানিও যোগ দেবেন, বার্তা সংস্থা রয়টার্সকে এমনটাই বলেছেন এক কর্মকর্তা। 

আলোচনার অন্যতম গুরুত্বপূর্ণ মধ্যস্থতাকারী হিসেবে বিবেচিত আল থানির যোগ দেওয়ার লক্ষ্যই হচ্ছে ‘গাজা যুদ্ধবিরতি পরিকল্পনা ও জিম্মি মুক্তির চুক্তির পথে অগ্রসর হওয়া’, বলেছেন ওই কর্মকর্তা। 

তুরস্কের গোয়েন্দা সংস্থার প্রধানেরও থানির সঙ্গে যোগ দেওয়ার কথা রয়েছে। 

মঙ্গলবার সন্ধ্যার আলোচনা শুরু হয় স্থানীয় সময় ৭টার দিকে। গাজা থেকে সেনা প্রত্যাহার প্রক্রিয়া ও চুক্তির প্রথম ধাপের পর ইসরায়েল ফের যুদ্ধ শুরু করবে না হামাসের চাওয়া এমন নিশ্চয়তা নিয়ে মতবিরোধের কারণে সকালের অধিবেশনে কোনো ফল আসেনি, বিবিসিকে এমনটাই বলেছেন ঊর্ধ্বতন এক ফিলিস্তিনি কর্মকর্তা। 

“আলোচনা বেশ কঠিন হচ্ছে, এখনও কোনো সত্যিকারের ব্রেক থ্রু হয়নি, কিন্তু মধ্যস্থতাকারীরা দুই পক্ষের মধ্যে দূরত্ব কমিয়ে আনতে কঠোর পরিশ্রম করছেন,” বলেছেন তিনি।

এদিকে ট্রাম্প উদ্বেগ উড়িয়ে দিয়ে সাংবাদিকদের বলেছেন, “সবপক্ষ যেন চুক্তি মানে তা নিশ্চিত করতে আমরা সবকিছু করতে যাচ্ছি।”

এর আগে এক ফিলিস্তিনি কর্মকর্তা বলেছিলেন, হামাস ও ইসরায়েলের মধ্যে পরোক্ষ আলোচনায় মোট ৫টি বিষয় গুরুত্ব পাচ্ছে। এগুলো হল- স্থায়ী যুদ্ধবিরতি, ফিলিস্তিনি বন্দি ও গাজা থেকে আটকদের বিনিময়ে হামাসের হাতে জিম্মিদের মুক্তি, গাজা থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহার, মানবিক ত্রাণ সরবরাহের ব্যবস্থা এবং যুদ্ধবিরতি গাজার শাসনব্যবস্থা। 

হামাসের প্রধান আলোচক খলিল আল-হায়া মিশরের রাষ্ট্রসংশ্লিষ্ট আল কাহেরা নিউজ টিভিকে বলেছেন, তারা ‘গুরুতর ও দায়িত্বশীল আলোচনা করতে এসেছে’। 

গত মাসে কাতারের রাজধানী দোহায় ইসরায়েলি হামলা থেকে বেঁচে ফেরেন হায়া।

তিনি বলেন, হামাস একটি চুক্তি করতে প্রস্তুত, তবে যুদ্ধ বন্ধ হবে এবং পুনরায় শুরু হবে না এ বিষয়ে ট্রাম্প এবং আন্তর্জাতিক সম্প্রদায়কে ‘সত্যিকারের নিশ্চয়তা’ দিতে হবে।